করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের অর্থনীতিতে স্থবির অবস্থা বিরাজ করছে। আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে দেশের মৃত্যু সংখ্যাও। টানা ৬৬ দিন সাধারণ ছুটি বা লকডাউনে সারা দেশ অচল থাকলেও থেমে ছিলনা দেশের সকল তফসিলি ব্যাংকসমূহের কার্যক্রম। ব্যাংকাররা ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে জীবনের সকল মায়া ত্যাগ করে দায়িত্ব পালন করে চলেছেন। ইতোমধ্যে সরকার ৩১ মে থেকে সাধারণ ছুটি বাতিল করে লকডাউন শিথিল করেছে। এমনিতেই দেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। বেড়ে চলেছে মরণঘাতী করোনার সংক্রমণের ধার। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের হার। বৃদ্ধি পাচ্ছে মৃত্যুর সংখ্যাও। সরকার সাধারণ ছুটি বাতিল করে দেশের সকল ব্যাংকসমূহকে খুলে দিয়েছে। রাষ্ট্রের অর্থনীতির চাকা পুনরুজ্জীবিত করতে এবং অর্থনীতির প্রবাহকে সচল রাখতে সরকারের এ উদ্যোগ।
করোনাকালে ফ্রন্টলাইনার ফাইটার হিসেবে ব্যাংক কর্মকর্তাদের অবদান ইতিহাস হয়ে থাকবে। বর্তমানে দেশের ভয়াবহ দুর্যোগে দেশের ৫৯টি তফসিলি ব্যাংকের প্রায় আড়াই লাখ ব্যাংক কর্মকর্তা, কর্মচারী জীবনের ঝুঁকি নিয়ে দেশের ব্যবসায় ও মানুষের জীবনের প্রয়োজনে ব্যাংকিং সেবা দিয়ে অর্থনীতির চাকা সচল রেখে চলেছেন। দেশ মাতৃকার আহ্বানে দেশের মারাত্মক দুর্যোগের মুহূর্তে ব্যাংকার ছাড়া খুব কম পেশার মানুষই আছে যারা নিজেদের জীবনে সমূহ বিপদ জেনেও ঘরে বসে থাকেননি। এ তালিকায় মাঠপ্রশাসন, পুলিশ, চিকিৎসক, স্বাস্থ্য কর্মী ও গণমাধ্যম কর্মী দের নাম এবার অগ্রগন্য। কিন্তু তাদের প্রতিটা অবদান আলোচনা আসছে ব্যাপক হারে। তাদের অবদান নিঃসন্দেহে আলোচনার দাবি রাখে। কিন্তু এদেশের একটি নীরব শ্রেণী যারা অবলীলায় শুধু খেটে যায়, কোন প্রকার স্বীকৃতির প্রত্যাশা ছাড়াই, তারা হলেন ব্যাংকার। এই ব্যাংকাররা অসীম সাহসিকতায় নেমে পড়েছেন করোনা যুদ্ধে সম্মুখ সমর যোদ্ধা হিসাবে।
করোনাভাইরাস ব্যাংকারদের অফিসে যাওয়া আসা কঠিন করে দিয়েছে। লকডাউনের কারনে গণপরিবহন বন্ধ তাই বাধ্য হয়েই কয়েক কিলোমিটার পথ পাড়ি দিয়েও অফিস করতে হয়েছে অনেক হতভাগা ব্যাংকারদের। এসময় কখনো পায়ে হেটে কখনো বা সিএনজি, অটোরিকশায় যাতায়াত করতে হয়েছে। সময়ের প্রতি সদা সচেতন এই মানুষটিকে অফিসে উপস্থিত থাকতে হয় নির্ধারিত সময়ের আগেই। কাজের প্রতি ডেডিকেটেড একজন ব্যাংকার লেনদেনের সময় করোনায় আক্রান্ত হওয়ার সব চেয়ে বেশি ঝুঁকিতে থাকেন। যেখানে ব্যাংক কর্মকর্তার সামনে গ্রাহকদের নিজেদের মধ্যে নিরাপদ দূরত্বে থাকার কথা। সেখানে কার আগে কে সার্ভিস নিবে বিধায় একজনের ঘাড়ের উপর দিয়ে আরেকজন চেক দিয়ে টাকা উত্তোলনের চেষ্টা করে। এতে করে একজন ব্যাংকার খুব সহজে ব্যাংকের ভিতরেই মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। তারপরও জীবনকে তোয়াক্কা না করে প্রতিদিন হাসি মুখে নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন কোর্ট টাই পরা সমাজের ভদ্র লোকটি।প্রাণঘাতী করোনাভাইরাসে সারা দেশের প্রায় ১০০ জনের বেশি ব্যাংক কর্মকর্তা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। দুর্ভাগ্যজনক হলেও মারা গেছেন অন্তত ৯ জন হতভাগ্য ব্যাংক কর্মকর্তা।
