শিল্প-বাণিজ্য-অর্থনীতিবিষয়ক বাংলা দৈনিক পত্রিকার পথিকৃৎ দৈনিক বণিক বার্তার দশ বছর পূর্তিতে এর সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। পত্রিকাটি আমার পেশাগত জীবনে বিশেষভাবে আমাকে সহায়তা করে, যেহেতু অর্থনীতি নিয়ে গবেষণা করাই আমার কাজ। বিভিন্ন সময়ে বণিক বার্তায় প্রকাশিত সংবাদ, বিভিন্ন রকম প্রতিবেদন আমাকে বিশেষভাবে আকর্ষণ করে।
আমি বরাবরই দেখেছি বণিক বার্তা শিল্প-বাণিজ্য-ব্যবসার নানা দিক নিয়ে গঠনমূলক নানান সংবাদ প্রকাশ করে। বণিক বার্তা কেবল একটি সংবাদপত্রই নয়, বিভিন্ন সময়ে শিল্প-বাণিজ্যে যারা অগ্রণী ভূমিকা রাখছেন, তাদেরকে সম্মানিত করার ক্ষেত্রেও বণিক বার্তার ভূমিকা রয়েছে। আমি নিজেও বণিক বার্তায় বিভিন্ন সময় লিখে থাকি এবং যে প্রক্রিয়ার মাধ্যমে বণিক বার্তায় লেখা প্রকাশনা করা হয়, সেখানে পেশাদারিত্বের ছাপ রয়েছে। পত্রিকাটি এরই মধ্যে তার পাঠক তৈরি করতে পেরেছে, যে পাঠক অপেক্ষা করে থাকে বণিক বার্তাটি সকালে কখন তারা দেখতে পাবে।
বণিক বার্তা শুধু যে প্রিন্ট সংস্করণ করে তা নয়, তাদের অনলাইন প্রকাশনাও তাত্ক্ষণিকভাবে আমাদের সাহায্য করে। বণিক বার্তা যেভাবে দেশের শিল্প-ব্যবসা-বাণিজ্য-অর্থনীতির খবরগুলো সবার কাছে তুলে ধরছে, আমি মনে করি তারা এই যাত্রা অব্যাহত রাখবে, পাশাপাশি বণিক বার্তা যেহেতু এখন শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত পত্রিকা, তাই বিভিন্ন ধরনের গবেষণাধর্মী কার্যক্রমে বা প্রতিবেদনে তাদের অবদান থাকবে বলে আশা করি।
পাশাপাশি আমি মনে করি যে বণিক বার্তা তাদের বিশেষ প্রতিবেদনগুলো আলাদা করে প্রকাশনা করতে পারে তাদের দশ বছরপূর্তি উপলক্ষে। আগামীতে বণিক বার্তা এভাবেই যেন তার অগ্রযাত্রা অব্যাহত রাখে। নতুন নতুন দিগন্তে ব্যবসা-বাণিজ্য-অর্থনীতির সঠিক খবরটি আমাদের মতো পাঠকের কাছে যেন পৌঁছে দেয়, সেই আশাবাদ রাখছি।
ড. নাজনীন আহমেদ: সিনিয়র রিসার্চ ফেলো, বিআইডিএস










