চীনে চলতি বছর রেকর্ড সর্বোচ্চ প্রাকৃতিক গ্যাস রফতানি করতে পারে রাশিয়া। রফতানির পরিমাণ পৌঁছতে পারে চার হাজার কোটি ঘনমিটারে। মঙ্গলবার রাশিয়া-চায়না এনার্জি ফোরামে দেয়া বক্তৃতায় এ তথ্য জানিয়েছেন রাশিয়ার অয়েল জায়ান্ট কোম্পানি রোসনেফটের প্রধান ইগর সেচিন। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস।
বক্তৃতায় সেচিন বলেন, ‘চলতি বছর চীনে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রফতানি ইতিহাসে সর্বোচ্চ প্রায় চার হাজার কোটি ঘনমিটারে পৌঁছবে। চীনে গ্যাসের বৃহত্তম সরবরাহকারী হিসেবে আমাদের দেশের অবস্থানকে শক্তিশালী করবে। এছাড়া ভবিষ্যতে চীনে রাশিয়া বছরে ১০ হাজার কোটি ঘনমিটারেরও বেশি প্রাকৃতিক গ্যাস রফতানি করতে পারে।’
উল্লেখ্য, সেচিন একই সঙ্গে রাশিয়ার উন্নয়নবিষয়ক প্রেসিডেন্সিয়াল কমিশন অন স্ট্র্যাটেজি ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য ফুয়েল অ্যান্ড এনার্জি কমপ্লেক্সের এক্সিকিউটিভ সেক্রেটারি।
এদিকে রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক জানিয়েছেন, রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম চলতি বছর পাওয়ার অব সাইবেরিয়া পাইপলাইনের মাধ্যমে চীনে প্রায় তিন হাজার কোটি ঘনমিটার প্রাকৃতিক গ্যাস পাঠাবে।
নোভাক বলেন, ‘পাইপলাইনের মাধ্যমে চীনে গ্যাস সরবরাহ বাড়ছে। চলতি বছর আমরা তিন হাজার কোটি ঘনমিটার রফতানির আশা করছি। আগামী বছর এটি ৩ হাজার ৮০০ কোটি ঘনমিটারে পৌঁছতে পারে।’
রফতানির পরিমাণ চলতি বছর চার হাজার কোটি পর্যন্ত পৌঁছতে অবশিষ্ট প্রাকৃতিক গ্যাস এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আকারে সরবরাহ করা হতে পারে। এসঅ্যান্ডপি গ্লোবাল কমোডিটি ইনসাইটের তথ্যানুসারে, চলতি বছরের এ পর্যন্ত চীনে রাশিয়ার এলএনজি রফতানি এরই মধ্যে ৩৬ লাখ টনে (পাঁচ হাজার কোটি ঘনমিটার) পৌঁছেছে।
এনার্জি ইনস্টিটিউটের স্ট্যাটিসটিক্যাল রিভিউ অব ওয়ার্ল্ড এনার্জির মতে, গত বছর চীনের গ্যাসের ব্যবহার প্রথমবারের মতো ৪০ হাজার কোটি ঘনমিটারের ওপরে ৪০ হাজার ৫০০ কোটি ঘনমিটারে পৌঁছেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় জুনে রাশিয়ার প্রাকৃতিক গ্যাস রফতানি বেড়েছে। এ সময় পশ্চিম, মধ্য, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ইউরোপে দেশটি গত বছরের একই সময়ের তুলনায় ২৩ শতাংশ বেশি প্রাকৃতিক গ্যাস রফতানি করেছে।
রয়টার্স আরো জানায়, গ্যাজপ্রম পাইপলাইনের মাধ্যমে জুনে ইউরোপের দেশগুলোয় রাশিয়া দৈনিক ৮ কোটি ১৮ লাখ ঘনমিটার গ্যাস রফতানি করেছে, গত বছরের একই সময়ে যা ছিল ৬ কোটি ৬৮ লাখ ঘনমিটার।
তবে জুনে ইইউভুক্ত দেশগুলোয় গ্যাজপ্রমের গ্যাস রফতানি এর আগের মাসের তুলনায় কিছুটা কমেছে। এর আগে মে মাসে দৈনিক ৮ কোটি ৯৫ লাখ ঘনমিটার গ্যাস রফতানি করেছিল এ গ্যাস জায়ান্ট।
সে সময় সমুদ্রের তলদেশে তুর্কস্ট্রিম পাইপলাইনে পরিকল্পিত রক্ষণাবেক্ষণের কারণে রফতানি কমে গিয়েছিল। গত বছরের জুনে এ পরিমাণ ছিল দৈনিক ৬ কোটি ৬৮ লাখ ঘনমিটার।










