দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে সয়াবিন আবাদ বেড়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে ২০২৩-২৪ মৌসুমে দশমিক ৬ শতাংশ জমিতে তেলবীজটি চাষ করা হয়েছে। ২০২২-২৩ মৌসুমের একই সময়ে এর পরিমাণ ছিল দশমিক ৪ শতাংশ। এ হিসাবে এ বছর সয়াবিন আবাদি জমির পরিমাণ দশমিক ২ শতাংশ বেড়েছে। কৃষি ব্যবসাবিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান এগ্রুরাল গতকাল এ তথ্য জানিয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
ব্রাজিলের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী রাজ্যগুলো হচ্ছে মাতো গ্রোসোতে, রন্ডোনিয়া ও পারানা। এগ্রুরাল জানিয়েছে, এসব রাজ্যে তেলবীজটির আবাদ আগের চেয়ে বেড়েছে। পরামর্শদাতা প্রতিষ্ঠানটির তথ্যমতে, গোয়াস ও মাতো গ্রোসো ডো সুলে এরই মধ্যে কিছু জমিতে ফসল কাটা চলছে। তবে এখন পর্যন্ত অধিকাংশ জমিতে ফসল কাটা শুরু হয়নি।
এগ্রুরাল বলেছে, মাতো গ্রোসোতে বেশির ভাগ সময় জমিগুলোয় আর্দ্রতার অভাব ছিল। কিন্তু এখন ফসল সংগ্রহের মৌসুমে কিছু এলাকায় বৃষ্টিপাত হওয়ায় ফসল কাটা সমস্যার মুখে পড়েছে। জানুয়ারিতে ঘন ঘন বৃষ্টি হওয়ায় এ সমস্যা বেড়েছে।
ব্রাজিল বিশ্বের শীর্ষ সয়াবিন রফতানিকারক ও উৎপাদক। গরম ও শুষ্ক আবহাওয়া সত্ত্বেও ২০২৩-২৪ বিপণন মৌসুমে ১৬ কোটি ২৪ লাখ ২০ হাজার টন সয়াবিন উৎপাদনের প্রত্যাশা করছে ব্রাজিল ক্রপ এজেন্সি (কোনাব)। এল নিনো আবহাওয়ার প্রভাবের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, শীর্ষ সয়াবিন উৎপাদনকারী মাতো গ্রোসোসহ বেশকিছু অঞ্চলে সময়মতো বৃষ্টি না হওয়ায় এবং উচ্চ তাপমাত্রার কারণে সয়াবিন রোপণ ব্যাহত হয়েছে। বৈরী আবহাওয়ায় কিছু অঞ্চলে পুনরায় বীজ রোপণ করতে হয়েছে। কিছু অঞ্চলে অতিরিক্ত বৃষ্টির কারণেও ফলন কিছুটা কমার আশঙ্কা রয়েছে। যেমন দক্ষিণাঞ্চলে অত্যধিক বৃষ্টিপাত সয়াবিন রোপণ কার্যক্রমকে বিলম্বিত করেছে।










