জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পৃথকের অধ্যাদেশ বাতিল চেয়ে আন্দোলনে নামা এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (২০ মে) বিকালে অর্থ মন্ত্রণালয়ে বৈঠকে এক ঘণ্টা আলোচনা হয়।

ঐক্য পরিষদ সূত্র বণিক বার্তাকে জানিয়েছে, অর্থ উপদেষ্টা এক চুলও নড়েননি। তিনি বলেছেন অধ্যাদেশে কোনো পরিবর্তন হবে না। যা আছে, তাই থাকবে, এটাই ভালো। তিনি অর্গানোগ্রামে এনবিআর কর্মকর্তাদের দাবি-দাওয়া রক্ষা করার আশ্বাস দেন।

বৈঠকে অংশ নেয়া প্রতিনিধি দলের একজন জানান, বৈঠকে অংশ নিয়ে মনে হয়েছে, আমাদেরকে দয়া করা হয়েছে। তারা আগে থেকেই সব ঠিক করে রেখেছেন, আমাদের কথা শুনবেন না। তারা তাদের আগের সিদ্ধান্তে অটল থাকবেন। শুধু আমাদের উপর সিদ্ধান্ত চাপায়ে দেয়ার জন্যই বৈঠকে ডেকেছেন। বৈঠকে ঐক্য পরিষদের প্রতিনিধি দলের ১৭ জন ও পরামর্শক কমিটির পাঁচজন অংশ নেন।

বৈঠকে অংশ নেয়া পরামর্শক কমিটির একজন সদস্য বণিক বার্তাকে বলেন, অর্থ উপদেষ্টা অর্গানোগ্রামে দাবি-দাওয়াগুলো রাখার আশ্বাস দিয়েছেন। দেখা যাক, কী হয়।

ঐক্য পরিষদ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে, বৈঠক অংশ নেয়া একজন বণিক বার্তাকে বলেন, আমাদের শুধু দুই জনকে কথা বলতে দিয়েছে, সেই দুই জনের কথা শেষ করতে দেয়া হয়নি। কার্যত আমাদের কথা, যুক্তি কিছুই শোনা হয়নি। তারা তাদের অবস্থানে অনড় আছে। আমরা রাস্তায় আছি। প্রেস ব্রিফিং করে পরবর্তী কর্মসূচি জানানো হবে।