অপো, হুয়াওয়ে, রেডমি ও অনরের মতো চীনা ব্র্যান্ডগুলো একই মাসে তাদের একাধিক নতুন পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে। ফ্ল্যাগশিপ স্মার্টফোন থেকে শুরু করে ফোল্ডেবল ট্যাবলেট এবং পরিধানযোগ্য প্রযুক্তি (ওয়্যারেবলস), সব মিলিয়ে এপ্রিলের ক্যালেন্ডার এখন কানায় কানায় পূর্ণ।
অপোর বিশাল লাইনআপ
সবচেয়ে বড় চমক নিয়ে আসছে অপো। প্রতিষ্ঠানটি এক মাসেই প্রায় অর্ধেক ক্যাটালগ বাজারে ছাড়ার পরিকল্পনা করেছে। এ তালিকার কেন্দ্রে রয়েছে ফ্ল্যাগশিপ ফোন ফাইন্ড এক্স৯ আল্ট্রা। গুঞ্জন রয়েছে, এতে ডুয়াল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। পাশাপাশি কিছুটা সাশ্রয়ী মূল্যে ফ্ল্যাগশিপের অভিজ্ঞতা দিতে থাকছে ফাইন্ড এক্স৯এস প্রো। মধ্যম বাজেটের গ্রাহকদের জন্য অপো আনছে কে১৪ সিরিজ। এছাড়া ট্যাবলেটপ্রেমীদের জন্য প্যাড ৫ প্রো এবং অ্যাকসেসরিজ হিসেবে ওয়াচ৩ মিনি ও এনকো ক্লিপ২ অডিও ডিভাইস বাজারে আসছে। এক মাসে ছয়টি ভিন্ন ক্যাটাগরির পণ্য আনা চীনা নির্মাতাদের জন্য বেশ উচ্চাভিলাষী এক পদক্ষেপ বলে মনে করছেন অনেকে।
হুয়াওয়ের ১৪ ইঞ্চির ফোল্ডেবল ট্যাবলেট
এপ্রিলের সবচেয়ে আলোচিত এবং ব্যতিক্রমী পণ্যটি নিয়ে আসছে হুয়াওয়ে। সাধারণত ফোল্ডেবল ডিভাইসগুলো ১২ ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ থাকলেও হুয়াওয়ে আনতে যাচ্ছে ১৪ ইঞ্চির বিশাল এক ফোল্ডেবল ট্যাবলেট। এটি মূলত ল্যাপটপের বিকল্প হিসেবে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি হুয়াওয়ে পিউরা এক্স২ এবং পিউরা ৯০ স্মার্টফোন সিরিজও উন্মোচন করবে। নতুন হার্ডওয়্যারের সঙ্গে হারমোনি ওএসের নতুন সংস্করণ যুক্ত করে হুয়াওয়ে নিজেদের শক্তিশালী ইকোসিস্টেমের জানান দিচ্ছে।
রেডমি ও অনরের প্রস্তুতি
পারফরম্যান্স প্রিয় গ্রাহকদের জন্য রেডমি নিয়ে আসছে কে৯০ এক্সট্রিম এডিশন। সাশ্রয়ী দামে শক্তিশালী প্রসেসর বা উন্নত কুলিং সিস্টেমের জন্য পরিচিত এ সিরিজের নতুন ফোনটি ফ্ল্যাগশিপ কিলার (প্রিমিয়াম বা দামি ফোনের সমান শক্তিশালী পারফরম্যান্স দেয়া) হিসেবে আবির্ভূত হতে পারে। স্মার্টফোনের পাশাপাশি কে প্যাড২ ট্যাবলেটটিও একই সময় বাজারে ছাড়বে রেডমি। অন্যদিকে অনরও এ সময় ম্যাজিক প্যাড৪ ট্যাবলেট এবং ম্যাজিকবুক প্রো ২০২৬ ল্যাপটপ নিয়ে ব্যস্ত থাকবে। অন্য ব্র্যান্ডগুলো স্মার্টফোনের দিকে বেশি মনোযোগ দিলেও অনর মূলত ট্যাবলেট ও ল্যাপটপ বাজারে নিজেদের আধিপত্য ধরে রাখতে চাইছে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। খবর ও ছবি গিজচায়না










