নারায়ণগঞ্জের সবচেয়ে বড় বাজার দ্বিগুবাবুর বাজার। এ বাজারে আলুর দাম বেড়ে প্রতি কেজি ৬২ টাকায় বিক্রি হচ্ছে। গতকাল সরজমিনে গিয়ে এ তথ্য জানা গেছে।
কিছুদিন আগেই দ্বিগুবাবুর বাজারে প্রতি কেজি আলুর দাম ছিল ৬০ টাকা। তবে শনিবার কোটা সংস্কার আন্দোলন ও কারফিউর কারণে আলুবাহী ট্রাক রাস্তায় আটকে যায়। এ খবরে সেদিনই ৪-৫ ঘণ্টা প্রতি কেজি আলু ৭০ টাকায় বিক্রি হয়েছে। তবে ট্রাক ছাড়া পেয়ে সরবরাহ স্বাভাবিক হয়ে এলে আলুর দাম আবার কমে যায়। গতকাল প্রতি কেজি আলুর দাম নেমে আসে ৬২ টাকায়।
এ বিষয়ে বাজারের আলু ব্যবসায়ী রহমত আলী বলেন, ‘কয়েক দিন আলু সরবরাহ স্বাভাবিক ছিল। গতকাল হঠাৎ ৪-৫ ঘণ্টারণ্রজন্য দাম বেড়ে যায়। যদিও ট্রাক আসার পর দাম আবার কমে যায়। তবে কয়েক দিনের তুলনায় গতকাল আলুর দাম কেজিতে ২ টাকা বেড়েছে।
বাজারের আরেক ব্যবসায়ী সাব্বির আহমেদ বলেন, ‘আলুর দাম এখনো তুলনামূলক স্বাভাবিক। তবে দেশের চলমান পরিস্থিতির কারণে যদি সরবরাহে ঘাটতি পড়ে তাহলে দাম আবার বাড়তে পারে।’
বাজারের সাধারণ এক ক্রেতা আরজু মিয়া বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে সরবরাহ স্বাভাবিক না রাখলে পণ্যসামগ্রীর দাম বেড়ে যেতে পারে। তাই সরকারের প্রতি আমাদের দাবি, দেশের পণ্যসামগ্রীর সরবরাহ যেন স্বাভাবিক থাকে।’
প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন নিয়ন্ত্রণে আনতে শুক্রবার থেকে দেশব্যাপী কারফিউ জারি করেছে সরকার। সারা দেশে যান চলাচল বন্ধ থাকায় ভোগ্যপণ্যের সরবরাহ কমে গেছে। মানুষের স্বাভাবিক চলাচল বন্ধ থাকায় ক্রেতা সংকটে পড়েছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। এরই মধ্যে কিছু পণ্যের দাম বেড়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে সামনে দাম আরো বাড়বে বলে জানিয়েছেন অর্থনীতিবিদরা।










