বাংলাদেশের শেয়ার মার্কেটকে বলা যায় একটি ট্র্যাজিক রণক্ষেত্র। হাজারে হাজারে মানুষ এ রণক্ষেত্রে আসে বিজয়ী হয়ে আর্থিক স্বচ্ছলতা অর্জনের উদ্দেশ্যে। কিন্তু তাদের অধিকাংশই যুদ্ধে হেরে পুঁজি হারিয়ে রিক্ত হস্তে ফিরে যায়। অনেকেই আর কোনদিন শেয়ারে বিনিয়োগ করবেন না বলে প্রতিজ্ঞা করেন। কেউ বা আবার সে লোকসানের যন্ত্রনা সইতে না পেরে নিজের জীবন পর্যন্ত বিসর্জন করে বসে। মাত্র কয়েক বছর আগেও অনেক তরুণের আত্মহত্যার খবর প্রায়ই পত্রিকার শিরোনাম হয়েছিল। এমনতো হওয়ার কথা নয়, অথচ হয়। কারণ বাংলাদেশের শেয়ার মার্কেটের অদ্ভূত কিছু বৈশিষ্ট্য রয়েছে। এখানে তামার মত মেটালকে স্বর্ণ বলে চালানো হয়, আর প্রকৃত স্বর্ণ অযত্নে অবহেলায় লোহার দরে বিক্রি হয়। কোম্পানির পেইড আপ ক্যাপিটাল স্বল্প হলেই খেলতে সুবিধা হয় বিধায় স্বল্পমূলধনী কোম্পানিকে বানানো হয় দাবার গুটি। সুচতুর স্ট্র্যাটেজির মাধ্যমে নানা কৌশলে তার দাম আস্তে-ধীরে বাড়ানো হয়। তারপর যখন তার অধিকাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে আসে তখন জুয়াড়িরা চড়া দামে তা বেচে দিয়ে সটকে পড়ে আর সাধারণ পাবলিক মাথায় হাত দিয়ে বসে থাকে শেয়ার নামক ‘পচা কাগজের’ মালিক সেজে।

বাংলাদেশের শেয়ার মার্কেটের সবচেয়ে বড় দুর্বলতা হলো গুজবনির্ভরতা এবং আর্থিক প্রতিবেদন না পড়ে আর না বুঝে অধিকাংশ বিনিয়োগকারীর শেয়ার ক্রয়ের প্রবণতা। অধিকাংশ বিনিয়োগকারী লাভ করতে চায়, কিন্তু একটু কষ্ট করে কোম্পানির আর্থিক প্রতিবেদন পড়তে চায় না। ফলে তারা বুঝতে পারে না কোন কোম্পানির কী অবস্থা এবং তা কোন দরে ক্রয় কিংবা বিক্রয় করা উচিত। সংগত কারণেই তারা অন্যের কথায় বা গুজবে বিভ্রান্ত হয়ে কোম্পানি চয়েস করে। সেজন্যই অকারণে দুর্বল কোম্পানির দাম বাড়ে, আবার ভাল মৌলভিত্তির কোম্পানির দিকে কারো নজর পড়ে না। এতে করে একশ্রেণির সিন্ডিকেট তথা জুয়াড়িদের ভাগ্য সুপ্রসন্ন হয় আর ক্ষুদ্র বিনিয়োগকারীগণ নিঃস্ব হন। তাই নিজের বিনিয়োগ সুরক্ষা করতে আর দীর্ঘমেয়াদে টিকে থাকতে আর্থিক প্রতিবেদন ভালভাবে বুঝার পর মৌলভিত্তির শেয়ারে বিনিয়োগ করা ছাড়া গত্যন্তর নেই।

