চলতি বছরের প্রথম প্রান্তিকে সৌদি আরবের জিডিপি ৩ দশমিক ৮ শতাংশ সম্প্রসারণ হয়েছে। জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিকস (জিএএসটিএটি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। খবর অ্যারাবিয়ান বিজনেস।
জিএএসটিএটির প্রতিবেদনে ২০২৩ সালের প্রথম প্রান্তিকে বিভিন্ন খাতে সৌদি আরবের প্রবৃদ্ধির হিসাব তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লিখিত তথ্যানুসারে, চলতি বছরের প্রথম প্রান্তিকে জ্বালানি তেলবহির্ভূত পণ্যের ব্যবসায় ২০২২ সালের প্রথম প্রান্তিকের তুলনায় ৫ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। আর গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে সরকারি কর্মকাণ্ড ৪ দশমিক ৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে জ্বালানি তেলের ব্যবসায় ১ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে প্রতিবেদন থেকে জানা যায়, সৌদি আরবের প্রকৃত জিডিপি কমেছে। ২০২২ সালের চতুর্থ প্রান্তিকের তুলনায় চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির প্রকৃত জিডিপি ১ দশমিক ৪ শতাংশ কমেছে।
সৌদি আরবের পরিসংখ্যান জানার জন্য একমাত্র অফিশিয়াল সূত্র হলো জিএএসটিএটি। যাবতীয় পরিসংখ্যানের কাজ সংস্থাটিই করে। মাঠ জরিপ, পরিসংখ্যানগত গবেষণা, তথ্য বিশ্লেষণ করার মাধ্যমে ফল প্রকাশ করে সৌদি আরবের সরকারি এ সংস্থা।










