পেনসিলভানিয়ার ইয়র্ক কারখানায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ করল হার্লে ডেভিডসন। যন্ত্রাংশ স্বল্পতার কারণে এ নিয়ে ১২ মাসের মধ্যে দুবার উৎপাদন বন্ধ করল মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠানটি। এক হাজার কর্মীর ইয়র্ক কারখানায় ১৩ জুন থেকে পুনরায় উৎপাদন শুরু হবে বলে জানায় হার্লে ডেভিডসন। কোন ধরনের যন্ত্রাংশের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে তা নিশ্চিত করেনি মোটরসাইকেল নির্মাতাটি। এর আগে ২০২২ সালের মে মাসে উৎপাদন স্থগিত করেছিল হার্লে ডেভিডসন। থার্ড-পার্টি সরবরাহকারীদের ব্রেক হোসে সমস্যা থাকায় তখন উৎপাদন বন্ধ করেছিল তারা। দাম বৃদ্ধি ও পাইকারি বিক্রি চাঙ্গা থাকায় আয়ে অবশ্য তেমন প্রভাব পড়েনি কোম্পানিটির। সর্বশেষ প্রান্তিকে হার্লে ডেভিডসনের আয় ২১ শতাংশ বেড়ে ১৫৬ কোটি ডলারে দাঁড়িয়েছে। রয়টার্স