দেশের বাজারে সরবরাহ বাড়াতে বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। ফলে মাত্র একদিনের ব্যবধানেই দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৪০ টাকা। দাম কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে।

সরেজমিন হিলি বাজার ঘুরে দেখা গেছে, সব দোকানেই আগের তুলনায় সরবরাহ বেশি। ফলে দামও খানিকটা কম। একদিন আগেও প্রতি কেজি কাঁচামরিচ ১৬০ টাকায় বিক্রি হয়েছে। গতকাল তা কমে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

হিলি বাজারে কাঁচামরিচ কিনতে আসা মোহাব্বত আলী বলেন, কয়েক দিন আগে যে কাঁচামরিচ আমরা ৫০-৬০ টাকা কেজি কিনলাম, সেই কাঁচামরিচ কয়েকদিনের ব্যবধানে বেড়ে ১৬০ টাকায় উঠে গিয়েছিল। এমন অবস্থায় কাঁচামরিচ কেনা মুশকিল হয়ে গিয়েছিল। আগে যেখানে এক কেজি কাঁচামরিচ কিনতাম, সেখানে ২৫০ গ্রাম কিনতে হচ্ছে। তবে একদিনের ব্যবধানে দাম কিছুটা কমতে শুরু করেছে। দাম আগের মতো অবস্থায় ফিরলে আমাদের জন্য সুবিধা হবে।

হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা মনতাজ আলী বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে অনাবৃষ্টি ও অতিবৃষ্টির কারণে কাঁচামরিচের উৎপাদন ব্যাহত হয়েছে। এ কারণে বাজারে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। প্রতিদিনই মোকামে কাঁচামরিচের দাম বাড়ছিল। বর্তমানে শুধু নওগাঁ অঞ্চলে কাঁচামরিচের উৎপাদন অব্যাহত রয়েছে। সেখান থেকে কাঁচামরিচ নিয়ে এসে বাজারে সরবরাহ করা হচ্ছে। তবে কয়েক দিনের তুলনায় মোকামে কাঁচামরিচের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। এছাড়া বিভিন্ন স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ার খবরে মোকামে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বিনা জানান, দেশে হঠাৎ করে কাঁচামরিচের সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়ে বাজার অস্থিতিশীল হয়ে ওঠে। এমন অবস্থায় দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে আমরা ভারত থেকে কাঁচামরিচ আমদানির প্রস্তুতি নিয়েছি। ভারতে কাঁচামরিচের দাম অনেকটা কম। এটি দেশের বাজারে এলে দাম কমে আসবে। এরই মধ্যেই কাঁচামরিচ আমদানির জন্য সরকার ইমপোর্ট পারমিট (আইপি) দেয়ায় বিভিন্ন আমদানিকারক বেনাপোলসহ অন্যান্য বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু করেছেন, এমন খবরে বাজারে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। তবে আমরা হিলি স্থলবন্দরের আমদানিকারকরা এখনো কাঁচামরিচ আমদানির আইপি পাইনি। এ কারণে এলসি খুলতে পারছি না। তবে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। দু-একদিনের মধ্যেই আইপি পেয়ে যাব। হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি শুরু হলে দেশের বাজারে দাম আরো কমে আসবে।