এশিয়ার শীর্ষ রফতানিকারক দেশগুলোয় চলতি সপ্তাহে চালের রফতানি মূল্য ছিল স্থিতিশীল। খাতসংশ্লিষ্টরা বলছেন, নিম্নমুখী চাহিদা ও বাড়তি সরবরাহ খাদ্যশস্যটির দাম স্থিতিশীল থাকার পেছনে ভূমিকা রেখেছে। খবর বিজনেস রেকর্ডার।
ভারত প্রায় দুই বছরের মধ্যে সর্বনিম্ন দামে এখনো চাল রফতানি করছে। চলতি সপ্তাহে দেশটিতে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম ছিল টনপ্রতি ৩৮৪-৩৯১ ডলার। গত সপ্তাহেও একই মূল্যে এ মানের চাল রফতানি করেছে দেশটি। এ সময় ৫ শতাংশ খুদযুক্ত সাদা চালের দাম ছিল টনপ্রতি ৩৭৮-৩৮৫ ডলার।
আন্তর্জাতিক বাণিজ্য সংস্থার সঙ্গে যুক্ত নয়াদিল্লিভিত্তিক এক ডিলার বলেন, ‘গত দুই মাসে তীব্র দরপতনের পর চালের দাম এখন কিছুটা স্থিতিশীল হচ্ছে। আশা করছি, যেসব ব্যবসায়ী দাম আরো কমে যাওয়ার অপেক্ষা করছিলেন, তাদের কাছে নতুন চাহিদা তৈরি হবে।’
২০২৪ সালের মার্চে ভারত সরকার চাল রফতানির ওপর সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়। এতে বিশ্ববাজারে ভারতের চাল সরবরাহ হঠাৎ বেড়ে যায় এবং দাম দ্রুত কমে যায়। ভারতীয় আধা সেদ্ধ চালের দাম ২২ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছায়। অন্যদিকে থাইল্যান্ড ও ভিয়েতনামের চালের দাম তিন-পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
থাইল্যান্ডের ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম চলতি সপ্তাহে ছিল টনপ্রতি ৪১০ ডলার, যা গত সপ্তাহের ৪২০ ডলারের তুলনায় কিছুটা কম। ব্যবসায়ীরা জানিয়েছেন, মুদ্রার বিনিময় হার এ দরপতনের একটি কারণ। পাশাপাশি চাহিদা কিছু সময় ধরে বেশ কমতির দিকে।
ব্যাংককভিত্তিক এক ব্যবসায়ী জানান, তবে এ সময় সরবরাহ ছিল শক্তিশালী, যা দাম আরো কমিয়ে দিয়েছে।
ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশটিতে ৫ শতাংশ খুদযুক্ত চালের দাম বৃহস্পতিবার ছিল টনপ্রতি ৩৯৭ ডলার, যা গত সপ্তাহের ৩৯৮ ডলারের তুলনায় কিছুটা কম।
হো চি মিন সিটির এক চাল ব্যবসায়ী বলেন, ‘গ্রীষ্ম-বর্ষা মৌসুমের ফসল উঠতে শুরু করেছে। তবে অন্য দেশগুলোয় চাহিদা দুর্বল থাকায় প্রস্তুতকারক ও রফতানিকারকরা এখনো চাল কিনতে তেমন আগ্রহ দেখাচ্ছেন না।’
এদিকে ভিয়েতনাম এপ্রিলে ১১ লাখ ২৫ হাজার টন চাল রফতানি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৩ শতাংশ বেশি। দেশটির ন্যাশনাল স্ট্যাটিসটিকস অফিস জানিয়েছে, এ সময় চাল রফতানি বাড়লেও তা থেকে আয় গত বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৬ শতাংশ কমেছে। এ সময় মোট আয় নেমে এসেছে ৫৬ কোটি ডলারে।
এর আগে ভিয়েতনাম ফুড অ্যাসোসিয়েশন জানায়, দেশটি থেকে চলতি বছর ৭৫ লাখ টন চাল রফতানির পূর্বাভাস রয়েছে। এটি গত বছরের রেকর্ড ৯০ লাখ ৪০ হাজার টনের তুলনায় কম।










