‘স্থলপথে বাণিজ্য বৃদ্ধি দেশে আনবে উন্নয়ন ও সমৃদ্ধি’—এ স্লোগান সামনে রেখে দিনাজপুরের হিলিতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে গতকাল বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। একই সঙ্গে ২০ জুন পর্যন্ত স্থলবন্দর সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সুপার রাসেল শেখের সভাপতিত্বে এ সময় সেখানে উপস্থিত ছিলেন হিলি স্থল শুল্ক স্টেশনের উপকমিশনার কামরুল ইসলাম, রাজস্ব কর্মকর্তা এসএম নুরুল আলম খান, বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি আব্দুল আজিজ, পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অসিত স্যানাল, জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রমুখ।
দিনটি উপলক্ষে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের আয়োজনে পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সৌজন্যে দুপুরে বন্দরের সন্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠার তাত্পর্য তুলে ধরেন। একই সঙ্গে বন্দরটি থেকে শত শত কোটি টাকা রাজস্ব আয় হলেও যোগাযোগ অবকাঠামোর উন্নয়নের ব্যাপারে তাগিদ দেন তারা। হিলি বন্দরে আমদানি-রফতানি বাণিজ্য বাড়ানোর জন্য সড়কগুলো চার লেনে উন্নীত করাসহ বন্দরের বিদ্যমান সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন বক্তারা। এরপর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অতিথিদের নিয়ে কেক কাটা হয়।










