ভারতে সেপ্টেম্বরে সব ধরনের জ্বালানি চাহিদা কমেছে। আগস্টের চেয়ে মাসটিতে জ্বালানির ব্যবহার ২ শতাংশ নিম্নমুখী ছিল। চলতি সপ্তাহে দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস সেল (পিপিএসি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।

ভারতে আগস্টে জ্বালানি ব্যবহারের মোট পরিমাণ ছিল ১ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টন। সেপ্টেম্বরে তা কমে নেমেছে ১ কোটি ৮১ লাখ ৮০ হাজার টনে। এক মাসের ব্যবধানে জ্বালানি ব্যবহার কমেছে ৩ লাখ ৯০ হাজার টন। তবে ২০২২ সালের একই সময়ের তুলনায় সেপ্টেম্বরে ব্যবহার বেড়েছে ৭ দশমিক ৬ শতাংশ।

পেট্রলের চাহিদাও নিম্নমুখী। পিপিএসির তথ্যমতে, আগস্টে জ্বালানিটির বিক্রির পরিমাণ ছিল ৩০ লাখ ৬০ হাজার টন। সেপ্টেম্বরে তা কমেছে ১ দশমিক ১ শতাংশ। একই সময়ে বাণিজ্যিকভাবে যাত্রীবাহী যানবাহন ও ট্রাকে বহুল ব্যবহৃত জ্বালানি ডিজেলের ব্যবহার কমেছে ২ দশমিক ৭ শতাংশ। আগস্টে ৬৪ লাখ ৯০ হাজার টন ডিজেল বিক্রি হয়েছে ভারতে।

তবে রান্নার গ্যাস বা তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের বিক্রি বেড়েছে ৩ দশমিক ৭ শতাংশ। সেপ্টেম্বরে গ্যাসের বিক্রির পরিমাণ ছিল ২৫ লাখ ৫০ হাজার টন। একই সময়ে ন্যাফথা বিক্রির পরিমাণ ১১ দশমিক ৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০ লাখ টনে। রাস্তা তৈরিতে ব্যবহৃত বিটুমিনের বিক্রি আগস্ট থেকে ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। অন্যদিকে, জ্বালানি তেলের ব্যবহার সেপ্টেম্বরে ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে।