দক্ষিণ এশিয়ার বাংলাদেশকে বলা হয় প্রাকৃতিক দুর্যোগের লীলাভূমি। প্রতি বছর এখানে বিভিন্ন ধরনের দুর্যোগ হানা দেয়। সাম্প্রতিক সময়ে অন্যান্য দুর্যোগের তুলনায় দিনে দিনে ঘূর্ণিঝড়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ১৯৭০ সালের পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে বেশ কয়েকটি ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ১৯৭০, ১৯৮১, ১৯৯১, ২০০৭, ২০১৯, ২০২০ সালের ঝড়গুলো ছিল বেশ ভয়ংকর। ঘর-বাড়ি ধ্বংস, ফসলের ক্ষেত নষ্ট, মানুষের জীবনহানি, বিদ্যুৎ ব্যবস্থা, ঘের, প্রাকৃতিক পরিবেশ, রাস্তাঘাট ইত্যাদির ওপর তাণ্ডব চালিয়ে লণ্ডভণ্ড করে দিয়েছে জনজীবন।
কেন বাংলাদেশকে ঘন ঘন ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে হচ্ছে?
বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর যাকে সাইক্লোন বা ঘূর্ণিঝড় সৃষ্টির আদর্শ জায়গা ধরা হয়। এটি আকার অনেকটা ফানেল আকৃতির মত, ফলে দক্ষিণা বাতাস উপকূলে এসে বিভিন্ন দুর্যোগ সৃষ্টির সহায়ক পরিবেশ তৈরি করে। সাইক্লোন বা ঘূর্ণিঝড় তৈরিতে সাধারণত ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয় যা বঙ্গোপসাগরে বিরাজ করে। ‘ওয়েদার আন্ডার গ্রাউন্ড’ নামে একটি ওয়েবসাইটে বিশ্বর সবচেয়ে ভয়ঙ্কর ৩৫ টি মৌসুমি ঘূর্ণিঝড়ের তালিকা রয়েছে, যার ২৬ টি ঝড়ই বঙ্গোপসাগরের।
বাংলাদেশ ক্রান্তীয় মৌসুমি জলবায়ুর অন্তর্গত। ফলে মৌসুমি বায়ুর প্রভাবেও প্রতি বছর ঝড়ের মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে। এছাড়াও জলবায়ু পরিবর্তন এবং বিশ্বের উষ্ণায়ন বৃদ্ধিও মুখ্য ভূমিকা পালন করছে। ২০০৯ সালে বিশ্ব ব্যাংক বৈশ্বিক উষ্ণায়নের কারণে ৫ টি ঝুঁকিপূর্ণ দিক চিহ্নিত করে যার ৩ টিতে বাংলাদেশের নাম রয়েছে। প্রাকৃতিক দুর্যোগ ঝড়ের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে এবং সমুদ্রপৃষ্টের উচ্চতা বৃদ্ধি ও কৃষিক্ষেত্রে অনিশ্চয়তার ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ।
গত ২০ তারিখে শতাব্দীর ভয়ংকর ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত হানে। ঝড়ের আগের দিন থেকেই ঝড়ো বৃষ্টি শুরু হয় এবং পরদিন সন্ধ্যা বেলা থেকে বতাসের গতিবেগ বৃদ্ধি পেতে থাকে। রাতের গভীরতা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগও পাল্লা দিয়ে বাড়তে থাকে। এই মহা ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১৬০-১৮০ কিলোমিটার এবং ১৫ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে প্লাবিত হয় বিভিন্ন গ্রাম। এটি দেশের উপকূলীয় অঞ্চল সাতক্ষীরায় বেশি তাণ্ডব চালায়। খুলনা, যশোর, ঝিনাইদহ, নড়াইলসহ দেশের ১১ জেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল অত্যাধিক। ফলে কাঁচা ঘরবাড়ি, রাস্তা, বাঁধ, গাছপালা, বিদ্যুৎ লাইন, গবাদিপশুর খামার নষ্ট হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ১ লাখ ৭৬ হাজার হেক্টর জমির ফসল। প্রাণ হারায় ১৮ জন মানুষ। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ১ হাজার ১০০ কোটি টাকা। উপকূলে ১৩/১৪ ঘণ্টা বীভৎস রূপ নিয়ে অবস্থান করে আম্পান এবং শত বছরের যশোর রোডের গাছগুলোও রক্ষা পায়নি এর ভয়াল থাবা থেকে।
