নিলুফার মঞ্জুর। আলোকিত এই মানুষটির সঙ্গে অল্প দিনের স্বল্প পরিচয় আমার জীবনে ভিন্ন এক স্বাদের সন্ধান দিয়েছে। জীবনের অনেকটা সময় পাড়ি দিয়ে এসেছি। চলার পথে অনেক সময়ই অনেকের সঙ্গে পরিচিত হয়েছি। এমন নিবেদিত প্রাণ, এমন নিরহংকারী, এমন হাস্যোজ্জ্বল নির্ভেজাল মানুষ কমই দেখেছি। দেশে মানসম্মত শিক্ষায় তার অবদান অনস্বীকার্য। একজন শিক্ষানুরাগী মানুষ হিসেবে ওনার পরিচয় যথেষ্ট। তবে তার আরো অনেক পরিচয় তাকে মহিমান্বিত করেছে। তিনি দেশের বিখ্যাত শিল্পপতি এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মঞ্জুর এলাহীর সহধর্মিনী।

কভিড-১৯ এ আক্রান্ত হয়ে সদ্য প্রয়াত এই মানুষটার সঙ্গে আমার পরিচয়ের সূত্র বেশ কয়েকটি। দেশের ইংরেজি মাধ্যমের স্বনামধন্য সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে নিলুফার মঞ্জুরের সঙ্গে আমার পরিচয় নাতির ‘কল্যাণে’। সেই সূত্রের পরিচয়ের অভিজ্ঞতা বলার আগে বলে রাখি, মিসেস মঞ্জুর বিশ্ববিদ্যালয়ে আমার সমসাময়িকই ছিলেন। অর্থনীতির শিক্ষার্থী নিলুফার শিক্ষাবর্ষে আমার থেকে দু’বছর এগিয়েছিলেন। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন বিল্ডিংয়ের আমরা একসঙ্গেই প্রথম শিক্ষার্থী ছিলাম। আমি থাকতাম রোকেয়া হলে, তিনি সেখানে থাকতেন না। সেকারণে বিশ্ববিদ্যালয় জীবনে আমার সাথে তার কোনদিন আলাপ হয়নি। পরবর্তিতে তার সঙ্গে বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা হয়েছে। ঢাকা ক্লাবেও জনাব মঞ্জুর এলাহীর সঙ্গে তাকে আসতে দেখেছি। তবে তখনো আলাপ কখনো হয়নি।

ওনার কাছাকাছি আসা হয়েছে নাতির স্কুলের সূত্র ধরেই। ২০১৪ সালের ঘটনা, আমার নাতিকে স্কুলে দেওয়ার মতো বয়স তখনো হয়নি। কিন্তু আমার মেয়ে নওরিনের ইচ্ছা তার ছেলেকে সানবিমসে ভর্তি করাবে। সানবিমসে প্লে গ্রুপে ভর্তি বয়স সাড়ে তিন বছর। তার একবছর আগেই বাচ্চাদের ভর্তি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষা মানে চিরাচরিত পরীক্ষা না। মূলত মৌখিক পরীক্ষা হয় বাবা-মায়ের। উত্তীর্ণ হলে এক বছর আগেই ভর্তি করানো হয়। আর এখানে ভর্তির সেই সুযোগ পায় মাত্র ২৪ জন শিশু। সেক্ষেত্রে আমার নাতি মহা ভাগ্যবান। সে এই নামকরা স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে গেল। আমার নাতির সৌভাগ্যের সাথে সাথে আমারও সৌভাগ্যের দরজা খুলে গেল। আমি চমৎকৃত হতে লাগলাম। সত্যি কথা, ২০১৫ সাল থেকে এ স্কুলের প্রতিটা ইটের সাথে কথা বলেছি আর মুগ্ধ হয়েছি।


আমি এই স্কুলটি নিয়ে অনেক ভেবেও কোন ত্রুটি খুঁজে পাইনি। আমি প্রায় প্রতিদিনই রায়াতকে স্কুল থেকে আনতে গেছি। স্কুলের পরিবেশ, নিয়মকানুন, স্কুলের অন্যান্য ছাত্র-ছাত্রীদের আচরণ, স্টাফদের ব্যবহার, টিচারদের অসাধারণ নিয়মানুবর্তিতা -সবকিছু আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি স্কুলে গেলেই এই আদর্শের মূল কারিগর মিসেস মঞ্জুরকে খুঁজতাম। তার সঙ্গে পরিচিত হতে চাওয়ার আরেকটি কারণ হলো-  এই ধ্রুবতারাকে ওনার নিরলস পরিশ্রমের সফল অর্জনকে ওনার কানে পৌঁছে দেওয়া। 

আমি নিজে দেশের খ্যাতনামা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়েই পড়েছি। আমার ছেলেমেয়েরাও বিশেষ বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেছে। আরও বড় কথা হলো আমি নিজে দেশের একটি খ্যাতনামা স্কুলে অনেক বছর চাকরিও করেছি। কিন্তু খ্যাতনামা এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আমার সানবিমসের মতো বিশেষ অসাধারণ মনে হয়নি। এই স্কুলটাতে কোন রাজনীতির ছোঁয়া নেই; ইংরেজি মাধ্যমের স্কুলটাতেও স্বাভাবিক নিয়মে স্কুলের শিক্ষার্থীরা দেশপ্রেমে উদ্বুদ্ধ। 

