সামনের বছরগুলোতে বৈশ্বিক আকরিক লোহা উত্তোলনের পরিমাণ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
বাজার বিশ্লেষক ফিচ সলিউশনের শিল্পসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনের ভিত্তিতে এমনটা জানা যায়।
খবর মাইনিং ডটকম।
ফিচের পূর্বাভাস অনুযায়ী, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিশ্বব্যাপী আকরিক লোহার খনিগুলো থেকে উত্তোলনের পরিমাণ গড়ে ৩ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বাড়বে।
গত পাঁচ বছরে এসব খনি থেকে আকরিক লোহা উত্তোলনের পরিমাণ হ্রাস পেয়েছিল ২ দশমিক ৩ শতাংশ।
ফিচের দেয়া তথ্যমতে, আকরিক লোহা উত্তোলনে এ প্রবৃদ্ধির হার ২০২৫ সালের মধ্যে বার্ষিক উত্তোলনের পরিমাণ ৫৭ কোটি ১০ লাখ টন পর্যন্ত স্পর্শ করবে।
২০২০ সালের বার্ষিক উৎপাদনের পরিমাণের সঙ্গে তুলনা করে এ পূর্বাভাস দেয়া হয়।
বর্তমানে বৈশ্বিক আকরিক লোহার সরবরাহ প্রবৃদ্ধিতে শীর্ষে অবস্থান করছে ব্রাজিল ও অস্ট্রেলিয়া।
ফিচের পূর্বাভাস অনুযায়ী ২০২১-২৫ সালের মধ্যে অস্ট্রেলিয়ার বার্ষিক আকরিক লোহা উত্তোলনের হার বৃদ্ধি পাবে গড়ে ১ দশমিক ৮ শতাংশ হারে।
একই সঙ্গে আগামী তিন-চার বছরের মধ্যে চীনের আকরিক লোহার উত্তোলনও বাড়বে বলে ধারণা করছে ফিচ।
২০২১ সালের চেয়ে আগামী বছরগুলোতে ব্রাজিলের আকরিক লোহার উত্তোলন গড়ে বার্ষিক ১০ দশমিক ৬ শতাংশ হারে বাড়বে বলে ধারণা করছে সংস্থাটি।