২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহতা দেখে ছিল বাংলাদেশ। ঘণ্টায় ২১৫ কি. মি. গতিবেগ নিয়ে উপকূলীয় অঞ্চলে আঘাত হানলেও ৩০ টির ও বেশি জেলা আক্রান্ত হয়ে ছিল, মৃত্যুবরণ করেছিল সাড়ে তিন হাজারের মতো মানুষ। সিপিডির তথ্য মতে, আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ৬ হাজার ৫০৯ কোটি টাকা।
ক্রান্তীয় ঘূর্ণিঝড়ে ১৯৭০ সালে প্রায় ৫ লাখ, ১৯৮৮ সালে ১ লাখ ৮ হাজার এবং ১৯৯১ সালে ৫৭ হাজারেরও বেশি মানুষ মৃত্যুবরণ করে। এছাড়াও আইলা, ফণী, মহসিন, নার্গিস ইত্যাদি ঘূর্ণিঝড় জনজীবনের ওপর ব্যাপক প্রভাব ফেলে। এগুলোর ভয়াবহতা ছিল অত্যাধিক। বারবার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশ ও দেশের মানুষ।
সরকারের যথাযথ পদক্ষেপের ফলে দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা হ্রাস পেয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল। দুর্যোগের সময় দেশ, জনজীবন, অর্থনীতি, কৃষি, বনজ সম্পদ, পরিবেশ, অবকাঠামো ইত্যাদি রক্ষার্থে দুর্যোগ মোকাবেলায় টেকসই উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে যে বিষযগুলো বিবেচনা করা যায়:
১। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ফলে কী ধরনের ঝুঁকিতে আছে তা জানতে একটি সমীক্ষা চালাতে হবে। যার ফলে আমরা সহজেই জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকা, সম্প্রদায় ও মানুষ চিহ্নিত করতে পরবো। জলবায়ু পরিবর্তন জনিত বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় এ তথ্য উপাত্ত কাজে লাগানো যাবে।
২। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মোকাবেলায় অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে অর্থ সংগ্রহের ব্যবস্থা করা। কারণ জলবায়ু পরিবর্তনে আমাদের তেমন কোনো ভূমিকা না থাকলেও বিভিন্ন দুর্যোগের ঝুঁকিতে রয়েছি আমরা।
৩। দুর্যোগ পরবর্তীতে মানুষের মেীলিক অধিকার তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান ও জীবিকার সুরক্ষার ব্যবস্থা করতে হবে।
৪। জলবায়ু ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় জাতীয় কমিটি গঠন করে সমাজের সব শ্রেণির জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে।
৫। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয় পঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে যা দুর্যোগ মোকাবেলায় অনেক কাজে দিবে। এছাড়াও দুর্যোগের কারণ ও মোকাবেলার পদ্ধতি সম্পর্কিত বিভিন্ন পুস্তিকা, ভিডিও ক্লিপস তৈরি করে বিনামূল্যে বিতরণ করতে হবে ফলে জনসচেতনতা তৈরি হবে।