সময়ের সাহসী এই দুর্জেয় সন্তানেরা শুধু করোনাভাইরাসের ক্রান্তিলগ্নেই নয়। দেশের যেকোন সংকটের সময় হাসি মুখে এগিয়ে এসেছেন জাতির প্রয়োজনে। কখনো শিল্প কলকারখানার শ্রমিকের বেতন, বোনাস প্রদানে। কখনো কোন নির্বাচন উপলক্ষে নমিনেশন সাবমিটের পে-অর্ডার। কখনও বা জাতীয় আয়কর রিটার্ন জমার পে-অর্ডার ইত্যাদি কোন জাতীয় ইস্যুতে বন্ধের দিনে অনেক সময় ঈদের ঠিক আগের দিনেও ব্যাংক কর্মকর্তারা দেশ ও জাতির স্বার্থে নিজের প্রয়োজন, সুখ, আরাম জলাঞ্জলি দিয়ে আসছেন।
নিম্নে তুলে ধরছি দেশ ও জাতির সেবা দিতে গিয়ে অকালে জীবন জলাঞ্জলি দেয়া কয়েকজন ব্যাংকারের মৃত্যুর সংক্ষিপ্ত ইতিহাস:
১) করোনায় সিটি ব্যাংক কর্মকর্তার মৃত্যু
করোনাভাইরাসের মারা যাওয়া প্রথম শহীদ ব্যাংকার মুজতবা শাহরিয়ার। সিটি ব্যাংকের এফভিপি এ কর্মকর্তা মানবসম্পদ বিভাগে কর্মরত ছিলেন। বেশ কিছুদিন ধরে সর্দি, কাশি এবং জ্বরে ভুগছিলেন। পরে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত ২৬ এপ্রিল মাত্র বয়স ৪০ বছর বয়সে করোনার কাছে পরাজিত হয়ে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছিল।
২) একই ব্যাংকের একই শাখায় মাত্র কয়েকদিনের ব্যবধানে তিনজনের মৃত্যু
চট্রগ্রামে এনসিসি ব্যাংক কর্মকর্তার মৃত্যু। জামসেদ হায়দার চৌধুরী। এনসিসি ব্যাংক আগ্রাবাদ শাখার এভিপি হিসেবে কর্মরত ছিলেন। গত ১০ মে সোমবার করোনাভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ সেখান থেকে ফিরিয়ে দেয়। পরে অরেকটি হাসপাতালে যাওয়ার পথে নিজের ব্যক্তিগত গাড়িতেই তার মৃত্যু হয়। এনসিসি ব্যাংক আগ্রাবাদ শাখার আরেক কর্মকর্তা শহীদ উল্লাহ মজুমদার চট্টগ্রামের বাসায় মারা গেছেন। ২৯ ঘণ্টার ব্যবধানে একই ব্যাংকের একই শাখার দুজন কর্মকর্তার মৃত্যু হলো।মৃত শহীদ উল্লাহ এনসিসি ব্যাংক আগ্রাবাদ শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন।
চট্টগ্রামের আগ্রাবাদে এনসিসি ব্যাংকের একটি শাখায় পরপর তিন জন করোনা উপসর্গে মারা যাওয়ায় আতঙ্ক তৈরি হয়েছে শাখাটি ঘিরে। করোনা আতঙ্কের মধ্যেই চলছে লেনদেন। গত ১২ মে বিকেলে মারা যান এনসিসি ব্যাংকের আগ্রাবাদ শাখার প্রিন্সিপাল অফিসার শহীদুল্লাহ মজুমদার। আগের দিনই অর্থাৎ ১১ মে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয় একই শাখার এভিপি জামশেদ হায়দারের। এর আগে গেল ২ মে শ্বাসকষ্টে মারা যান ব্যাংকের প্রহরী আলাউদ্দিন। পরপর তিনজনের মৃত্যুর পরও উৎকণ্ঠার মধ্যেই ব্যাংকটিতে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। গ্রাহক ভিড়ও লেগে আছে।
