কেন্দ্রীয় ব্যাংকের সাপোর্টিং পোস্ট কভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্টের (এসপিসিএসএসইসিপি) আওতায় ‘ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ শীর্ষক ডিসেমিনেশন সেমিনারে এ স্বীকৃতি দেয়া হয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে নীতিনির্ধারক, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। আইপিডিসি ফাইন্যান্স গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সেমিনারে অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে কভিড-১৯ পরবর্তী সময়ে অর্থনৈতিক পুনরুদ্ধারে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য অর্থায়ন সহজ করার লক্ষ্যে গৃহীত এসপিসিএসএসইসিপি প্রকল্পের অর্জন, অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অর্থ মন্ত্রণালয়, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন এসপিসিএসএসইসিপি প্রকল্পের পরিচালক কাজী তামান্না হক।

অনুষ্ঠানে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ‘সিএমএসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য অর্থায়নের সুযোগ সম্প্রসারণ ব্যবসার প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইপিডিসি উদ্ভাবনী ও দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে এ অগ্রযাত্রার অংশ হতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি আশা প্রকাশ করেন, সিএমএসএমই খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নারী উদ্যোক্তাদের আরো বৃহত্তর পরিসরে সহায়তা অব্যাহত রাখতে প্রকল্পটির আওতাধীন তহবিল ভবিষ্যতেও পুনরাবর্তন করা হবে, যাতে আরো বেশি উদ্যোক্তা সহজ শর্তে অর্থায়নের সুযোগ পান।

অনুষ্ঠানে সিএমএসএমই খাতে অর্থায়ন সম্প্রসারণ, নারী উদ্যোক্তাদের সহায়তা, ব্যবসা পুনরুদ্ধার এবং আয় ও কর্মসংস্থান সৃষ্টিতে উল্লেখযোগ্য অবদানের জন্য আইপিডিসি ফাইন্যান্সকে একটি সম্মাননা সনদ প্রদান করে বাংলাদেশ ব্যাংক।