৬। দুর্যোগের তথ্য প্রচারে এবং সচেতনাতা তৈরিতে গণমাধ্যম, নাগরিকসমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, এনজিও, মসজিদের ইমাম ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। সংবাদমাধ্যম নিয়মিত দুর্যোগকালীন আবহাওয়া ও দুর্যোগের সংবাদ প্রচার করবে। মসজিদসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দুর্যোগের পূর্বাভাস, দুর্যোগকালীন সময় করণীয় সম্পর্কে আলোচনা করবে। জনপ্রতিনিধিরা ত্রাণ বিতরণসহ সরকারি কাজে প্রশাসনকে সহায়তা করবে এবং জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনার বিশেষজ্ঞদের সরকারকে পরামর্শমূলক কাজে নিয়োজিত রাখতে হবে।
৭। প্রতিটা বিশ্ববিদ্যালয়ে জলবায়ুর পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত নতুন বিভাগ চালু করতে হবে।
৮। বিশেষজ্ঞদের সংযুক্ত করে একটি অত্যাধুনিক ডাটাবেজ তৈরি করতে হবে যাতে সারা দেশকে একটি নেটওর্য়াকের মধ্যে আনা যায়, যার মাধ্যমে দুর্যোগের তাৎক্ষণিক খবরাখবর পৌঁছানো যাবে এবং সম্ভাব্য ক্ষতিগ্রস্ত মানুষ, স¤প্রদায় এবং এলাকায় আপৎকালীন যথাযথ ব্যবস্থা গ্রহণ করা যাবে।
৯। বনায়নের পরিমাণ বৃদ্ধ করে কার্বন নিঃসরণ হ্রাসের ব্যবস্থা করাতে হবে। গাছ সালোকসংশ্লেষণের জন্য কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে, যা জলবায়ুকে স্বাভাবিক রাখতে সহায়তা করবে, ফলে দুর্যোগের পরিমাণ হ্রাস পাবে। তাই গাছ কাটার পরিমান হ্রাস করে রোপণের পরিমাণ বাড়াতে হবে।
১০। দখলের ফলে আমাদের অনেক নদী মনচিত্র থেকে হারিয়ে গেছে। তাই দখল হওয়া নদী উদ্ধার করাতে হবে। নাব্য হারানো নদীগুলো খননের ব্যবস্থা করতে হবে। ফলে বৃষ্টি পাতের পরিমাণ বাড়বে যা খরার পরিমাণ হ্রাসে সহায়তা করবে। দুর্যোগ সহিষ্ণু ও পরিবেশবান্ধব অবকাঠামোর নির্মাণ করতে হবে।
১১। উপকূলীয় অঞ্চলে অধিক পরিমাণ আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে।
১২। উপকূলীয় বনায়ন কর্মসূচি বৃদ্ধি করতে হবে। সারা দেশের মানুষকে বৃক্ষ রোপণে উৎসাহী করে তুলতে হবে।
১৩। দুর্যোগ পূর্ববর্তী ও পরবর্তী বিভিন্ন পদক্ষেপের গ্রহণ করতে হবে৷ যার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতির পরিমান হ্রাস করা সম্ভব হবে। জলবায়ু ও দুর্যোগের সঙ্গে খাপ খাওয়াতে পারে এমন ফসল উৎপাদনে গবেষণা বৃদ্ধি করতে হবে।
১৪। দুর্যোগকালীন শিশু, বৃদ্ধ, গর্ভবতী নারীদের দিকে বিশেষ নজর রাখতে হবে। হাসপাতালে ডাক্তার, ওষুধ ও স্বেচ্ছাসেবী কর্মীদের নিয়ে কমিটি গঠন করে জরুরি স্বস্থ্যসেবা নিশ্চত করতে হবে।
১৫। প্যারিস জলবায়ু চুক্তির বাস্তবায়ন করতে হবে।
১৬। এসএমএস- এর মাধ্যমে আবহাওয়া ও দুর্যোগের খবর প্রত্যন্ত অঞ্চল, গভীর সমুদ্রের মাছ ধরা জেলে, দুর্গম পাহাড়ি এলাকাসহ সারা দেশের মানুষের কাছে পৌঁছাতে হবে।
১৭। দুর্যোগ ব্যবস্থাপনায় সরকারের বাজেটের পরিমাণ বড়াতে হবে।
লেখক: শিক্ষক