৩। আবু সাঈদ নামে আরেকজন মেধাবী ব্যাংক কর্মকর্তা ভয়ংকর করোনায় গত ১১ মে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে সেন্ট্রাল ক্লিয়ারিং বিভাগে এভিপি হিসেবে কর্মরত ছিলেন।গত ১২ মে, ২০২০ সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৪। রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহিদুল ইসলাম খান গত ১৫ মে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মারা যাওয়ার এক সপ্তাহ আগে তার করোনা পজিটিভ আসে।তিনি রূপালী ব্যাংকেব্যাংকের প্রধান কার্যালয়ের পরিকল্পনা ও গবেষণা বিভাগের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) ছিলেন।গত ১৫ মে, ২০২০ রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
৫) করোনায় সোনালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু: এদিকে গত ১৭ মে রাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের আরেকজন সোনালী ব্যাংকের কর্মকর্তা মাহবুব এলাহী করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লায় নিজ বাড়িতে মারা যান। তিনি প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। মাহাবুব এলাহী মারা যাওয়ার দিন দুপুর ১২টা ৫০ মিনিটে ‘সোনালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদে পদোন্নতির তালিকায় ২০৮ নাম্বারে তার নাম’ লিখে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। অনেকে অভিনন্দন জানায়। কিন্তু রাত ৮টায় করোনা কেড়ে নেয় এই হতভাগা ব্যাংকারকে না ফেরার দেশে । মাহাবুব এলাহী যখন করোনায় আক্রান্ত তখন তার স্ত্রী ও সদ্য নবজাতক সন্তান ভারতের চেন্নাইতে বলে জানা গেছে। করোনা পরিস্থিতির কারনে তারা দেশে আসতে পারছিলেন না। এদিকে মাহবুব এলাহীও নিজে গিয়ে সন্তানকে কোলে নিতে পারেননি।এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে দেশমাতৃকায় আত্মাহুতি দেওয়া হতভাগ্য ব্যাংক কর্মকর্তার জীবনে।
৬) করোনায় উত্তরা ব্যাংক কর্মকর্তার মৃত্যু
উত্তরা ব্যাংক লিমিটেড শান্তিনগর শাখায় কর্মরত জনাব ওয়াহিদ মুরাদ গত ১৮ মে, ২০২০ সকালে ঢাকা মেডিকেল করোনা ইউনিটে ভর্তি থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন।
৭) করোনায় জনতা ব্যাংক কর্মকর্তার মৃত্যু: করোনায় আক্রান্ত হয়ে জনতা ব্যাংকের আরেক চৌকষ কর্মকর্তা মারা যান। তিনি জনতা ব্যাংক মতিঝিলের স্থানীয় শাখায় কর্মরত ছিলেন। মৃত্যুর সময় তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে যান।তার নাম হাসিবুর রহমান।করোনা উপসর্গ নিয়ে তিনি বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। অনেকবার তাকে অক্সিজেন পর্যন্ত দেওয়া হয়েছে। কিছুটা সুস্থ হয়েও উঠার পরেও গত ২১ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
৮) করোনায় এনসিসি ব্যাংক কর্মকর্তার মৃত্যু
নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে এনসিসি ব্যাংক লিমিটেড এর দক্ষিণ খান শাখার জুনিয়র অফিসার জনাব ওয়াহিদ উল্ল্যাহ শনিবার ২৩ মে, ২০২০ মৃত্যুবরণ করেছেন।
৯) করোনায় রূপালী ব্যাংক কর্মকর্তার মৃত্যু
প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের এক কর্মকর্তা মারা গেছেন। মিজানুর রহমান (৫৬) নামের এ কর্মকর্তা রাজধানীর ফকিরাপুল শাখায় অফিসার (ক্যাশ) হিসেবে কর্মরত ছিলেন। গত ৩রা জুন, ২০২০ রূপালী ব্যাংক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, মিজানুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লায়। তিনি নিজ বাড়িতেই বুধবার দুপুরে মারা যান। এ নিয়ে রূপালী ব্যাংকের দুই কর্মকর্তা করোনায় মারা গেলেন।
এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ৯ মতান্তরে ১১ জন ব্যাংকার মারা গেছেন। পাশাপাশি এখন পর্যন্ত প্রায় ১০০ জনের অধিক প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রামিত হয়েছেন।
এছাড়াও করোনাভাইরাসের ভয়াবহ বিপর্যয়ের সময় দুর্যোগের কান্ডারী হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে গ্রাহকসেবা দিতে গিয়ে প্রতিদিন বিভিন্ন ব্যাংকের অনেক ব্যাংক কর্মকর্তা কর্মচারী আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সাধারণ ছুটি শেষে লকডাউন শিথিল হওয়া পর লেনদেনের পরিধি বেড়ে গেছে। ফলে ব্যাংকাররা আরো বেশি ঝুঁকির মধ্যে পড়ে গেছেন। অফিসে যাওয়া আসা এবং মাঝখানে লেনদেনের পুরো সময়টায় একজন ব্যাংক কর্মকর্তার করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে। একজন ব্যাংকার আক্রান্ত হলে কেবল তিনিই ক্ষতিগ্রস্ত হবেন না। বিপদে পড়ে যাবে মা, বাবা, স্ত্রী, পুত্র, কন্যা সহ গোটা পরিবার। দেশ ও জাতির ক্রান্তিলগ্নে পাহাড় সমান আতংকের এ বোঝা ও জীবন বাজি রেখেও একজন চৌকুষ ও মেধাবী মানুষ কিভাবে নিরলসভাবে হাসিমুখে সেবা দিয়ে যাচ্ছে। তার খোঁজ ক’জন মানুষই বা রাখে!
এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংকের করোনায় আক্রান্ত হয়েছেন অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারী। উপসর্গ দেখা দিয়েছে শতাধিক কর্মীর।
ব্যাংকারদের আত্মত্যাগ কেবল করোনা মহামারীতেই নয়। দেশের ঝড়, ঝাপটা, রোদ, বৃষ্টি কিংবা মারাত্বক কোনো প্রাকৃতিক দুর্যোগেও তাদেরকে অফিসে হাজির হতে হয়। মনে হয় যেন তাদের কোনো অসুখ বিসুখ নেই কিংবা কোনো আচার অনুষ্ঠান নেই। তারপরেও এ মানুষগুলোর কারো কাছে অভিযোগ নাই। হতাশা নাই। উদ্বেগ নাই। করোনাভাইরাস মহামারির সংকটে দেশের প্রয়োজনে, অর্থনৈতিক প্রয়োজনে, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে অংশীদার হতে পেরে ব্যাংকার সম্প্রদায় অনেক বেশি গর্বিত। রাষ্ট্রের অর্থনীতির দোলক ঘুরাবার ক্লান্তিহীন অবিরাম চলমান ব্যাংকারের কর্মস্পৃহায় উদ্দীপ্ত রগরগে হাত যেন জাতির দুঃসময়ের সারথি। তৃপ্তি সহকারে সদানন্দে পার করে দেয়া সদা শোকরিয়ার জীবন যাপিত করার একটি নাম ব্যাংকার। তাদের জীবনে ফুল ফুটুক আর নাই ফুটুক, কোন অভিযোগ ছাড়াই তারা রাষ্ট্রের আর্থিক সেবা দিয়ে থাকেন। তাদের নিরলস ত্যাগ, দেশের প্রতি দায়িত্ববোধ ও মমত্ববোধ তাদের মানুষের মনের মনিকোঠায় মহীয়ান করে তুলেছে। প্রচারবিহীন এ সম্প্রদায়টি রাষ্ট্রের নীরব সেবক।
