ধসের মুখে পড়েছে চীনের স্বর্ণ উত্তোলন। চলতি বছরের প্রথমার্ধে মূল্যবান ধাতুটির উত্তোলন ১০ দশমিক ১৮ শতাংশ কমেছে। চায়না গোল্ড অ্যাসোসিয়েশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিষ্ঠানটির দেয়া তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি-জুন পর্যন্ত চীন সব মিলিয়ে ১৫২ দশমিক ৭৫ টন স্বর্ণ উত্তোলন করে। গত বছরের একই সময়ের তুলনায় উত্তোলন লক্ষ্যণীয় মাত্রায় কমেছে। সম্প্রতি চীনের কয়েকটি কয়লা ও স্বর্ণ খনিতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বিশেষ করে চলতি বছরের প্রথমার্ধে স্যাংডং রাজ্যের দুটি স্বর্ণ খনিতে দুর্ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়। এর পর থেকেই খনিজ সম্পদ উত্তোলন খাতে চরম উদ্বেগ বিরাজ করছে। ফলে কয়লার পাশাপাশি স্বর্ণ খনিতেও শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতের লক্ষ্যে পর্যবেক্ষণ কর্মসূচি গ্রহণ করে চীন সরকার। এক্ষেত্রে নানা বিধিনিষেধও আরোপ করা হয়। এটি দেশটির সামগ্রিক স্বর্ণ উত্তোলনে নেতিবাচক প্রভাব ফেলেছে।
গোল্ড অ্যাসোসিয়েশন জানায়, স্যাংডং রাজ্যের সব স্বর্ণ খনিতে উত্তোলন কর্মকাণ্ড বন্ধ রয়েছে। এসব খনিতে স্বর্ণ উত্তোলনসংক্রান্ত সুরক্ষা ব্যবস্থা যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়টিকেই স্বর্ণ উত্তোলন হ্রাসের মূল কারণ হিসেবে দেখছে গোল্ড অ্যাসোসিয়েশন।
এদিকে উত্তোলন কমলেও চীনে বেড়েছে স্বর্ণের ব্যবহার। চলতি বছরের প্রথম ছয় মাসে মূল্যবান ধাতুটি ব্যবহারের পরিমাণ দাঁড়িয়েছে ৫৪৭ দশমিক ৫ টনে। গত বছরের একই সময়ের তুলনায় ব্যবহার ৬৯ দশমিক ২১ শতাংশ বেড়েছে। বছরের দ্বিতীয়ার্ধেও ব্যবহার বাড়ার পূর্বাভাস দিয়েছে গোল্ড অ্যাসোসিয়েশন।










