রমজান ও ঈদ উপলক্ষে মাস্টারকার্ড ‘উৎসব আনন্দে পেমেন্ট এক ট্যাপে’ শীর্ষক ক্যাম্পেইন ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ক্যাম্পেইনের অংশ হিসেবে আটটি সুপারশপে চালু করা হয়েছে ‘গ্রোসারি স্পেন্ড অ্যান্ড উইন’ উদ্যোগ, যা ২০ মার্চ পর্যন্ত চলবে। এতে মাস্টারকার্ডের ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ডধারীরা অংশ নিতে পারবেন। ক্যাম্পেইনে সর্বোচ্চ ব্যয়কারী জিতে নিতে পারবেন ১ লাখ টাকার প্রিমিয়াম হোম অ্যাপ্লায়েন্স ভাউচার। পাশাপাশি থাকছে গ্যাজেট ও গ্রোসারি ভাউচার।

অন্যদিকে লাইফস্টাইল, ডাইনিং ও ট্রাভেল ক্যাটাগরিতেও রয়েছে বিশেষ অফার। এর মধ্যে ৫০টি লাইফস্টাইল ব্র্যান্ডে সর্বোচ্চ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা। ৫০টি পার্টনার রেস্টুরেন্টে ইফতার ও ডিনারে থাকছে ‘বাই ওয়ান গেট আপ টু ৪’ অফার। এছাড়া আন্তর্জাতিক ট্রাভেল প্যাকেজে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড় এবং দেশীয় হোটেল ও রিসোর্টে আকর্ষণীয় সাশ্রয়।

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘উৎসবকালীন চাহিদাকে মাথায় রেখেই নতুন ক্যাম্পেইনটি সাজানো হয়েছে, যাতে দৈনন্দিন লেনদেন হয় আরো সুবিধাজনক, নিরাপদ ও পুরস্কারময়।’