শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শু শিয়ং। সর্বশেষ ছয় বছর প্রতিষ্ঠানটির নেতৃত্ব দিয়েছেন এরিক এম ওয়াকার, আজ তার স্থলাভিষিক্ত হলেন শু শিয়ং।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, শেভরন চায়নার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সর্বশেষ দায়িত্ব পালন করেছেন শু শিয়ং। ওই সময় কোম্পানির আপস্ট্রিম ব্যবসা ও জ্বালানি মূল্যশৃঙ্খল কার্যক্রম এবং একাধিক যৌথ উদ্যোগে পরিচালিত ব্যবসায় নেতৃত্ব দিয়েছেন তিনি।
শু শিয়ং বলেন, ‘শেভরন বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সঙ্গে শেভরনের তিন দশকেরও বেশি সময়ের অংশীদারত্বের উত্তরাধিকারকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণে সহায়তা করতে এবং এই সম্পর্ককে আরো শক্তিশালী করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে আমাদের বিনিয়োগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
২০০৭ সালে শেভরনে যোগদানের পর থেকে শু শিয়ং কৌশল নির্ধারণ, পূর্বাভাস, ট্রেডিং, পরিচালনা এবং পরিকল্পনাসহ বিভিন্ন ক্ষেত্রে ঊর্ধ্বতন নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ইউনিভার্সিটি অব হিউস্টন থেকে ফাইন্যান্সে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন তিনি।
শেভরন বাংলাদেশ ব্লক টুয়েলভ লিমিটেড এবং শেভরন বাংলাদেশ ব্লকস থার্টিন অ্যান্ড ফোরটিন লিমিটেড (সমষ্টিগতভাবে শেভরন বাংলাদেশ) দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বাংলাদেশের মোট দেশীয় প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় ৬০ শতাংশ এবং দেশীয় কনডেনসেট উৎপাদনের ৮৩ শতাংশেরও বেশি সরবরাহ করে। শেভরন বাংলাদেশ দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত তিনটি গ্যাসক্ষেত্র পরিচালনা করে।










