তার এ চীন সফরে সঙ্গী হিসেবে আছেন বিশ্বের প্রভাবশালী প্রযুক্তি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের একঝাঁক শীর্ষ নির্বাহী বা সিইও। হোয়াইট হাউজ সূত্রে জানা যায়, ট্রাম্পের সফরসঙ্গীদের তালিকায় আছেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং। খবর বিবিসি।

বেইজিং সফরের পথে গতকাল আলাস্কায় যাত্রাবিরতির সময় ট্রাম্পের সঙ্গে হুয়াংকে দেখা যায়। পরে জানা যায়, শেষ মুহূর্তে তাকে সফরসঙ্গী হিসেবে যুক্ত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, মূলত চীনে ব্যবসা পরিচালনায় বিভিন্ন জটিলতা রয়েছে এমন কোম্পানির প্রধানরাই ট্রাম্পের সঙ্গে যাওয়া ব্যবসায়ী প্রতিনিধি দলে আছেন। এর মধ্যে সবচেয়ে আলোচিত নাম এনভিডিয়া। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও কম্পিউটার চিপ নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে চলমান প্রতিযোগিতার মূলে রয়েছে চিপ প্রতিষ্ঠানটি।

ট্রাম্প জানান, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে দেশটির বাজারকে মার্কিন প্রযুক্তির জন্য আরো ‘উন্মুক্ত’ করার আহ্বান জানাবেন।

ট্রাম্পের সঙ্গে গেলেন যারা

জেনসেন হুয়াংয়ের পর হাইপ্রোফাইল এ প্রতিনিধি দলে সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে আছেন অ্যাপলের টিম কুক এবং টেসলা ও স্পেসএক্সের কর্ণধার ইলোন মাস্ক। পাশাপাশি অন্যান্য নির্বাহীদের পূর্ণ তালিকায় আছেন মেটার প্রেসিডেন্ট ও ভাইস চেয়ার দিনা পাওয়েল ম্যাককর্মিক, বোয়িংয়ের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কেলি অটবার্গ, ভিসার প্রধান নির্বাহী রায়ান ম্যাকইনার্নি, ব্ল্যাকস্টোনের প্রধান নির্বাহী স্টিফেন শোয়ার্জম্যান, কারগিলের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান ব্রায়ান সাইকস, সিটি ব্যাংকের সিইও জেন ফ্রেজার, মাস্টারকার্ডের প্রেসিডেন্ট মাইকেল মিবাখ, কোহেরেন্টের প্রধান নির্বাহী জিম অ্যান্ডারসন, গোল্ডম্যান স্যাকসের প্রধান নির্বাহী ডেভিড সলোমনসহ আরো অনেকে।

প্রায় এক দশকের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের এটিই প্রথম চীন সফর। এমন সময় এ সফর হচ্ছে, যখন ইরানের সঙ্গে সংঘাতের কারণে ট্রাম্প প্রশাসন চাপে রয়েছে।

হোয়াইট হাউজ সূত্রে জানা গেছে, মোট ১৭ জন শীর্ষস্থানীয় মার্কিন নির্বাহী এ প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত রয়েছেন।