প্রশ্ন হলো মৌলভিত্তি বুঝার উপায় কী? কী শর্ত পালিত হলে বুঝা যাবে কোম্পানির আর্থিক অবস্থা ভাল। কোম্পানি যে বার্ষিক, অর্ধবার্ষিক, বা ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে তা কতটা বিশ্বাসযোগ্য? সেসব তথ্যে ম্যানিপুলেশন করা হলে তা বুঝার উপায় কী? এটা না মেনে উপায় নেই যে এসব বিষয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে নানা বিভ্রান্তি ও সংশয় কাজ করে। আর্থিক প্রতিবেদনের ভাষা ঠিকমত বুঝতে পারাটাও যথেষ্ট চ্যালেঞ্জিং। সে বাস্তবতা সত্ত্বেও বলা যায় যে আর্থিক প্রতিবেদনে ম্যানিপুলেশনের সুযোগ থাকলেও তা সীমিত। কোম্পানি গোঁজামিল দিয়ে কিছু কিছু তথ্য পরিবর্তন করতে পারলেও বিনিয়োগকারী সচেতন হলে তা বুঝতে পারার কথা। 

আর্থিক প্রতিবেদনের বিভিন্ন অংশের নানাবিধ সংখ্যার তাৎপর্য্য ও তার ব্যাখ্যা নন-একাউন্টিং ব্যাকগ্রাউন্ডের সাধারণ বিনিয়োগকারীদের কাছে কিছুটা বোধগম্য করতেই আমার এ ক্ষুদ্র প্রয়াস। 

আর্থিক প্রতিবেদনে ৩টি প্রধান অংশ থাকে- ব্যালেন্স সিট, ইনকাম স্টেট্মেন্ট এবং ক্যাশ ফ্লো স্টেট্মেন্ট। সে ৩টি অংশে কোম্পানির আর্থিক অবস্থা সম্পর্কিত অনেক সংখ্যার ভিড়ে মাত্র কয়েকটি সংখ্যার দিকে খেয়াল রাখতে পারলেই সাধারন বিনিয়োগকারীরা নিজেদের স্বার্থ সংরক্ষণ করতে পারবেন। 

ব্যালেন্স সিট বা স্থিতিপত্র হলো কোন নির্দিষ্ট সময়ে কোম্পানির পরিসম্পদ (Asset), মালিকানার অংশ (Equity) এবং দায় (Liability) এর বর্ণ্না। যে সম্পদ কোম্পানী ব্যবসায়ের কাজে খাটাচ্ছে তা হয় মালিকগন ক্যাপিটাল হিসেবে যোগান দিয়েছে (Equity) বা ব্যাংকসহ নানা ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ধার হিসেবে পাওয়া গেছে (Liability)। তাই সর্বদাই Asset হচ্ছে Equity ও Liability এর যোগফল। তবে Equity এর পরিমাণ বেশী না Liability এর পরিমাণ বেশী তা তুলনা করলেই ধারনা করা যায় কোম্পানীর আর্থিক ভিত্তি কেমন। যদি দেখা যায় যে Equity এর তুলনায় Liability এর পরিমাণ অনেক বেশী তাহলে বুঝতে হবে কোম্পানিটি ব্যাংকসহ নানান জায়গা থেকে অনেক ধার করেছে। সেক্ষেত্রে ব্যাংক ঋণের বিপরীতে সুদ টানতে হবে যা কোম্পানীর জন্য অতিরিক্ত ঝুঁকি তৈরি করে। তাই Equity  ও Liability এর অনুপাত কেমন সেটা দেখতে হবে। Equity এর পরিমাণ Liability এর চেয়ে বেশী হলে ভাল। তবে আদর্শ অনুপাত কি হবে তার সুনির্দিষ্ট কোন সংখ্যা নেই। এটি নির্ভর করবে কোন খাতের কোম্পানি তার উপর। ব্যাংক, আর্থিক প্রতিষ্টান এবং ইউটিলিটি কোম্পানিতে অনেক মূলধনের প্রয়োজন হয় যা শুধু স্পন্সরদের পক্ষে যোগান দেয়া সম্ভব হয় না বিধায় Liability এর পরিমাণ বেশী হয়ে থাকে। সে অবস্থায় দেখতে হবে ওই খাতের অন্যান্য ভাল কোম্পানির Equity ও Liability এর অনুপাত কিরূপ।

