এ সময় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ উপলক্ষে মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান তিনি। গতকাল আয়োজিত এ বৈঠকে মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ান আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন পিএসটিসির সিনিয়র প্রোগ্রাম লিড অনিতা শরীফ চৌধুরী, ভাইস প্রিন্সিপাল শিরোপা কুলসুম ও প্রোগ্রাম ম্যানেজার আবু সাদাত মো. সায়েম।
পিএসটিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংক্ষিপ্ত বৈঠকে ড. নূর মোহাম্মদ পিএসটিসির ৪৭ বছরের দীর্ঘ কার্যক্রম, বিশেষত যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (এসআরএইচআর), জনসংখ্যা শিক্ষা এবং মানবিক জরুরি পরিস্থিতিতে সেবা দেয়ার অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, পিএসটিসি দীর্ঘদিন ধরে মন্ত্রণালয় ও অধিদপ্তরের সঙ্গে সমন্বয় রেখে দুর্যোগকালীন স্বাস্থ্যসেবা ও প্রস্তুতি কার্যক্রম চালিয়ে আসছে।
বৈঠকে রোহিঙ্গা সংকটের শুরু থেকে পিএসটিসির কার্যক্রম তুলে ধরে ড. নূর মোহাম্মদ জানান, তহবিল সংকটের কারণে কিছু সময় কার্যক্রম সীমিত থাকলেও বর্তমানে পুনরায় একটি এসআরএইচআর মিনি-ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রীর দিকনির্দেশনা, সহযোগিতা ও প্রয়োজনীয় অনুমোদন কামনা করেন তিনি।
এ সময় মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, ‘বাংলাদেশ ফার্স্ট নীতিকে সামনে রেখে যারা আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করছে, তাদের সঙ্গে সরকার সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী।’ তিনি পিএসটিসির মতো বেসরকারি সংস্থার সঙ্গে গঠনমূলক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন।










