ফিউচার মার্কেটে মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়েছে। গত সপ্তাহে ৪ দশমিক ৪ শতাংশ দাম কমার পর আবারো বাড়তে শুরু করেছে ভোজ্যতেলটির বাজার। মূলত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে পাম অয়েলের দামে। খবর বিজনেস রেকর্ডার।

বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে বাজার আদর্শটির দাম বেড়েছে ৪৮ রিঙ্গিত বা ১ দশমিক ৩৩ শতাংশ। টনপ্রতি দাম উঠেছে ৩ হাজার ৬৪৮ রিঙ্গিত বা ৭৭২ ডলার ৮৮ সেন্টে।

হামাস-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর তা মধ্যপ্রাচ্যেও ছড়িয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভূরাজনৈতিক অস্থিরতার কারণে এশিয়ার বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৪ ডলারেরও বেশি বেড়ে গেছে। জ্বালানি তেলের দাম বাড়ায় বায়োডিজেলের বাজারও ঊর্ধ্বমুখী হয়ে পড়েছে। শিকাগো বোর্ড অব ট্রেডে সয়াবিনের দাম বেড়েছে ১ দশমিক ৪৬ শতাংশ।

গত সপ্তাহে রয়টার্সের এক জরিপে বলা হয়েছে, উৎপাদন বাড়ায় রফতানি সত্ত্বেও সেপ্টেম্বরে মালয়েশিয়ায় পাম অয়েলের মজুদ বেড়েছে। ২০২২ সালের অক্টোবরের পর এটিই সর্বোচ্চ মজুদের রেকর্ড।