অনেক কোম্পানি আয়বর্ধক স্ট্র্যাটেজি হিসেবে অধিক ব্যাংক ঋণ বা Liability কে ব্যবহার করে থাকে। যদি ব্যাংক ঋণের সুদ হারের চেয়ে আয় হার বেশী হয় তবে সুদ পরিশোধের পরও যে অতিরিক্ত আয় থাকবে তা ইপিএস বৃদ্ধিতে সহায়ক হয়। এটি কার্যকরী একটি পন্থা হলেও এতে ঝুঁকির পরিমাণ বেশী। কোন কারণে ব্যবসা ক্ষতিগ্রস্থ হলেও ব্যাংক সুদ বহন করতেই হবে এবং সেক্ষেত্রে সুদ পরিশোধের পরে নিট আয় মারাত্মকভাবে কমে যেতে পারে। 

ব্যালেন্স সিটের Equity অংশে দুটি নির্দিষ্ট তারিখের Paid Up Capital, Share Premium (যদি থাকে), Revaluation Reserve, Retained Earnings এর পরিমাণ উল্লেখ থাকে। তার মধ্যে Retained Earnings খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ের Retained Earnings পূর্বের থেকে বেশী হলে ভাল। কারণ তা বুঝায় যে উক্ত সময়ের ব্যবধানে কোম্পানি যে নিট মুনাফা করেছে তা বিতরণের পরও অবশিষ্ট মুনাফা Retained Earnings হিসেবে জমা করেছে। সেক্ষেত্রে আগামীতে মূনাফা কম হলেও সেখানকার অর্থ দিয়ে শেয়ারহোল্ডারদেরকে প্রত্যাশিত ল্ভ্যাংশ দিতে পারবে। তাছাড়াও Retained Earnings কোম্পানীর দৈনন্দিন পরিচালনায় প্রয়োজনীয় মূল্ধনের যোগান দেয় এবং ব্যাংক ঋণের প্রয়োজনীয়তা কমিয়ে দেয়।

ব্যালেন্স সিটের Asset অংশে থাকে দু’টি ভাগ- Current Asset  এবং Non-Current Asset। তেমনি  Liability অংশেও দু’টি ভাগ- Current Liability এবং Non-Current Liability।  Current Liability এর তুলনায় Current Asset যত বেশী হবে ততই ভাল।  তার মানে হলো স্বল্পমেয়াদে কোম্পানী পরিচালনায় মূলধন সংকটের আশংকা নেই। কারণ আগামী ১ বছরের মধ্যে যেসব দায়দেনা মেটাতে হবে তা Current Asset থেকেই পরিশোধ করা সম্ভব হবে। কোম্পানির Current Asset  এবং Current Liability এর অনুপাত ২:১ হলে সেটা ভাল এবং তা ১ এর কাছাকাছি হলে কিছুটা ঝুঁকিপূর্ণ। তবে বিষয়টি মূলত নির্ভর করে সংশ্লিষ্ট কোম্পানির দক্ষতা ও কোন খাতের কোম্পানি তার উপর।  

ব্যালেন্স সিটে আর একটি জিনিস দেখা উচিত যে মোট সম্পদ পূর্বের তুলনায় বৃদ্ধি পাচ্ছে কিনা। সর্বশেষ সময়ের তুলনায় প্রদত্ত পূর্বের সময়ের Total Asset মেলালেই বুঝা যাবে তা বাড়ছে কিনা এবং বাড়লে কি হারে বাড়ছে। যদি Total Asset  এর কোন প্রবৃদ্ধি না থাকে তবে বুঝতে হবে যে কোম্পানি নতুন বিনিয়োগ করছে না। ফলে ভবিষ্যতে আয় বাড়বে না, এমনকি আয় কমে যেতে পারে। সে অবস্থায় ওই কোম্পানিতে নতুনভাবে বিনিয়োগ না করাই উত্তম। 

