স্থাপত্য জগতে নরমান ফস্টারকে এ সময়ের অন্যতম সেলিব্রিটি ধরা হয়। সম্প্রতি তিনি ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের একটি অফিস টাওয়ারের পরিকল্পনা সামনে এনেছেন। নাম দিয়েছেন ‘দ্য স্টার’। একগুচ্ছ প্যাঁচানো বারান্দা এ ভবনকে সর্পিলাকার অবয়ব দেবে, যা সম্প্রতি অবমুক্ত হওয়া নকশায় ফুটে উঠেছে। গত সপ্তাহে চোখ ধাঁধানো নকশাটি শহর কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছেন নরমান ফস্টার। হলিউডের সানসেট বুলভার্ডের দুই একর জমির ওপর নির্মিত হবে ২২ তলার এ ভবন। যা মার্কিন বিনোদন খাতে নতুন একটি স্মারক হয়ে উঠতে পারে। ব্রিটিশ স্থাপত্য সংস্থা ফস্টার প্লাস পার্টনার্স আনুষ্ঠানিকভাবে ‘দ্য স্টার’-এর ডিজিটাল চিত্র তুলে ধরে। হাল আমলে পরিবেশ সচেতনতার সঙ্গে মিল রেখে টাওয়ারটি ডিজাইন করা হয়েছে। দেখে মনে হবে ইট-পাথরের ভবন নয়, যেন রূপকথার ঝুলন্ত এক বাগান বাড়ি। মডার্ন অফিস স্পেসকে প্রকৃতিবান্ধব গড়ন দেয়ার পাশাপাশি খুব সুন্দরভাবে সাজানো থাকবে এ ভবনের আউটডোর ডেক। এখন থেকে দেখা যাবে হলিউডের সবুজ পাহাড় ও বিখ্যাত ‘হলিউড’ সাইন। ফস্টার প্লাস পার্টনার্সের মতে, ভবনটি ভবিষ্যৎ কর্মক্ষেত্রের ধারণার সত্যিকারের প্রতিফলন হয়ে উঠবে। ধারণা করা হচ্ছে, দ্য স্টার মার্কিন বিনোদন জগতের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠবে। সে হিসেবে এখানে নিত্য চলবে সেরা কনটেন্ট ক্রিয়েটরদের আনাগোনা। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে প্রডাকশন স্পেস, গ্যালারি, থিয়েটার, রুফটপ রেস্টুরেন্ট ও কমিউনিটি স্পেস। ২০১৯ সালে ৫ লাখ ২৫ হাজার বর্গফুটের দ্য স্টারের পরিকল্পনা প্রথমবার সামনে আনা হয়। তখন নকশা করে নামি চীনা সংস্থা এমএডি আর্কিট্যাক্ট। এখন নরমান ফস্টারের ডিজাইন অনুযায়ী ২০২৬ সালে শুরু হবে দ্য স্টারের নির্মাণ, শেষ হবে ২০২৯ সালে। খবর সিএনএন ও ছবি নরমান প্লাস পার্টনার্স
লস অ্যাঞ্জেলেসে নির্মাণ হচ্ছে বিলিয়ন ডলারের দ্য স্টার
স্থাপত্য জগতে নরমান ফস্টারকে এ সময়ের অন্যতম সেলিব্রিটি ধরা হয়। সম্প্রতি তিনি ১ বিলিয়ন বা ১০০ কোটি ডলারের একটি অফিস টাওয়ারের পরিকল্পনা সামনে এনেছেন।










