চকোলেটের আকৃতি অনুকরণের অভিযোগে যুক্তরাজ্যের একটি ভিগান ব্র্যান্ডের বিরুদ্ধে মামলা করেছে মন্ডেলেজ ইন্টারন্যাশনাল। সুইজারল্যান্ডের জনপ্রিয় চকোলেট ব্র্যান্ড টোবলারোনের স্বত্বাধিকারী এ প্রতিষ্ঠানের অভিযোগ, ক্যাথরিনস অরিজিনালস টোবলারোনের নকশা অনুকরণ করেছে। এ ঘটনায় লন্ডনের হাইকোর্টে ট্রেডমার্ক লঙ্ঘনের অভিযোগে মামলা করেছে মন্ডেলেজ।

মামলাটি মূলত ক্যাথরিনস অরিজিনালসের ‘ও’বার নামের চকোলেটকে কেন্দ্র করে। এর প্রতিটি খণ্ডের ওপর গোলাকার অর্ধ ডিম্বাকৃতির উঁচু অংশ রয়েছে। মন্ডেলেজের দাবি, এ নকশা টোবলারোনের স্বতন্ত্র ত্রিভুজাকৃতির খণ্ডগুলোর সঙ্গে সাদৃশ্যপূর্ণ, যা ১৯২৯ সাল থেকে ব্র্যান্ডটির অন্যতম বৈশিষ্ট্য।

তবে অভিযোগ অস্বীকার করেছে ক্যাথরিনস অরিজিনালস। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ক্যাথরিন ডড জানান, তাদের চকোলেটের আকৃতি ‘অরিজিনালস’ শব্দের প্রথম অক্ষর ‘ও’-এর আদলে তৈরি। নিজেদের পণ্যের স্বতন্ত্র পরিচিতি রক্ষায় তারা আইনি লড়াই চালিয়ে যাবেন। ২০২১ সালে ডড ক্যাথরিনস অরিজিনালস প্রতিষ্ঠা করেন। ইংল্যান্ডের সাসেক্সের ওয়ালবার্টনে তাদের চকোলেট তৈরি হয়। এসব পণ্য বিক্রি করা হয় স্থানীয় বাজার, অনলাইন ও গ্রাহকভিত্তিক সাবস্ক্রিপশন ব্যবস্থায়।

ডড জানান, ছোট একটি প্রতিষ্ঠান হিসেবে এমন আইনি পদক্ষেপ তাদের জন্য উদ্বেগের। তবে দীর্ঘ পরিশ্রমে গড়ে তোলা পণ্যের নকশা ও পরিচিতি রক্ষায় তারা পিছপা হবেন না।

প্রতিষ্ঠানটির আইনজীবী স্টিফেন লোরিও বলেছেন, ও’বারের নিজস্ব স্বতন্ত্র নকশা রয়েছে।

২০০ গ্রাম ওজনের ও’বারের সাধারণ দুধ ও ডার্ক চকোলেটের দাম ৯ দশমিক ২০ পাউন্ড। বিশেষ স্বাদের চকোলেটের দাম ১০ দশমিক ৫৫ পাউন্ড পর্যন্ত। অন্যদিকে সাধারণ দুধের টোবলারোনের দাম ২ দশমিক ৫০ পাউন্ড।

মন্ডেলেজ বলেছে, টোবলারোনের আকৃতি বিশ্বজুড়ে পরিচিত এবং ব্র্যান্ডটির অন্যতম প্রধান বৈশিষ্ট্য। কয়েক মাস ধরে সরাসরি আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর চেষ্টা করেও সমঝোতা হয়নি।

এর আগে ২০১৭ সালে যুক্তরাজ্যের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান পাউন্ডল্যান্ডের ‘টুইন পিকস’ চকোলেট নিয়েও আপত্তি তুলেছিল মন্ডেলেজ। আইনি সতর্কতার পর প্যাকেটের রঙ ও চকোলেটের আকৃতি পরিবর্তন করে পণ্যটি বাজারে আনে পাউন্ডল্যান্ড।

খবর দ্য গার্ডিয়ান