ইনকাম স্টেটমেন্টকে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টও বলা হয়। এতে নির্দিষ্ট সময়ে (বার্ষিক, অর্ধবার্ষিক, বা ত্রৈমাসিক) কোম্পানির বিক্রয়, উৎপাদন ও অন্যান্য খরচ, ব্যাংক লোনের সুদ, সরকারকে দেয় ট্যাক্স, নিট মুনাফা, শেয়ার প্রতি আয় (ইপিএস) ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য দেয়া হয়। পূর্বের বছরের একই সময়ের সেই তথ্যও সেখানে থাকে যাতে করে তুলনা করা যায় যে সময়ের ব্যবধানে আয়, ইপিএস ইত্যাদি বাড়ছে কিনা। তবে ইনকাম স্টেটমেন্টে প্রদত্ত তথ্য বিনিয়োগকারীকে সতর্কতার সাথে বিবেচনা করেই তা গ্রহন করা উচিত হবে, বিশেষ করে অনির্ভরযোগ্য কোম্পানির অনিরিক্ষীত, অর্ধবার্ষিক ও ত্রৈমাসিক স্টেটমেন্টকে । কারণ আইনি সীমার মধ্যে থেকেও বিক্রয় তথা নিট লাভ স্ফীত কংবা কম করে দেখানো সম্ভব। উদাহরণস্বরূপ কোন কোম্পানি হয়তো বাকীতে পণ্য বিক্রি করলো এবং বিক্রয়লব্ধ অর্থ আদায় হওয়ার সম্ভাবনা নেই। তারপরও সেরূপ বিক্রয়কে আয় হিসাবে দেখানো যেতে পারে। ব্যাংক তার খেলাপি ঋণের অনাদায়ী অংশ  ঠিকভাবে হিসাবে না এনে বরং সেরূপ ঋণের বিপরীতে প্রাপ্য সুদকে আয় ধরে ইনকাম অনেক স্ফীত করে দেখাতে পারে। নিয়ম মোতাবেক অনাদায়ী ঋণের বিপরীতে সুদ তো ধরাই যাবে না বরং প্রদত্ত ঋণের মূল টাকা রাইট-অফ করে ইনকাম থেকে বাদ দেয়ার কথা। ইনকাম স্টেটমেন্ট প্রস্ততকালে কোম্পানির ম্যানেজমেন্ট নির্ধারিত সময়ের পরের আয়কেও অন্তর্ভুক্ত করে দেখাতে পারে কিংবা ব্যয়কে নির্ধারিত সময়ের পরের ব্যয় হিসাবে দেখাতে পারে। নিরীক্ষিত হিসাবে সেটা সাধারনভাবে হয় না; কারণ নিরীক্ষক সে হিসাব পুনঃপরীক্ষা করে দেখতে পারে। তবে অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক প্রতিবেদন নিরীক্ষিত নয় বিধায় সেখানে ম্যানিপুলেশনের সুযোগ থেকে যায়। সেরূপ বাস্তবতায় কোন কোম্পানির অর্ধবার্ষিক বা ত্রৈমাসিক রিপোর্টে প্রদত্ত তথ্য বিনিয়োগকারী কতটা আস্থার সাথে গ্রহণ করবে তা নির্ভর করবে সে কোম্পানির ম্যানেজমেন্টের ইন্ট্রিগ্রিটির ট্রাক রেকর্ডের উপর।

