গত আগস্ট মাসে দেশে ৩৯১ কোটি ৫০ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। গত বছরের আগস্টের তুলনায় যা ২ দশমিক ৯৩ শতাংশ কম। ২০২৪ সালের আগস্টে ৪০৩ কোটি ৩১ লাখ ৯০ হাজার ডলারের পণ্য রফতানি হয়েছিল।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে ইপিবি জানিয়েছে, অর্থবছরের শুরুতে রফতানি পারদর্শিতায় দৃঢ়তা দেখাচ্ছে। তবে বিশ্ববাজারে চাহিদার ওঠানামা ও পরিবর্তনশীল বাজার পরিস্থিতি বাংলাদেশের রফতানি খাতের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশের রফতানি হয়েছে ৮ দশমিক ৬৯ বিলিয়ন ডলারের। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৬১ শতাংশ বেশি।