গ্যাসচালিত ইঞ্জিনের পাশাপাশি প্রযুক্তি বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) বাজারে বিলাসী ব্র্যান্ড বিএমডব্লিউর অবস্থান আগের চেয়ে শক্তিশালী হয়েছে। কোম্পানির দাবি, একই সিরিজের গ্যাস বা বিদ্যুচ্চালিত সব ধরনের গাড়ির ডিজাইন একই হওয়ায় বাজারে সফল হয়েছে তারা। খবর ইয়াহু ফাইন্যান্স।
সম্প্রতি ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে এ জার্মান অটোমেকার। এ বিষয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভিন্ন ভিন্ন ইঞ্জিনের গাড়ির ডিজাইন একই হওয়ার সুবিধা তুলে ধরা হয়।
২০২৩ সালে বিশ্বব্যাপী বিএমডব্লিউর সরবরাহ আগের বছরের তুলনায় ৬ দশমিক ৪ শতাংশ বেড়ে ২৫ লাখ ৫৪ হাজার ইউনিটে পৌঁছেছে। একই সময়ে বৈশ্বিক আয় বেড়েছে ৯ শতাংশ, ১৫ হাজার ৫৫০ কোটি ইউরোর বেশি। বিশ্বব্যাপী ইভি বিক্রি ৭৪ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ লাখ ৭৫ হাজার ইউনিটে পৌঁছেছে।
পরিসংখ্যান তুলে ধরে বৈশ্বিক ইভি খাতে দুর্বল চাহিদার মাঝে সফল বলে দাবি করেন কোম্পানির গ্লোবাল চিফ টেকনোলজি অফিসার ফ্র্যাঙ্ক ওয়েবার। এর পেছনে দ্বিমুখী ইভি কৌশল ভূমিকা রেখেছে বলে মন্তব্য তার।
উদাহরণ দিয়ে জানান, নতুন সেভেন সিরিজের প্রথাগত গ্যাসচালিত ও ইভির ক্ষেত্রে অভিন্ন ডিজাইন রাখা হয়েছে। সাধারণত গ্যাসচালিত গাড়ির চেয়ে ইভিকে আলাদা মনে করা হলেও বিএমডব্লিউর ক্ষেত্রে দুটোই দেখতে একই রকম।
ফ্র্যাঙ্ক ওয়েবারের মতে, ডিজাইনের অভিন্নতা ক্রেতাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে। তখন প্রয়োজন অনুসারে গ্রাহক সঠিক গাড়িটি নির্বাচন করতে পারেন। সেটা সেভেন-সিরিজ বা ফাইভ-সিরিজ হোক, ইঞ্জিনের ধরনের কারণে কখনো গাড়ি বদলে যায় না।
ইউরোপীয় গ্রাহকের উদাহরণ দিয়ে বলেন, যিনি মনে করেন যে একটি ব্যাটারি বৈদ্যুতিক যান প্রয়োজন, কিন্তু শেষ পর্যন্ত একটি ডিজেল-চালিত গাড়িই কেনেন। কারণ চার্জিং পরিষেবার সমস্যার কারণে পছন্দের গাড়িটি কিনতে পারেন না তিনি। এর বদলে যে গাড়িটি কিনছেন তাও দেখতে একই রকম।










