সাউথইস্ট ইউনিভার্সিটির স্প্রিং ২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়েছে। নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং তাদের একাডেমিক পথচলা সহজ করতে এ আয়োজন করা হয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক স্কুলের উদ্যোগে এ আয়োজন করা হয়। পুরো কার্যক্রম দুটি পৃথক সেশনে সম্পন্ন হয়। দুইটি সেশনেই সভাপতিত্ব করেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।

উদ্বোধনী সেশনে অংশ নেন আর্কিটেকচার, ইইই, সিএসই, টেক্সটাইল, আইসিটি ও ফার্মেসি বিভাগের নবীন শিক্ষার্থীরা। এ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ ফৈয়াজ খান।

একই দিনে অনুষ্ঠিত দ্বিতীয় সেশনে এসবিএস, এসএএসএস ও এসএল বিভাগের নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়। দুইটি সেশনেই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা, নিয়মকানুন ও একাডেমিক পরিবেশ সম্পর্কে ধারণা দেয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের নিজ নিজ বিভাগ ও বর্তমান অবস্থানকে আন্তরিকভাবে গ্রহণ করার আহ্বান জানান। তারা শিক্ষার্থীদের বলেন, সর্বোচ্চ চেষ্টা ও মনোযোগ দিয়ে পড়াশোনায় এগিয়ে গেলে সাফল্য অর্জন সম্ভব। পাশাপাশি জীবনের কোনো পর্যায়েই ব্যক্তিগত উন্নয়ন থামিয়ে রাখা উচিত নয় বলেও তারা উল্লেখ করেন। সব সময় নিজেকে প্রস্তুত রাখলে নতুন সুযোগ কাজে লাগানো সহজ হয় বলে বক্তারা জানান।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মোফাজ্জল হোসেন এবং রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম। এছাড়া সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ নবীনবরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল নতুন শিক্ষার্থীদের সাউথইস্ট ইউনিভার্সিটির একাডেমিক পরিবেশ ও প্রাতিষ্ঠানিক মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া। একই সঙ্গে এটি শিক্ষার্থীদের জন্য একটি প্রাণবন্ত ও সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় জীবনের শুভ সূচনা হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।

—বিজ্ঞপ্তি