বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ফ্যান জার্সি বাংলাদেশে প্রথমবারের মতো উন্মোচন করেছে ওয়ালটন। ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে এ জার্সি উন্মোচন করা হয়। দেশজুড়ে এ ফ্যান জার্সি সংগ্রহের সুযোগ থাকছে।
রাজধানীর ওয়ালটন করপোরেট কার্যালয়ে গতকাল এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।
তিনি বলেন, ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বাংলাদেশী বহুজাতিক ইলেকট্রনিকস প্রতিষ্ঠান। তারা ৫০টিরও বেশি দেশে পণ্য রফতানি করছে।
মার্সেলো কার্লোস সেসা বলেন, ওয়ালটনের অগ্রযাত্রা বাংলাদেশের রূপান্তরের প্রতিচ্ছবি। স্থানীয় উৎপাদনের শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আন্তর্জাতিক বাজারে ধারাবাহিক সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটন বাংলাদেশের সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।
তিনি আরো বলেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন যখন বাংলাদেশে ওয়ালটনকে আঞ্চলিক পৃষ্ঠপোষক হিসেবে বেছে নেয়, তখনই বিশ্বজুড়ে ওয়ালটনের গ্রহণযোগ্যতা স্পষ্ট হয়। এটি কেবল একটি ব্র্যান্ড নির্বাচন নয়, বরং একটি দেশের অগ্রগতির স্বীকৃতি।
মার্সেলো কার্লোস সেসা বলেন, পৃষ্ঠপোষকতা শুধু জার্সি বা মাঠে লোগো প্রদর্শনের বিষয় নয়, এটি একটি ব্র্যান্ডের সক্ষমতার স্বীকৃতি এবং মানুষের জন্য অনুপ্রেরণা।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তরুণরা আর্জেন্টিনার খেলা দেখে দক্ষতা, দলগত কাজ ও অধ্যবসায়ের শিক্ষা পায়। এখন আর্জেন্টিনার ফ্যান জার্সির মাধ্যমে তারা সেই আদর্শের পাশাপাশি একটি বাংলাদেশি ব্র্যান্ডকেও দেখবে। এতে তরুণরা বুঝতে পারবে, বৈশ্বিক উৎকর্ষতা দূরের কিছু নয়, এটি নিজ দেশ থেকেই শুরু হতে পারে।
ওয়ালটন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল আঞ্চলিক পৃষ্ঠপোষক। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তির মাধ্যমে ওয়ালটন দলটির সঙ্গে যুক্ত হয়েছে। এর ফলে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সব ধরনের ব্র্যান্ডিং স্বত্ব ওয়ালটন পেয়েছে। বর্তমানে ওয়ালটনের বিভিন্ন ব্র্যান্ডিং কার্যক্রমে আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের উপস্থিতি দেখা যাচ্ছে, যা প্রতিষ্ঠানটিকে একটি বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম বলেন, আর্জেন্টিনার ফুটবল চেতনা দেশের সীমানা ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও বিপুলসংখ্যক মানুষ আর্জেন্টিনাকে সমর্থন করে। বিশ্বকাপ এলেই ঢাকা, চট্টগ্রাম ও গ্রামাঞ্চলের রাস্তাঘাট আকাশি নীল ও সাদা পতাকায় ভরে ওঠে। এই ভালোবাসা আর্জেন্টিনার খেলার ধরণ, খেলোয়াড়দের নম্রতা ও অনুপ্রেরণামূলক ফুটবল যাত্রার সঙ্গে বাংলাদেশের মানুষের আবেগী সম্পর্ককে তুলে ধরে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই টেক ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এস এম শামছুল আলম ও পরিচালক সাবিহা জারিন অরনা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ালটন হাই টেকের ব্যবস্থাপনা পরিচালকের ব্যবসা সমন্বয়ক তানভীর আঞ্জুম। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রধান বিপণন কর্মকর্তা জোহেব আহমেদ।
—বিজ্ঞপ্তি










