আগে থেকেই বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোয় তারল্য প্রবাহের ঘাটতি ছিল। করোনাকালে এ সংকট আরো প্রকটতর হয়েছে। করোনার আঘাতের পর থেকে ব্যাংকগুলোয় আমানত আসা প্রায় বন্ধ। প্রাপ্ত তথ্যানুযায়ী, দেশে বেশির ভাগ বেসরকারি ব্যাংকেরই আমানত গত তিন মাসে কমেছে। এ অবস্থায় দৈনন্দিন লেনদেন মেটাতে ব্যাংকগুলো কলমানি বাজারের দিকে ঝুঁকেছে। সংগত কারণে কলমানি বাজারে বেড়েছে সুদহার। কিন্তু প্রকৃত সমস্যা হলো, বেশি সুদেও চাহিদা অনুযায়ী সেখানে ধার পাওয়া যাচ্ছে না। ফলে কেন্দ্রীয় ব্যাংকের রেপো সুবিধাই হয়ে পড়েছে ব্যাংকগুলোর মূল ভরসার জায়গা। করোনার প্রতিঘাত থেকে কিছুটা সুরক্ষা দিতে বাংলাদেশ ব্যাংক গত মার্চেই রেপো সুদহার ৬ শতাংশ থেকে ৫ দশমিক ২৫ শতাংশ কমানোর উদ্যোগ নিয়েছিল। এ উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল তহবিল সংকটে থাকা ব্যাংকগুলো উপায়হীন হলে অন্তত কেন্দ্রীয় ব্যাংক থেকে যেন ধার নিয়ে দৈনন্দিন কাজ সমাধা করতে পারে। অথচ এখন এটিই হয়ে উঠেছে বেসরকারি ব্যাংকগুলোর ব্যবসার মূল আর্থিক হাতিয়ার।

বণিক বার্তায় প্রকাশিত সংশ্লিষ্ট প্রতিবেদনের তথ্যে মিলছে, বাংলাদেশ ব্যাংক থেকে রেপোতে ধার নেয়া অর্থ বিনিয়োগ করছে সরকারি ট্রেজারি বিল-বন্ডে। সংগৃহীত ওই অর্থ আবার ঋণ দিচ্ছে সরকারকেই। রেপো সুদহার যেখানে ৫ দশমিক ২৫ শতাংশ, ব্যাংক থেকে সরকারের ঋণের সুদহার সেখানে ৮ শতাংশের বেশি। অর্থাৎ কম সুদে সংগৃহীত কেন্দ্রীয় ব্যাংকের টাকাই আবার সরকারকে বেশি সুদে ঋণ দিচ্ছে অনেক বেসরকারি ব্যাংক। মাঝখানে মুনাফা হচ্ছে তাদেরই। এটি রেপো সুবিধার মূল উদ্দেশ্যের সঙ্গে মোটেই সংগতিপূর্ণ নয়।

এদিকে সরকার দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। রাজস্ব আয় নিম্নমুখী; নানা শর্তের বেড়াজালে সঞ্চয়পত্র কেনায়ও ভাটা পড়েছে। ফলে ব্যয় অর্থায়নে সরকার ক্রমেই ব্যাংক ব্যবস্থার দিকে ঝুঁকছে। সেখান থেকে অব্যাহত নিয়ে চলেছে ঋণ। এর ওপর চলছে করোনাকাল। করোনার অভিঘাত মোকাবেলায় অর্থনীতির নানা খাতের জন্য উল্লেখযোগ্যসংখ্যক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। এসব প্যাকেজ বাস্তবায়নে সরকার মূলত নির্ভর করছে ব্যাংকের ওপর। এটা ব্যাংক ব্যবস্থার ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করেছে বৈকি। অন্যদিকে ব্যক্তি খাতে বিনিয়োগ স্থবির। করোনাকালে এ খাতের শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানগুলো আরো বেশি ধুঁকছে। এ অবস্থায় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো ব্যক্তি খাতে ঋণ দেয়া নিরাপদ মনে করছে না। তাদের ধারণা, এ খাতে ব্যবসা মন্দ যাওয়ায় ঋণ ফেরত আসবে না; খেলাপি বাড়বে। তদুপরি, বেসরকারি খাতে ঋণ দেয়া হলে বিতরণকৃত ঋণের বিপরীতে ১ শতাংশ সাধারণ সঞ্চিতি রাখা অত্যাবশ্যক। তারল্য সংকটের চলমান বাস্তবতায় তা তহবিল ব্যয় আরো বাড়াবে। সেই বিবেচনায় সরকারকে ঋণ দেয়াই আপাতত নিরাপদ মনে করছে বাণিজ্যিক ব্যাংকগুলো। কেননা এতে ঋণের অর্থ মার যাওয়ার আশঙ্কাটি নেই। মূলত এজন্যই তারা রেপো সুবিধার অপব্যবহার করে কম সুদে বাংলাদেশ ব্যাংক তহবিল সংগ্রহপূর্বক আবার সরকারকেই তুলনামূলক উচ্চ সুদে ধার দিতে মরিয়া। এতে বেসরকারি খাত ঋণ থেকে বঞ্চিত হচ্ছে।

ব্যয় মেটানোর ক্ষেত্রে সরকারের উচিত ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নেয়া কমানো। এক্ষেত্রে পরোক্ষভাবে না নিতে চাইলে আপাতত কেন্দ্রীয় ব্যাংক থেকে নিজেই সরাসরি ধার নিতে পারে। এখন অর্থনীতির অন্য সূচকগুলো দমিত হলেও বৈদেশিক মুদ্রার সঞ্চয়ন ঊর্ধ্বমুখী। অতীতের সব রেকর্ড ছাপিয়ে সম্প্রতি বাংলাদেশের বৈদেশিক মুদ্রার সঞ্চিতি ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে; করোনা মহামারীর মধ্যেও যা একটি আশাব্যঞ্জক খবর। কাজেই এটিকে কাজে লাগানো যেতে পারে। করোনা সংক্রমণকালে রাজস্ব আহরণ পরিস্থিতি উন্নয়নের সম্ভাবনা ক্ষীণ। সেক্ষেত্রে মফস্বল শহর, উপশহর ও উপজেলা পর্যায়ের অর্থবানদের টার্গেট করতে হবে। উল্লিখিত এলাকায় করযোগ্য অনেক মানুষ বাস করে; কিন্তু কর দেয় না। তাদের করের আওতায় আনা যেতে পারে। এতে সরকারের আয় ঘাটতির কিছুটা হলেও উন্নয়ন ঘটবে বৈকি। তাছাড়া সরকারি কাজে অনেক বাহুল্য ব্যয় বিদ্যমান। জনগুরুত্বপূর্ণ স্বল্পসংখ্যক প্রকল্প রেখে আপত্কালে অন্য প্রকল্পগুলোর বাস্তবায়ন স্থগিত করা দরকার। চাইলে এডিপির অব্যবহূত অর্থ খরচ করতে পারে। আরেকটি বিষয়, এ মুহূর্তে সরকারের উচিত বিদেশী সহায়তা ও বেসরকারি তহবিল ব্যবস্থাপনা সংস্থাগুলোর স্বল্প ব্যয়ের তহবিলের দিকে নজর দেয়া। বিশ্বব্যাংক, এডিবি ও আইএমএফ এরই মধ্যে অর্থসহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। এ ধরনের সহায়তার চেষ্টা আরো করে যেতে হবে। তাহলে স্থানীয় ব্যাংকগুলোর ওপর চাপ অনেকটাই কমবে। 

বলার অপেক্ষা রাখে না, একটি দেশের ব্যক্তি খাতের জন্য ব্যাংকই হলো ঋণের অন্যতম বড় উৎস। ব্যাংক ব্যবস্থা থেকে ব্যক্তি খাতে কী পরিমাণ ঋণ প্রবাহিত হচ্ছে, তার ওপর নির্ভর করে দেশের ব্যক্তি খাতের বিনিয়োগ পরিস্থিতি, এ খাতের ভবিষ্যৎ এগিয়ে যাওয়া। ব্যক্তি খাতে ঋণ সরবরাহ সংকুচিত হলে এখানে স্থবিরতা নেমে আসে। এর প্রতিঘাত পড়ে পুরো অর্থনীতির ওপর। ব্যক্তি খাতে ব্যাংকগুলো থেকে ঋণপ্রবাহ সংকোচন মূলত তখনই বেশি ঘটে, যখন ব্যাংক খাতের ঋণের ওপর সরকারের নির্ভরতা অনেক বেড়ে যায়। বাংলাদেশে বর্তমানে কার্যত তেমন পরিস্থিতিই বিরাজমান। সরকার একদিকে ব্যক্তি বিনিয়োগ উৎসাহিতকরণের কথা বলছে, অন্যদিকে ব্যাংক থেকে নিজেই অতিমাত্রায় ঋণ নেয়ার মাধ্যমে উল্টো কাজ করছে। এতে ব্যক্তি খাতে ঋণ তথা বিনিয়োগপ্রবাহ ক্রমেই শুকিয়ে আসছে; যার প্রত্যক্ষ প্রতিফলন হলো বেসরকারি ঋণ প্রবৃদ্ধি এখন এক যুগের সর্বনিম্নে নেমে এসেছে। সামনে আরো কমবে। কাজেই বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার ব্যাংক থেকে ঋণ কমাতে বিকল্প অর্থায়নের উৎস অন্বেষণ এবং ব্যাংকগুলো বেসরকারি খাতে অর্থপ্রবাহ বাড়াতে কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা।