সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি কমেছে। আমদানি কমায় অঞ্চলটির মসলা বাজারগুলোয় গুঁড়া হলুদের দাম এক মাসের ব্যবধানে বেড়েছে কেজিতে ৫০-৬০ টাকা। 

সাতক্ষীরা জেলা সদরের সুলতানপুর বড় বাজারের মসলা আড়ত মেসার্স আবির এন্টারপ্রাইজে গতকাল গুঁড়া হলুদের দাম ছিল কেজিপ্রতি ৩৫০ টাকা। এক মাস আগেও যা ছিল ২৯০-৩০০ টাকা। 

এ বিষয়ে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আব্দুল আজিজ জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পাইকারিতে গুঁড়া হলুদের দাম বেড়েছে। যার কারণে মসলাপণ্যটি খুচরায়ও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। 

এদিকে চলতি অর্থবছরের (২০২৪-২৫) প্রথম মাস জুলাইয়ে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি কমেছে। এ সময় ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় মসলাপণ্যটির আমদানি অন্তত ৪০০ টন কমেছে। 

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, জুলাইয়ে এ বন্দর দিয়ে শুকনা হলুদ আমদানি হয়েছে ৩ হাজার ৬১৯ টন, যার আমদানি মূল্য ছিল ৭৪ কোটি ৪৩ লাখ টাকা। গত বছরের একই সময় ভোমরা স্থলবন্দর দিয়ে ৪ হাজার ২৩ টন শুকনা হলুদ আমদানি হয়েছিল, যার আমদানি মূল্য ছিল ৫৮ কোটি ২৪ লাখ টাকা। এ হিসাব অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম মাসে পণ্যটি আমদানি কমেছে ৪০৪ টন।

এ বিষয়ে আমদানিকারক ও ব্যবসায়ীরা জানান, ভারতে পণ্যটির সরবরাহ কমের পাশাপাশি দামও ঊর্ধ্বমুখী। ফলে এ মসলাপণ্যের আমদানি কমেছে। এছাড়া ডলারের মূল্যবৃদ্ধিও আমদানি কমার পেছনে ভূমিকা রেখেছে। 

সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. সাইফুল ইসলাম বণিক বার্তাকে জানান, চলতি মৌসুমে সাতক্ষীরায় ৭৪০ হেক্টর জমিতে ৩ হাজার ৭০০ টন শুকনা হলুদ উৎপাদন হয়েছে।