দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে কেনিয়া। এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে পানীয় পণ্য কফি। দক্ষিণ এশিয়ার দেশটির কফিবাজারে নিজেদের অবস্থান শক্ত করতে কাজ করছে কেনিয়া। খবর দ্য স্টার

কেনিয়ার শিল্পায়ন বিষয়ক মন্ত্রিপরিষদ সচিব ব্যটি মেইনা জানান, দক্ষিণ কোরিয়ায় কেনিয়ান কফির আকর্ষণীয় বাজার রয়েছে। সম্প্রতি দক্ষিণ কোরিয়া কেনিয়া থেকে ১০-১১ টন কফি ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, দক্ষিণ কোরিয়ার সিউলে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে চার দিনব্যাপী দশম কফি এক্সপো-২০২১। এতে অংশ নিয়ে কেনিয়ান কফির প্রতি দক্ষিণ কোরিয়ার আগ্রহের কথা জানতে পেরেছি। তাত্ক্ষণিকভাবে দেশটি ১১ টন কফি আমদানির অভিপ্রায় প্রকাশ করেছে।

কেনিয়ান কফির ওপর আরোপিত ৮ শতাংশ শুল্ক প্রত্যাহার অথবা হ্রাসের ব্যাপারেও কোরিয়ান সরকারের সঙ্গে আলোচনা করেছে কেনিয়ার শিল্পায়ন বিষয়ক মন্ত্রণালয়ের সংশ্লিষ্টরা। মেইনা বলেন, শুল্ক প্রত্যাহার বা হ্রাস করা হলে দক্ষিণ কোরিয়ায় কফি রফতানি আরো বাড়বে। বর্তমানে দেশটিতে ১২ শতাংশ কফি রফতানি করে কেনিয়া।

মন্ত্রিপরিষদ সচিব আরো বলেন, কোরিয়া সফরকালে দেশটির বিভিন্ন কোম্পানি কেনিয়ায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি ও বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল খাতে বিনিয়োগের ইচ্ছা রয়েছে তাদের।