অনেক দিন ধরে আর্থিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিল হলিউডের অন্যতম পুরনো স্টুডিও প্যারামাউন্ট গ্লোবাল। সম্প্রতি একাধিক একীভূতকরণ প্রস্তাব পায়ও প্রতিষ্ঠানটি। বেশ কয়েক দফা আলোচনার পর এবার প্রযোজনা সংস্থা স্কাইড্যান্স মিডিয়ার সঙ্গে চুক্তিতে রাজি হয়েছে। খবর বিবিসি।

এ চুক্তির অধীনে প্যারামাউন্টের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান শারি রেডস্টোন তার পরিবারের নিয়ন্ত্রণে থাকা কোম্পানি শেয়ার বিক্রি করে দেবে। এর মাধ্যমে একীভূতকরণের দিকে চূড়ান্তভাবে এগিয়ে যাবে প্রতিষ্ঠানটি।

হলিউডের বর্ণিল ইতিহাসে রেডস্টোন ফ্যামিলিকে একটি যুগ হিসেবে অভিহিত করা হয়। মূলত আশির দশকে শারির বাবা সুমনার রেডস্টোনের হাত ধরে স্টুডিওটির বহুমুখী বিকাশ ঘটে। প্যারামাউন্ট গ্লোবাল এতদিন রেডস্টোন পরিবারের মালিকানাধীন ন্যাশনাল অ্যামিউজমেন্ট হোল্ডিংস কোম্পানির অধীনে পরিচালিত হয়ে আসছিল। 

জটিল লেনদেনের ফলে স্কাইড্যান্স প্রথমে ন্যাশনাল অ্যামিউজমেন্ট কিনবে, তারপর প্যারামাউন্টের সঙ্গে মিশে যাবে।

ন্যাশনাল অ্যামিউজমেন্টস কেনার জন্য ২৪০ কোটি ডলার এবং ক্লাস ‘এ’ ও ‘বি’ শেয়ারের জন্য ৪৫০ কোটি ডলার বিনিয়োগ করবে স্কাইড্যান্স। সেই সঙ্গে প্রাথমিক মূলধন হিসেবে প্যারামাউন্টের ব্যালান্স শিটে যোগ হবে ১৫০ কোটি ডলার।

প্যারামাউন্টের অধীনে রয়েছে জনপ্রিয় কিছু টিভি চ্যানেল; যার অন্যতম সিবিএস, কমেডি সেন্ট্রাল, নিকলোডিওন ও এমটিভি। বিশ্বের ১৮০টির বেশি দেশে প্যারামাউন্ট গ্লোবাল নিয়ন্ত্রিত এসব চ্যানেল দেখা যায়। যার গ্রাহক সংখ্যা ৪৩০ কোটিরও বেশি।

১৯১৪ সালে প্যারামাউন্ট পিকচার্স প্রতিষ্ঠিত হয়। এরপর একাধিক ভাঙাগড়ার ভেতর দিয়ে প্যারামাউন্ট গ্লোবালে রূপ নেয়। প্যারামাউন্ট পিকচার্সের অধীনে নির্মিত হয়েছে গডফাদার, স্টার ট্রেক ও মিশন ইম্পসিবলের মতো অনেক হিট সিনেমা।

ঝুলিতে এতসব অর্জন থাকা সত্ত্বেও এক দশকের বেশি সময় ধরে টিকে থাকতে লড়ে যাচ্ছে এ এন্টারটেইনমেন্ট জায়ান্ট। গত পাঁচ বছরে প্যারামাউন্ট গ্লোবালের শেয়ারদরে ৭৫ শতাংশের বেশি পতন ঘটেছে। 

অন্যদিকে স্কাইড্যান্স নিয়ন্ত্রণ করছেন ডেভিড এলিসন। তিনি মার্কিন প্রযুক্তি জায়ান্ট ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের ছেলে।

কয়েক মাস ধরে একীভূতকরণ চুক্তি নিয়ে স্কাইড্যান্সের সঙ্গে প্যারামাউন্টের আলোচনা চলছে। ওই আলোচনার সূত্র ধরে শারি রেডস্টোনের সঙ্গে মতদ্বৈততা হয় প্যারামাউন্টের প্রধান নির্বাহী বব বাকিসের। এরপর এপ্রিলে পদত্যাগ করেন বব বাকিস।