থাইল্যান্ডে চিনি উৎপাদন ২৫ শতাংশ কমে যেতে পারে। ২০২২-২৩ মৌসুমের তুলনায় ২০২৩-২৪ মৌসুমে উৎপাদন নামতে পারে ৮০-৮৫ লাখ টনে। দেশটির চিনি ও আখ বোর্ড (এসসিবি) সম্প্রতি এমন পূর্বাভাস দিয়েছে। খবর রয়টার্স।
এসসিবির উপসচিব ভিরিট ভিসেশসিন্থ রয়টার্সকে বলেছেন, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এলনিনোর প্রভাবে দেশটিতে শুষ্ক অবস্থা বিরাজ করবে। ফলে আখ উৎপাদন ব্যাহত হবে, যা চিনিসহ অন্য খাদ্যশস্যের ফলন কমিয়ে দেবে।
থাইল্যান্ডের চিনি বোর্ড এসসিবির তথ্য বলছে, ২০২৩ সালে দেশটিতে মোট ১ কোটি ১০ লাখ ৫০ হাজার টন চিনি উৎপাদন হয়েছে। এর মধ্য থেকে আন্তর্জাতিক বাজারে ৭৬ লাখ ৪০ হাজার টন চিনি রফতানি করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এলনিনোর প্রভাবে ২০২৪ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয় কৃষি উৎপাদন ব্যাহত হবে। বিশ্বের দ্বিতীয় শীর্ষ চিনি রফতানিকারক ভারত এরই মধ্যে ভোগ্যপণ্যটির রফতানি নিষিদ্ধ করেছে।
দেশটির শীর্ষ চিনি উৎপাদনকারী দুই রাজ্য কর্ণাটক ও মহারাষ্ট্রে আখ চাষ উল্লেখযোগ্য হারে কমেছে। এর প্রভাবে ২০২৫ সাল নাগাদ আমদানির পথে হাঁটতে হতে পারে এত বছরের শীর্ষস্থানীয় এ রফতানিকারক দেশটির।