ইনকাম স্টেটমেন্টের অন্যতম গুরুত্বপূর্ণ দেখার বিষয় হলো সময়ের সাথে সাথে বিক্রয় প্রবৃদ্ধি এবং নিট ইনকাম এর প্রবৃদ্ধি হচ্ছে কিনা। উভয়েরই প্রবৃদ্ধি হলে সমানতালে তা হচ্ছে কিনা। যদি দেখা যায় যে বিক্রয় প্রবৃদ্ধি যে হারে হচ্ছে সে হারে নিট ইনকাম এর প্রবৃদ্ধি হচ্ছে না তাহলে বুঝা যাবে যে কোম্পানির প্রশাসনিক ও অন্যান্য ব্যয় বৃদ্ধি অনেক বেশী হচ্ছে যা নিট ইনকাম কমিয়ে দিচ্ছে। সে অবস্থা কোম্পানির অদক্ষতার পরিচায়ক। 

আর্থিক প্রতিবেদনের ৩য় স্তম্ভ ক্যাশ ফ্লো স্টেটমেন্টের গুরুত্ব সম্পর্কে অনেক বিনিয়োগকারীই অবহিত নন। অথচ এটি খুবই গুরুত্বের দাবী রাখে। ক্যাশ ফ্লো স্টেট্মেন্টর ৩টি অংশ থাকে- Cash Flow from Operating Activities, Cash Flow from Investing Activities ও Cash Flow from Financing. এ ৩টি অংশের মধ্যকার সম্পর্ক বিনিয়োগকারীর বোঝা দরকার। যেমন,Operating Activities অংশে ক্যাশ ফ্লো Positive হলে সেই ক্যাশ দিয়ে আয়বর্ধক স্থায়ী বিনিয়োগ করা যায় কিংবা ব্যাংকের দেনা মেটানো যায়। ইনকাম স্টেটমেন্ট আয়ের তথ্য ম্যানিপুলেশনের মাধ্যমে বাড়ানো কমানো সম্ভব হলেও ক্যাশ ফ্লো স্টেটমেন্টে তা ধরা পড়বে। উদাহরণস্বরূপ, বাকীতে বিক্রি করে আয় দেখানো গেলেও বিক্রয়লব্ধ অর্থ কোম্পানির হিসাবে জমা না হলে ক্যাশ ফ্লো’তে তা প্রদর্শিত হবে না। ইনকাম স্টেটেমেনটন্টে দেখানো বিক্রয় বা টার্নওভার ক্যাশ ফ্লো’র Operating Activities অংশের সাথে সংগতিপূর্ণ কিনা তা দেখতে হবে। 

‘Cash Flow from Operating Activities অংশে কাস্টমারদের থেকে যে পরিমাণ অর্থ কোম্পানির হিসাবে জমা হয়েছে এবং কাঁচামাল ক্রয়, এমপ্লয়ীদের বেতনভাতাসহ অন্যান্য ব্যয় বাবদ যে খরচ হয়েছে তার মোট পরিমাণ দেখানো হয়। যে পরিমাণ ক্যাশ আসলো (ইনফ্লো) তা থেকে যে পরিমাণ ক্যাশ বাইরে গেলো (আউটফ্লো) বাদ দিলে পাওয়া যায় Net Operating Cash Flow। এটি পজিটিভ এবং পরিমাণ যত বেশী হয় ততই ভাল। আর এটি নেগেটিভ হলে তা বড় রেড সিগন্যাল। তার অর্থ দাঁড়ায় যে দৈনন্দিন কার্যক্রম পরিচালনায় যে অর্থ লাগবে তা মেটাতে কোম্পানীকে ব্যাংকের দারস্থ হতে হবে যার ফলে ভবিষ্যতে সুদের চাপ বাড়বে।’

