যমুনা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের সব বিভাগীয় প্রধানদের অংশগ্রহণ আর্থিক অন্তর্ভুক্তি ও সাক্ষরতাবিষয়ক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ফাইন্যান্সিয়াল লিটারেসি: পলিসি গাইডলাইনস ফ্রম বাংলাদেশ ব্যাংক’ শীর্ষক এ আয়োজনের উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. আব্দুস সালাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন। এ সময় তিনি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার গুরুত্ব এবং গ্রাহকদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে আর্থিক সাক্ষরতার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্ধারিত সর্বশেষ নীতিমালা কীভাবে মাঠ পর্যায়ে কার্যকর করা যায়, সে বিষয়ে যমুনা ব্যাংকের বিভাগীয় প্রধানদের দিকনির্দেশনা দেন।

অনুষ্ঠানে যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নূর মোহাম্মদ, একেএম আতিকুর রহমান, মো. শাহীদুল ইসলাম ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।