ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের (এসএমই) ব্যয় ব্যবস্থাপনা, নগদ প্রবাহ নিয়ন্ত্রণ ও ব্যবসা সম্প্রসারণে ঢাকা ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে এসএমই ক্রেডিট কার্ড চালু করেছে। ডুয়াল কারেন্সি সুবিধার এ কার্ডের মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক লেনদেনের পাশাপাশি নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী ব্যয়সীমা নির্ধারণ ও ঋণ পরিশোধে সুবিধা পাবেন উদ্যোক্তারা। সম্প্রতি এক অনুষ্ঠানে কার্ডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসএমই ফাউন্ডেশনে নিবন্ধিত যোগ্য এসএমই প্রতিষ্ঠানগুলো এ কার্ডের মাধ্যমে বিদেশে চলমান বৈধ ব্যবসার প্রয়োজনীয় পরিচালন ব্যয় মেটাতে বছরে সর্বোচ্চ ৩ হাজার ডলার পর্যন্ত রেমিট্যান্স পাঠাতে পারবে। ক্রস-বর্ডার বাণিজ্য ও ব্যবসায়িক ভ্রমণের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোও কার্ডটির ডুয়াল কারেন্সি সুবিধা ব্যবহার করতে পারবে।

কার্ডহোল্ডারদের জন্য এতে রয়েছে নির্বাচিত আন্তর্জাতিক বিমানবন্দর ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বলাকা লাউঞ্জে বিনামূল্যে প্রবেশ, দেশজুড়ে ১০ হাজারের বেশি মার্চেন্ট লোকেশনে মাস্টারকার্ডের বিশেষ অফার, আন্তর্জাতিক ডিসকাউন্ট, নির্বাচিত হোটেল ও রেস্টুরেন্টে ‘বাই ওয়ান, গেট ওয়ান’ অফার এবং বিনামূল্যে বিমানবন্দর পিক-আপ ও ড্রপ-অফ সেবা।

অনুষ্ঠানে ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ওসমান এরশাদ ফয়েজ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জাকিয়া সুলতানা এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের অতিরিক্ত পরিচালক হাফিয়া তাজরিয়ান উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক একেএম শাহনেওয়াজ, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইমার্জিং মার্কেটস অফিসার মো. মোস্তাক আহমেদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।