অপরিশোধিত পাম অয়েল রফতানিতে ৮ শতাংশ শুল্ক অব্যাহত রাখবে মালয়েশিয়া। তবে পণ্যটির রেফারেন্স মূল্য কমানো হয়েছে। মালয়েশিয়ান পাম অয়েল বোর্ডের ওয়েবসাইটে গতকাল দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস রেকর্ডার।
বোর্ড নভেম্বরে সরবরাহ চুক্তির জন্য প্রতি টন পাম অয়েলের রেফারেন্স মূল্য নির্ধারণ করেছে ৩ হাজার ৩৫৬ দশমিক শূন্য ৮ রিঙ্গিত বা ৭৫১ দশমিক ৮১ ডলার। বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল রফতানিকারক দেশটিতে চলতি অক্টোবরের রেফারেন্স প্রাইস ছিল টনপ্রতি ৩ হাজার ৭১০ দশমিক ৫০ রিঙ্গিত। এ হিসেবে মূল্য কমেছে ৩৫৪ দশমিক ৪২ রিঙ্গিত।
তবে প্রতি টনের দাম ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৪০০ রিঙ্গিতের মধ্যে থাকলে ন্যূনতম ৩ শতাংশ রফতানি শুল্ক দিতে হবে। আর দর বেড়ে ৩ হাজার ৪৫০ রিঙ্গিতে উঠতে সর্বোচ্চ ৮ শতাংশ শুল্ক দিতে হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে সোমবার বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে জানুয়ারিতে সরবরাহের চুক্তিতে পণ্যটির দাম ২২ রিঙ্গিত বা দশমিক ৫৯ শতাংশ বেড়েছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৩ হাজার ৭৮১ রিঙ্গিত (৭৯৮ ডলার ৬৯ সেন্ট)। ২৭ সেপ্টেম্বরের পর এটিই সর্বোচ্চ দাম।
বাজার পরিদর্শক প্রতিষ্ঠান এএমস্পেক এগ্রি মালয়েশিয়া জানিয়েছে, অক্টোবরের ১-১৫ তারিখের মধ্যে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি আগের মাসের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেড়েছে। এ সময় মোট রফতানির পরিমাণ উঠেছে ৬ লাখ ৬ হাজার ৯৮০ টনে।










