গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল, ফলপ্রসূ ও সমাজমুখী করতে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশে (এসইউবি) রিসার্চ অ্যান্ড পাবলিকেশন ডিপার্টমেন্ট চালু করা হয়েছে। নতুন বিভাগের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশী-বিদেশী গবেষক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণার মান উন্নয়ন এবং জনকল্যাণমুখী গবেষণার ওপর গুরুত্বারোপ করেন।
শনিবার (১ আগস্ট) বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যের ব্রাউন ইউনিভার্সিটির অ্যালফার্ট মেডিকেল স্কুলের অধ্যাপক ড. রুহুল আবিদ। তিনি একই সঙ্গে কার্ডিওভাসকুলার ফেলোশিপ কর্মসূচির সহপরিচালক, ব্রাউন ইউনিভার্সিটির বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য এবং ‘হেলথ অ্যান্ড এডুকেশন ফর অল’ এর সভাপতি।
অনুষ্ঠানে ড. রুহুল আবিদ ফিতা কেটে নতুন বিভাগের উদ্বোধন করেন। পরে তিনি ‘গবেষণা ও প্রকাশনার মাধ্যমে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন’ বিষয়ে একটি উপস্থাপনা করেন। তিনি বলেন, গবেষণার উদ্দেশ্য শুধু নতুন জ্ঞান সৃষ্টি বা গবেষণাপত্র প্রকাশ নয়। গবেষণার প্রকৃত মূল্য বাস্তব সমস্যার সমাধান, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং মানুষের জীবনমান উন্নয়নে এর কার্যকর প্রয়োগে। তিনি শিক্ষার্থী ও গবেষকদের প্রমাণভিত্তিক, সময়োপযোগী এবং জনকল্যাণমুখী গবেষণায় যুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সভাপতি এবং ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. এ এম শামিম। তিনি বলেন, গবেষণার মূল লক্ষ্য হওয়া উচিত এমন জ্ঞান ও উদ্ভাবন সৃষ্টি করা, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং মানুষের কল্যাণে কাজে লাগবে। বিশ্ববিদ্যালয়ে শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়মিত বই পড়া, জ্ঞানচর্চা এবং গবেষণায় সক্রিয়ভাবে অংশ নেয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, শিক্ষা ও গবেষণার মাধ্যমে সমাজে অর্থবহ পরিবর্তন আনার মধ্যেই প্রকৃত সার্থকতা রয়েছে।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি রসায়ন বিভাগের ইমেরিটাস অধ্যাপক এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এম. এ. রশিদ, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এবং স্টেট কলেজ অব হেলথ সায়েন্সেসের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. আফজালুর রহমান।
সমাপনী বক্তব্যে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. হাসান কাউসার বলেন, নতুন গবেষণা ও প্রকাশনা বিভাগ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর করবে। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের মধ্যে আন্তবিভাগীয় সহযোগিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আশা প্রকাশ করেন, এ বিভাগের মাধ্যমে মানসম্মত গবেষণা, আন্তর্জাতিক মানের প্রকাশনা এবং জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণালব্ধ জ্ঞান সমাজ, শিল্প, স্বাস্থ্যসেবা এবং জাতীয় উন্নয়নে বাস্তব অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, গবেষক এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










