জেনেটিক্যালি মডিফাইড গোল্ডেন রাইস বাণিজ্যিকভাবে ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিয়েছে ফিলিপাইন সরকার। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে মাঠপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষার পর বুধবার এ অনুমোদন দেয়া হয়। খবর রয়টার্স ও ব্যাংকক পোস্ট।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বৈশ্বিক চাল আমদানিতে অন্যতম শীর্ষস্থানীয়। আমদানিনির্ভরতা কমিয়ে আনতে দেশটি নতুন জাতের এ চাল উদ্ভাবন করেছে। ভিটামিন ‘এ’-এর ঘাটতি রোধেও সহায়ক ভূমিকা রাখবে এ চাল।

ফিলিপাইনভিত্তিক আন্তর্জাতিক চাল গবেষণা ইনস্টিটিউট (আইআরআরআই) গোল্ডেন রাইস উদ্ভাবনে সহায়তা করেছে। সংস্থাটি জানায়, বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে ভিটামিন ‘এ’-এর উৎস বিটা ক্যারোটিন-সমৃদ্ধ নতুন জাতের এ চাল আবাদ ও বাণিজ্যিক ব্যবহারের অনুমোদন দিয়েছে ফিলিপাইন।

ফিলিপাইনের কৃষি বিভাগ ও চাল গবেষণা ইনস্টিটিউট (ফিলরাইস) এক বিবৃতিতে জানায়, গত মাসে গোল্ডেন রাইসকে স্বাস্থ্যগত সুরক্ষার আনুষ্ঠানিক ছাড়পত্র দেয়া হয়। এর মাধ্যমে বাণিজ্যিক ব্যবহারের প্রাথমিক অনুমোদন পায় গোল্ডেন রাইস। গত বুধবার চূড়ান্ত অনুমোদন লাভ করে নতুন জাতের এ চাল।