উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এশিয়া ও আফ্রিকার শীর্ষস্থানীয় ২২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে উত্তরা ইউনিভার্সিটি। ইন্দোনেশিয়ার জাকার্তায় ২২–২৫ জুন অনুষ্ঠিত পঞ্চম গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট কংগ্রেস (জিএসডিসি)-এ এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

টাইমস হায়ার এডুকেশন আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ, নীতিনির্ধারক, গবেষক ও শিক্ষা বিশেষজ্ঞরা অংশ নেন। সম্মেলনে টেকসই উন্নয়নে উচ্চশিক্ষার ভূমিকা এবং বৈশ্বিক একাডেমিক সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

উত্তরা ইউনিভার্সিটির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য আবিদ আজিজ এবং ইনস্টিটিউশনাল র‌্যাংকিং সেলের পরিচালক শেখ ইয়াসা শান। চার দিনব্যাপী সম্মেলনে তারা বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠক, কৌশলগত সম্পর্ক তৈরি এবং একাডেমিক আলোচনায় অংশ নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ২২টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা করেন।

উদ্যোগটির বড় অংশজুড়েই রয়েছে ইন্দোনেশিয়া। দেশটির শীর্ষস্থানীয় ১৫টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেছে উত্তরা ইউনিভার্সিটি। এর মধ্যে রয়েছে পূর্ব জাভার ইউনিভার্সিতাস ব্রাবিজায়া এবং ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত দেশটির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ জাকার্তা। এছাড়া রয়েছে ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ আহমদ দাহলান, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ সুরাবায়া এবং ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ রিয়াউ।

তালিকায় আরো রয়েছে ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ মাকাসার, ইউনিভার্সিতাস ইসলাম আহমদ দাহলান ও ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ পালেমবাং। রয়েছে ইউনিভার্সিতাস নেগেরি পাদাং, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ পোনোরোগো, ইউনিভার্সিতাস পেনডিডিকান ইন্দোনেশিয়া মুহাম্মাদিয়াহ সোরং, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ বুটন, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ মাগেলাং, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ পালাংকারায়া, ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ জেম্বার এবং ইউনিভার্সিতাস মুহাম্মাদিয়াহ তাঙ্গেরাঙ্গ। শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর আলাদা আলাদা পরিচিতি রয়েছে।

ফিলিপাইনের ৬টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেছে উত্তরা ইউনিভার্সিটি— ইউনিভার্সিটি অব দ্য ভিসায়াস, ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিলিপাইনস, ক্যাভিট স্টেট ইউনিভার্সিটি, সাউদার্ন লেইটে স্টেট ইউনিভার্সিটি এবং ইলোকোস সুর পলিটেকনিক স্টেট কলেজ।

এ বৈশ্বিক অংশীদারত্বকে আরো বৈচিত্র্যময় করতে দক্ষিণ আফ্রিকার শীর্ষস্থানীয় ডারবান ইউনিভার্সিটি অব টেকনোলজির সাথে চুক্তি সই করেছে উত্তরা ইউনিভার্সিটি।

এসব সমঝোতা স্মারকের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা, সহ-লিখিত গবেষণা প্রকাশনা, পাঠ্যক্রম উন্নয়ন, ভিজিটিং স্কলার প্রোগ্রাম, দ্বৈত ডিগ্রি অর্জনের উদ্যোগ এবং আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার ও কর্মশালা যৌথভাবে আয়োজনের নতুন সুযোগ সৃষ্টি হবে।

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ অর্জন উত্তরা ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পৃক্ততা ও একাডেমিক উৎকর্ষ অর্জনের প্রতিশ্রুতির প্রতিফলন। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় আন্তর্জাতিক সহযোগিতা আর শুধু একটি বিকল্প নয়, বরং সময়ের অপরিহার্য প্রয়োজন। এসব অংশীদারত্ব শিক্ষার্থী, শিক্ষক ও গবেষকদের জন্য আন্তর্জাতিক পরিসরে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং বৈশ্বিক জ্ঞানচর্চা ও টেকসই উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের অবদান আরও শক্তিশালী করবে।— সংবাদ বিজ্ঞপ্তি