বাজার চাহিদা খুব বেশি না বাড়লেও দুই সপ্তাহ ধরে রাশিয়ার গমের দাম কিছুটা ঊর্ধ্বমুখী যাচ্ছে। কৃষি পরামর্শদাতা প্রতিষ্ঠান আইকেএআরের প্রতিবেদন বলছে, ফেব্রুয়ারিতে ফ্রি-অন-বোর্ড (এফওবি) সরবরাহ চুক্তিতে ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিন-সমৃদ্ধ প্রতি টন রাশিয়ান গমের দাম দাঁড়িয়েছে ২৪৪ ডলারে, যা দুই সপ্তাহের আগের দরের চেয়ে ১ ডলার বেশি। খবর বিজনেস রেকর্ডার।

আইকেএআরের প্রধান দিমিত্রি রিলকো বলেন, ‘চাহিদা তুলনামূলকভাবে কম ছিল। তা সত্ত্বেও দাম উচ্চ স্তরেই রয়েছে। তবে মধ্য রাশিয়া ও ভলগা অঞ্চলের শীতকালীন ফসলের ওপর তীব্র তুষারপাতের প্রভাব এখনো বাজারে বিবেচনা করা হয়নি।’ তিনি আরো বলেন, ‘ঝড়ো আবহাওয়ার কারণে কৃষ্ণ সাগর বন্দর থেকে শস্য রফতানি বেশ কমে গিয়েছিল। এখনো তা উল্লেখযোগ্য হারে বাড়েনি।

আইকেএআর জানিয়েছে, ফ্রি-অন-বোর্ড চুক্তিতে সূর্যমুখী তেলের রফতানি মূল্য টনপ্রতি ৭৮০ ডলারে স্থির রয়েছে। দুই সপ্তাহ আগেও একই দামে বিক্রি হয়েছে উদ্ভিজ্জ তেলটি।

কৃষি পরামর্শদাতা প্রতিষ্ঠান সোভেকন প্রাক্কলন মতে, ডিসেম্বরে রাশিয়া থেকে গম রফতানি আগের বছরের একই মাসের তুলনায় কমেছে। ২০২২ সালের ডিসেম্বরে ৪১ লাখ টনের স্থলে ২০২৩ সালে খাদ্যশস্যটির রফতানি ৩৭ লাখ টনে নামার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

রয়টার্স জানিয়েছে, চলতি বছর মোট ২ কোটি ৪০ লাখ টন শস্য রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মস্কো, যা ২০২৩ সালের ২ কোটি ৫৫ লাখ টন থেকে কম।