বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ল্যাবএইড গ্রুপের পরিচালক ব্যারিস্টার ওয়াসিফ ফারহান শায়ের। জাতীয় ক্রীড়া পরিষদের এক সরকারি পরিপত্রের মাধ্যমে ফেডারেশনের অ্যাডহক কমিটি পুনর্গঠন করে তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।
জাতীয় ক্রীড়া পরিষদের নতুন নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের স্বাক্ষরিত এ পরিপত্রে এক বছরের মাথায় কমিটি পুনর্গঠন করা হয়। খন্দকার হাসান মুনীর সুমনের স্থলাভিষিক্ত হলেন তিনি।
তরুণ উদ্যোক্তা ওয়াসিফ ফারহান নিজে একজন নিয়মিত টেবিল টেনিস খেলোয়াড়। তিনি সম্প্রতি শেষ হওয়া ৪০তম জাতীয় টেবিল টেনিস টুর্নামেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। খেলোয়াড় হিসেবে যুক্ত থাকার পাশাপাশি তিনি একজন সফল ক্রীড়া সংগঠক হিসেবেও পরিচিত।
২০২২ সালে তিনি ‘ফিউচার্স স্পোর্টিং ক্লাব’ নামে একটি আধুনিক টেবিল টেনিস ক্লাব প্রতিষ্ঠা করেন। ক্লাবটি নিয়মিতভাবে মহানগর লীগে অংশগ্রহণের পাশাপাশি খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে আসছে। বর্তমানে ফেডারেশনের এই অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে রয়েছেন ইঞ্জিনিয়ার এম এইচ জামান। সহ-সভাপতি হিসেবে আরো দায়িত্ব পালন করছেন সাবেক জাতীয় চ্যাম্পিয়ন বেগম তাহমিনা তারমিন বিনু।
কমিটির অন্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ এম মাকসুদ আহমেদ, যুগ্ম সম্পাদক নাসিমুল হাসান কচি এবং কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম হোসেন। এছাড়া সদস্য হিসেবে চিকিৎসক, সাবেক খেলোয়াড়, বিভিন্ন জেলার সংগঠক এবং বিকেএসপি ও সেনাবাহিনীর প্রতিনিধিরা অন্তর্ভুক্ত রয়েছেন। নতুন এ কমিটি দেশের টেবিল টেনিস খেলার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
—বিজ্ঞপ্তি