ক্যাশ ফ্লো স্টেটমেন্টে আরো ফুটে ওঠে কোম্পানির আর্থিক অবস্থানের সুনির্দিষ্ট গতিপ্রবাহ। যদি দেখা যায় যা Investment Activities অংশে প্লান্ট ইকুইপমেন্ট বা সিকিউরিটিজ ক্রয় বাবদ তেমন ব্যয় নেই তবে বুঝতে হবে কোম্পানি আর্থিক সংকটে আছে যার ফলে ভবিষ্যতে আয় বৃদ্ধির সুযোগ কম। Investment Activities অংশে ব্যয় বৃদ্ধি তথা ক্যাশ আউটফ্লো হলে তা ভাল। আবার Financing Activities অংশে ব্যাংকের ধার পরিশোধ বাবদ ক্যাশ আউট-ফ্লো হলে তা কোম্পানির জন্য সুখবর। কারণ ব্যাংকের দেনা পরিশোধ হওয়ার ফলে ভবিষ্যতে সুদ পরিশোধ বাবদ খরচ কমবে যার ফলে নিট আয় বাড়বে এবং সে অর্থ দিয়ে বিনিয়োগকারীদের অধিক হারে লভ্যাংশ দেয়া সম্ভব হবে। ঠিক একইভাবে নতুন ঋণ নেয়া হলে Financing Activities অংশে ক্যাশ ইনফ্লো হবে যা ভবিষ্যতের নিট আয় কমিয়ে দিতে পারে। 

ক্যাশ ফ্লো স্টেট্মেন্ট থেকে সহজেই ফ্রি ক্যাশ ফ্লো হিসাব করা যায়। ফ্রি ক্যাশ ফ্লো হচ্ছে কোম্পানি পরিচালনায় প্লান্ট ও ইকুইপমেন্ট রক্ষনাবেক্ষণ করার পরে অবশিষ্ট ক্যাশের পরিমাণ।Operating Activities অংশের ক্যাশ থেকে Investment Activities অংশের প্লান্ট বা ইকুইপমেন্ট রক্ষণাবেক্ষণ ব্যয় বাদ দিলে পাওয়া যায় ফ্রি ক্যাশ ফ্লো। এটিই মূলতঃ কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য ব্যয়িতব্য অর্থের পরিমাণ যা লভ্যাংশ হিসাবে বিতরণ করা যায়, ব্যাংক লোন পরিশোধ করা যায় কিংবা উভয় কাজেই আনুপাতিকভাবে বন্টন করা যায়। তাই বিনিয়োগের সময় কোন কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো’র অবস্থা বিবেচনা করা হবে বুদ্ধিমানের কাজ।

আর্থিক প্রতিবেদনে বর্ণিত ৩টি অংশের সংখ্যা ব্যবহার করে সহজেই প্রয়োজনীয় রেশিওগুলো, যেমন ইপিএস, ডিভিডেন্ড ইল্ড, রিটার্ণ অন ইক্যুইটি, পি-ই রেশিও, প্রাইস আর্নিং গ্রোথ, ডেট-ইক্যুইটি রেশিও, ফ্রি ক্যাশ ফ্লো’সহ নানাবিধ রেশিও ক্যালকুলেট করা যায় যা দিয়ে কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা বুঝা যায়। সেসব গুরুত্বপূর্ণ রেশিওগুলো সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহনে দারুণভাবে সহায়ক হয়।

পরিশেষে বলতে চাই যে শেয়ার মার্কেটে টিকে থাকতে এবং লাভ করতে প্রথমেই প্রয়োজন কোম্পানির সব ধরনের আর্থিক প্রতিবেদন ভালভাবে যাচাই বাছাই করা। সে প্রতিবেদনের বিভিন্ন অংশের মধ্যে সম্পর্ক চিহ্নিত করার মাধ্যমে কোম্পানির মৌলভিত্তির প্রকৃত অবস্থান উপলব্ধি করা এবং তদনুযায়ী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা। সেটা প্রথম প্রথম কঠিন কাজ মনে হলেও আন্তরিক প্রচেষ্টা থাকলে সাধারণ বিনিয়োগকারীগণও তা ক্রমান্বয়ে রপ্ত করতে পারবে বলে দৃঢ়ভাবে বিশ্বাস করি।

লেখক: অতিরিক্ত সচিব (পিআরএল)