আমি যতই মিসেস মঞ্জুরকে দেখেছি, ততই অবাক হয়েছি। কী অমায়িক হাসিখুশি একজন মানুষ। যত ব্যস্ততাই থাক ব্যবহারে নমনীয়তা কখনো ঘাটতি ছিল না। শিশুদের অভিভাবকরাও প্রত্যেকেই ওনার প্রশংসায় পঞ্চমুখ।

আমাকে অবাক করতো তার শিক্ষা ব্যবস্থাপনাও। দেশের অন্য কোন স্কুলে প্লে গ্রুপ থেকে শিশুদের স্বাবলম্বী করে গড়ে তোলার চেষ্টা করা হয় - এমনটা আমার জানা নেই। ব্যাপারটা একেবারেই অসাধারণ। আর এই স্কুলের কোন শিক্ষককেও আমি বাচ্চাদের সাথে কোন অশোভণ আচরণের অভিযোগও কখনো শুনিনি। স্কুলটিতে পিছিয়ে পড়া শিশুদের আলাদা সময় দেয়া হয়। আর পড়াশোনার ক্ষেত্রে অন্যান্য শিক্ষককে এসব নির্দেশনা পুঙ্ক্ষানুপুঙ্ক্ষুভাবে নিজেই নির্দেশনা দিতেন মিসেস মঞ্জুর।

অ্যাকাডেমিক ফলাফল সম্পূর্ণ আলাদা। বাচ্চাদের সামর্থ্য অনুযায়ী যে যা গ্রেড পাচ্ছে। তবে ফলাফল যাই হোক, ছোট ছোট বাচ্চাগুলোর জ্ঞানের গভীরতা দেখে আমি অবাক হয়ে যাই। আমিতো ভাবি, এই বয়সে আমি ওদের জ্ঞানের ধারে কাছেও ছিলাম কিনা!

দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে সাধারণত বাছাই করা কয়েকজনকে পরিবেশনার সুযোগ দেয়া হয়। কিন্তু এখানকার পদক্ষেপ ভিন্ন। এখানে প্রত্যেকটা শিশুকে সম্পৃক্ত করে মনোমুগ্ধকর অনুষ্ঠান করা হয়। শিক্ষার্থীরা বাবা-মা ছাড়াও তাদের চারজন অতিথিকে সঙ্গে নিয়ে আসতে পারেন। প্রতিটা শিক্ষার্থীকে সমানভাবে এই মূল্যায়ন নিশ্চয়ই সাধারণ ব্যাপার নয়। 

অনুষ্ঠান শেষে মিসেস মঞ্জুর সকলের উদ্দেশ্যে চমৎকার মনোমুগ্ধকর বক্তব্য রাখতেন। আমরা মানে অভিভাবকরা, পিন পতন নীরবতায় মনোযোগ দিয়ে শুনতাম। উনি বাচ্চাগুলোকে দ্বিগুণ উৎসাহ দিয়ে প্রশংসা করতেন। যারা অনুষ্ঠান পরিচালনা করছেন তাদেরও প্রশংসা করতেন। উপস্থিত অতিথিরা ধৈর্য্য ধরে সময় ব্যয় করে বাচ্চাদের উৎসাহ দিচ্ছেন বলে তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতেন। এমন নিরংহকারী চৌকস শিক্ষাবিদ আমার দেখা অদ্বিতীয়।

লেখার শুরুতেই এই মাটির মানুষটাকে প্রয়াত লিখতে গিয়ে আমার হাতটা কেঁপে উঠছিল। এইতো কদিন আগেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগেই বারিধারায় একটি সামাজিক অনুষ্ঠানেও ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল। অনুষ্ঠান শেষে সালাম বিনিময় করতে আমি ওনার কাছে গেলাম, সেই চিরাচরিত হাসি যেন কতকালের চেনা! বললাম, ম্যাডাম আমি গতকাল আপনার বেশ কয়েকটা ছবি ফেসবুকে দেখেছি। উনি আকাশ থেকে পড়ার মত হতভম্ব! বললেন, আমার ছবি কে আবার দিল? বললাম আপনার বন্ধুরা দিয়েছে। আপনার বন্ধুদের মধ্যে একজন আমার কাজিন, সে আবার আমার ফেসবুক বন্ধুও। নাম বললে তিনি ততটা মনে করতে পারছিলেন না। ওনার সঙ্গে থাকা আর এক বন্ধু মনে করিয়ে দিলেন। আমার কাজিনের সঙ্গে স্মৃতিকথা মনে করে তারা প্রাণখুলে হাসলেন, আমি যোগ দিলাম।

এক ফাঁকে বললাম, আমার নাতিতো আপনার স্কুলে পড়ে। আগ্রহ ভরে জানতে চাইলেন। এত এত শিক্ষার্থীর মাঝে আমার নাতির নাম মনে থাকার কোন কারণ নেই। তিনি মনে করতে পারলেন না। তবে তার অমায়িকতা সেটা ছাপিয়ে গেল। তিনি বললেন, দেখলেতো অবশ্যই চিনবো। স্কুলে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলেন। কে জানতো এটাই শেষ বিদায়।

তার চলে যাওয়ার সময় সেই হাসিটাই আমার স্মৃতিতে গেঁথে আছে। জমা থাক সারাজীবন।

লেখক: হোসনে আরা রহমান 
সাবেক শিক্ষক (ইংরেজি বিভাগ)
ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা