অনেক বড় একটি রেস্তোরাঁতে সঙ্গিনীকে নিয়ে খেতে গেছেন। দুজন দুটি ভিন্ন ভিন্ন কাচ দিয়ে বেষ্টিত ক্ষুদ্র কক্ষে খাচ্ছেন আর খাবারের অর্ডার সংগ্রহ করছে কোনো একটি রোবট। অথবা আপনি প্রেসিডেন্ট ট্রাম্প বা কিম জং উনকে গালাগাল করছেন কিন্তু সেটি জেনে যাচ্ছে তাদের নিজেদের লোকজন। কারণ আপনার ত্বকের নিচে আছে বায়োমেট্রিক চিপ। 

কথাগুলো খুবই কাল্পনিক মনে হলেও ২০১৯ সালের নভেম্বরের পর বাস্তব হতে চলেছে। এখন হয়ত এগুলোর সঙ্গেই আমাদের মানিয়ে চলতে হবে, এই পরিবর্তিত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। করোনা পরবর্তী সময়ে ইতিহাসবিদ ইয়োভাল নোয়া হারারির একটি বক্তব্য আলোড়ন সৃষ্টি করেছে। বিবিসিকে দেয়া সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন পৃথিবীতে কভিড-১৯ এর পর গণনজরদারির এক রাষ্ট্রের উদ্ভব হতে পারে। যেখানে নাগরিকের সকল কিছু হাসি-কান্না, পছন্দ-অপছন্দ, আবেগ , গতিবিধি সবকিছুরই খবর জানবে রাষ্ট্র। আমরা এখন যে বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইলের সিম রেজিস্ট্রেশন করি, কিছুদিন পর হয়ত ঠিক এইভাবেই শরীরের ভেতরে চিপ ঢুকিয়ে পুরো দেশের জনগোষ্ঠীকেই নিয়ন্ত্রণ করা হবে। আর এই দিক থেকে এগিয়ে আছে চীন। তারা কিছু কিছু জায়গায় স্মার্টফোন মনিটর করা শুরু করে দিয়েছে। মানুষের মুখ চিনতে পারা যায় এরকম একলাখ ক্যামেরা বসিয়েছে। 

কভিড-১৯ পরবর্তী সময়ে সরকার হয়ত বাধ্য করবে বায়োমেট্রিক পদ্ধতিতে মানুষের চিকিৎসার সব খবর দিতে। যেই বায়োমেট্রিক আপনার রোগের খবর রাখবে সেই বায়োমেট্রিকই কিন্তু আপনার গতিবিধির নজর রাখতে সক্ষম হবে। সুতরাং কভিড-১৯ পরবর্তীতে বিশ্বায়ন টিকে থাকবে নাকি আবার জাতীয়তাবাদ ফিরে আসবে নাকি সমাজতন্ত্র নতুনভাবে বিকাশ লাভ করবে সেটি সময়ই বলবে।

কভিড-১৯ পরবর্তী বিশ্ব রাজনীতি কেমন হবে সেটা বলার সময় এখনই আসেনি। তবে কিছু জিনিস অনুমান করাই যায়। কভিড-১৯-ই হবে বিশ্বায়নের শেষ অধ্যায় অথবা বিশ্বায়নের নতুন অধ্যায়। হয়ত সে অধ্যায়ের নেতৃত্বে আসবে নতুন কেউ। ২৫ ডিসেম্বর ১৯৯১ সালে শেষবারের সোভিয়েত রাশিয়ার পতাকা উত্তোলন হয়। সেই থেকে শুরু হয় মার্কিন সাম্রাজ্যবাদী আগ্রাসন। আমেরিকার ছিল বিশাল অর্থনীতি এবং একইসঙ্গে সর্বাধুনিক সমরশক্তি। নিজের স্বার্থকে সুসংহত করতে ইরান, উত্তর কোরিয়া, ইরাক ও লিবিয়াসহ বিভিন্ন দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ সামরিক শক্তি প্রয়োগ করেছে। নিকারাগুয়ার কন্ট্রা বিদ্রোহীদের পরোক্ষভাবে সাহায্য করেছে শুধু নিজের স্বার্থকে টিকিয়ে রাখতে। 

আমেরিকা তার সামরিক শক্তির সর্বাত্মক প্রয়োগ শুরু করে ৯/১১ এর পর। সম্পূর্ণ মধ্যপ্রাচ্যকে নিজের অধীনে আনার জন্য সামরিক আগ্রাসন চালিয়েছে। যদিও এর পেছনে মূল ছিল তেল বাণিজ্য। 

যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম পরাশক্তি কিন্তু একক পরাশক্তি আর নেই। যে বিশ্বায়নের স্বপ্ন আমেরিকা দেখত ও তার নিজ মতাদর্শের দেশগুলোকে দেখাত, কভিড-১৯ সেই বিশ্বায়নকেই আমেরিকার জন্য কিছুটা হলেও মিথ্যা প্রমাণ করেছে। আমেরিকার রাস্তায় আজ লাশের স্তূপ, হাসপাতালগুলোতে রোগী রাখার কোনো জায়গা নেই, গণকবরের ব্যবস্থা করা হচ্ছে। নিজেদের দেশের বড় বড় শহর লকডাউন। অফিস-আদালত ব্যবসা বাণিজ্য সব বন্ধ। কার্যত স্থবির হয়ে আছে আমেরিকা। বেকারত্বের হার বেড়েই চলেছে এর সঙ্গে তো আগের যুদ্ধের ব্যয় রয়েছেই। সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত এখন আমেরিকাতে। সব মিলিয়ে টালমাটাল এক অবস্থা। 

যে ইঙ্গ-মার্কিন পরাশক্তি সমগ্র বিশ্ব দাপিয়ে বেড়িয়েছে, আজ তারাই সবথেকে বেশি দুর্দশাগ্রস্ত। আমেরিকার বিশ্বায়ন থিওরি আজ মিথ্যা। ইতালিতে যখন লাশের স্তূপ, তখন তার দিকে কেউ ফিরেও তাকায়নি। শুরু থেকেই এনিয়ে অভিযোগ করে আসছে ইতালি। স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানিসহ সমগ্র ইউরোপ যখন মহামারীর তাণ্ডবে ছিন্ন ভিন্ন তখন কেউই কারো পাশে থাকেনি। যে যার যার নিজের মানুষকে বাঁচাতেই হিমশিম খাচ্ছে। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। 

এই ভাইরাসটির উৎপত্তি কোথায় সেটা যথেষ্ট বিতর্কের বিষয়। কিন্তু কভিড-১৯ এর শুরু থেকেই আমেরিকা-চীন পরস্পর বিরোধী বক্তব্য দিয়ে চলেছে। আমেরিকা বরাবরই কভিড-১৯ কে চীন সৃষ্ট ভাইরাস বললেও তারা সেটি অস্বীকার করে আসছে। আমেরিকার বিখ্যাত চিকিৎসা ব্যবস্থা যখন ব্যর্থ ঠিক তখনই চীন আদতে কিছুটা হলেও এই ভাইরাস নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। ইউরোপ আমেরিকার সমস্ত চিকিৎসা ব্যবস্থা যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে চীন আপাত দৃষ্টিতে সফল। প্রথমদিকে মৃত্যুপূরীতে পরিণত হলেও তারা কিছুটা হলেও এই ভাইরাসকে এখন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অথবা স্টেডিয়ামকে তারা রাতারাতি পরিণত করেছে হাসপাতাল অথবা আইসোলেশন সেন্টারে। পুরো দেশকে লকডাউন করেছে তারা। যে উহান থেকে এই ভাইরাসের উৎপত্তি সেই উহানের সকল মানুষকে (১ কোটি ১১ লাখ) দুই সপ্তাহে পরীক্ষায় আওতায় এনেছে। 

কভিড-১৯ এর পর থেকে চীন তার স্বাস্থ্য ব্যাবস্থাকে ঢেলে সাজানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এক দশক আগেই স্বাস্থ্যবীমা প্রবর্তন করেছে চীন। চীন এখন পারিবারিক চিকিৎসক, ফাইভ-জি প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চিকিৎসা ক্ষেত্রে পরিবর্তন আনতে সচেষ্ট। কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেলিমেডিসিনের মাধ্যমে হাসপাতালের ওপর চাপ কমাতে তারা সক্ষম হবে। যে চীনকে নিয়ে এত অভিযোগ সেই চীনই এখন অন্যান্য রাষ্ট্রের দিকে তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্বের অন্যান্য রাষ্ট্রও চীনের দেখানো কভিড-১৯ এর চিকিৎসা ব্যবস্থার পথে হাঁটছে। চীন এখন বিশ্বের অন্যান্য দেশকে মাস্ক, পিপিইসহ বিভিন্ন ধরনের সহায়তা দিচ্ছে। ইতালিকে তারাই ট্রেন বোঝাই সুরক্ষা সামগ্রী পাঠিয়েছে। আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে তারাই সুরক্ষা সামগ্রী পাঠিয়েছে। সুতরাং বিশ্বায়নের আমেরিকারসহ তার মিত্র দেশগুলো যেখানে ব্যর্থ, সমাজতান্ত্রিক চীন সেখানে সফল। সুতরাং বিশ্বের নেতৃত্বেও পরিবর্তন যে আসন্ন সেটা বলাই বাহুল্য। 

বিশ্ব অর্থনীতিতে চীনের ভূমিকা অনস্বীকার্য। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় হুমকি এই চীন। বিশ্বের শিল্পায়নের ৭০ শতাংশ কাঁচামাল সরবারহ করে এই চীন। আমেরিকা ও তার মিত্র দেশগুলো এই বৈশ্বিক মহামারীর পরিপ্রেক্ষিতে সংগঠিত বেকারত্ব, বাণিজ্য ঘাটতি, পুঁজির সংকট, বাজেট ভর্তুকি দিতে পর্যুদস্ত হবে। যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে বেকার ভাতা। সুতরাং তারা এখন তাদের নিজেদের ঘর সামলাতে ব্যস্ত থাকবে। আর এটাই সুযোগ চীনের। তারা তাদের প্রভাবকে আরও বেশি প্রসারিত করবে। ধারণা করা হচ্ছে, ২০২০ সালের প্রথম তিন মাস করোনা থাকা সত্ত্বেও চীনের অর্থনীতি ৮ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে যাচ্ছে। চীন আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছে। কিছু কিছু কারখানা তাদের উৎপাদন শুরু করেছে। চীন যেখানে কার্যত স্বাভাবিক জীবনের দিকে অগ্রসর হচ্ছে, সেখানে আমেরিকা ও ইউরোপে এখনও লকডাউন বলবত রয়েছে। তাদের শেয়ারবাজারগুলোতে ধস নামছে। 

করোনার এই মহামারীতেও  প্রেসিডেন্ট শি জিন পিং তার মেইড ইন চায়না ২০২৫ প্রকল্প বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার বদ্ধ। প্রেসিডেন্ট এখন রফতানির জন্য হাই-টেক প্রযুক্তির ওপর গুরুত্ব দিয়েছেন। ২০১৫ সালে চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা মিলে তৈরি করে ব্রিকস। এই ব্রিকসই তৈরি করেছে নিউ ডেভলপমেন্ট ব্যাংক বা এনডিবি। ধারণা করা হচ্ছে করোনা পরবর্তী সময়ে কার্যক্রম ও সদস্য সংখ্যা বাড়ানো হবে। আর এতে করে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের ক্ষমতা কমবে। তার মানে ক্ষমতা হারাবে আমেরিকা ও তার মিত্রদেশ। 

অন্যদিকে রাশিয়াও কিন্তু এখন আর সেই রাশিয়া নেই। গর্বাচেভের সোভিয়েত রাশিয়া ভাঙার পর অনেক সময় পার হয়েছে। পুতিনের বলিষ্ঠ নেতৃত্ব আবার রাশিয়াকে তার হারানো গৌরব ফিরে পেতে সাহায্য করেছে। রাশিয়ার কারণেই সিরিয়ার দখল আমেরিকা এখনও নিতে পারেনি। ইরানের ক্ষেত্রেও তারা একই পন্থা অবলম্বন করেছে। আমেরিকা ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করলে পাশে দাঁড়ায় রাশিয়া। যেই আইএসকে তিনবছর ধরে আমেরিকা নির্মূল করতে পারেনি, রাশিয়া সেই আইএসকে বোমা নিক্ষেপের মাধ্যমে কার্যত বিলুপ্ত করে দিয়েছে। উল্টো মধ্যপ্রাচ্যের অস্ত্র ব্যবসায়ে তারা এখন আমেরিকার অংশীদার। ভ্লাদিমির পুতিন অনেক দিন থেকেই নীরব দর্শকের ভূমিকায়। করোনা মোকাবেলায়ও রাশিয়া আমেরিকার চেয়ে সফল। আমেরিকায় যেখানে মারা গেছে এক লাখের বেশি, সেখানে রাশিয়াতে মারা গেছে মাত্র পাঁচ হাজারের কিছু বেশি। সুতরাং করোনা মোকাবেলায় যে রাশিয়া সফল সেটা বলার অপেক্ষা রাখে না। ঠিক একইভাবে করোনা মোকাবেলায় সফল উত্তর কোরিয়া এবং ভিয়েতনাম। যদিও উত্তর কোরিয়ার কোনো কথাই আমেরিকা তথা পশ্চিমা বিশ্ব কখনোই বিশ্বাস করে না। কট্টর সমাজতান্ত্রিক দেশটির ভেতরে ঢোকা ও বের হওয়া একপ্রকার অসম্ভব। কিন্তু যে দেশটির অধিকাংশ মানুষ মৌলিক চিকিৎসায় প্রশিক্ষণপ্রাপ্ত এবং যাদের স্থল, নৌ ও আকাশপথ কার্যত সবসময় বন্ধ থাকে তারা এই দাবি করতেই পারে। 

করোনা পরবর্তী বিশ্বে পরিবর্তন অবধারিত। এখন পর্যন্ত যে কয়েকটি দেশ কিছুটা হলেও করোনাকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে তার বেশিরভাগ সমাজতান্ত্রিক ঘরানার। সুতরাং সত্তর বছর ধরে একচেটিয়া ক্ষমতা বিস্তারকারী সমাজতন্ত্র পৃথিবীকে আবার নেতৃত্ব দিবে কিনা সেটা সময়ই বলে দেবে। কিন্তু বিশ্বের নেতৃত্বের লাগাম যে আোত দৃষ্টিতে আমেরিকার হাত থেকে চীনের দিকে যাচ্ছে সে কথা বলাই যায়। 

লেখক: এনজিও কর্মী