আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) স্প্রিং ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের জন্য নবীন বরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিভাগের নতুন শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের সঙ্গে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান নাদিয়া আনোয়ার। এ সময় তিনি নবীন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উদ্দেশে বক্তব্য দেন। বক্তব্যে তিনি শৃঙ্খলা, নিষ্ঠা ও সৃজনশীলতা বজায় রেখে শিক্ষাজীবন শুরু করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি এআইইউবিতে শিক্ষার্থীদের একাডেমিক পথচলার জন্য উৎসাহ জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান। উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক ড. তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অ্যাডভাইজার ও ডিন ইনচার্জ অধ্যাপক ড. আনোয়ার হোসেন, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. এবিএম সিদ্দিক হোসেন এবং ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন সিনিয়র অ্যাসোসিয়েট অধ্যাপক মশিউর রহমান।
এছাড়া অনুষ্ঠানে প্রক্টর অধ্যাপক ড. মঞ্জুর এইচ খানসহ বিভিন্ন অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং বিশ্ববিদ্যালয় জীবনে দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানের এক পর্যায়ে অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্সের প্রতিনিধিরা শিক্ষার্থীদের জন্য একটি তথ্যভিত্তিক সেশন পরিচালনা করেন। এতে শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক বিষয় সম্পর্কে ধারণা দেয়া হয়।
নবীন বরণ অনুষ্ঠানে এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এই আয়োজনের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় জীবনের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
—বিজ্ঞপ্তি










