দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেড়েছে পেঁয়াজের দাম। আমদানি কমায় ভোগ্যপণ্যটির বাজার উর্ধ্বমুখী হয়ে উঠেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। শুক্রবার একদিনের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজি পেঁয়াজ ৩-৪ টাকা বেশি দামে বিক্রি হয়েছে।
জানা গিয়েছে, একদিন আগেও বন্দরে আমদানি করা ইন্দোর জাতের প্রতি কেজি পেঁয়াজ ২৩-২৫ টাকায় বিক্রি হয়। বর্তমানে তা বেড়ে ২৭-২৮ টাকায় উন্নীত হয়েছে। এদিকে আবারো পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন পাইকাররা।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি অব্যাহত থাকলেও আগের তুলনায় আমদানি কিছুটা কমেছে। আগে বন্দর দিয়ে ২৫-৩০ ট্রাক পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা কমতে কমতে ১০-১৫ ট্রাকে নেমেছে। বৃহস্পতিবার বন্দর দিয়ে ১৫ ট্রাকে ৪৩৬ টন পেঁয়াজ আমদানি হয়েছে।