সারাদেশের মানুষের জীবনমান, ব্যবসায়িক প্রবৃদ্ধি, অর্থনীতির ব্যারোমিটার পরিচালনা করেন এসব ব্যাংকাররা। তারা যেন মানুষ নয়, মেশিন। কিন্তু মেশিনের মতো খেটে যাওয়া এ যন্ত্রমানবকুল নিয়ত প্রবঞ্চিত সকল প্রকার স্বীকৃতি ও সম্মাননা থেকে। এভাবেই সামনে থেকে যুদ্ধ করে একের পর এক চলে যাচ্ছেন এক একজন ব্যাংকার। চিরতরে না ফেরার দেশে। অথচ এই নিয়ে কোথাও কোন শোক তাপ নেই। মানুষের চরম ক্রাইসিস মুহূর্তেও টাকার দরকার। টাকা ছাড়া একটি মুহূর্তও চলে না। যত বড় বিপদ আপদই আসুক, টাকা লাগবে। এজন্যই সরকার এই লকডাউনের মধ্যেও যাতে মানুষের আর্থিক সংকট না হয়, সেজন্য ইমামর্জেন্সি সেবা দানকারী প্রতিষ্ঠান হিসাবে ব্যাংকগুলোকে সীমিত আকারে চালু রাখার নির্দেশ দিয়েছেন। এরই মাঝে প্রাণ দিয়েছেন কতজন! রাষ্ট্রের আদেশ পালনার্থে, দেশের ইকোনোমিক ফ্লো সচল রাখতে, মানুষের ভোগান্তি কমাতে, আর্থিক সেবা দিতে যে ব্যাংকার রাখা নিজের ও নিজের পরিবারের সদস্য্যদের জীবনকে মৃত্যুঝুঁকির ভয়াবহ সম্ভাব্যতার স্রোতের মোহনায় ফেলে অবিরাম ছুটেছেন ব্যাংকে। গ্রাহক সেবা দেয়ার নিমিত্তে, সেই গ্রাহকরাই বাইরে থেকে অসতর্ক, অযাচিত ও ভাবলেশহীন ঘোরাফেরা করে নিজে সংক্রমিত হয়ে সেই সংক্রমনটাকে ছুড়ে দিয়ে এসেছেন ব্যাংকারদের মাঝে। ব্যাংকাররা অশিষ্ট আচরণ করতে পারে না, ভদ্রতা ও শিষ্টাচারের সীমারেখা অতিক্রম করতে পারেন না। এটাই ব্যাংকারদের চরিত্রের সবচেয়ে বড় দুর্বলতা।
‘কাস্টমার ইজ অলওয়েজ বস’ -এই মন্ত্র শিরে ধারণ করে সর্বোচ্চ পরিষেবা দিয়ে থাকেন ব্যাংকাররা। কিন্তু অনেক গ্রাহকের অসচেতন, অনমনীয় আচরণ করছেন। যাদের প্রয়োজনের কথা, সুবিধার কথা ভেবে নিজ জীবনের ঝুঁকি নিয়ে ব্যাংকাররা ব্যাংকে গেছেন, এই তারাই ব্যাংকারদের জীবননাশের পথে নামিয়েছেন। ব্যাংকারদেরও ভালবাসুন, মানুষের প্রয়োজনে মরিয়া হয়ে কাজ করা এই সম্প্রদায়টি শুধু খেটেই যায়, জীবন ও মানবিক মূল্যবোধ এর পরশ তাদের প্রতি কেউ দেখায় না। গার্মেন্টস শিল্প এলাকায় ঈদের বেতন বোনাস দেয়ার জন্য অনেক সময় ঈদের আগের দিনও ব্যাংক খোলা রাখা হয়। ঈদের একদিন আগেও যখন অফিস করে, তখনও কাউকে সহমর্মিতা প্রদর্শন করতে শুনিনি কোনদিন। ঈদের পরদিন চলে এলেও শুনি- ‘আপনারাতো এইবার লম্বা ছুটি কাটিয়েছেন’!
এবার আসি মুখে মাস্ক এর প্রসঙ্গে। সিদ্ধান্ত হল, মাস্ক ছাড়া কাউকে ব্যাংকের ভিতর ঢুকতে দেয়া হবে না। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে ব্যাংকাররা আরেক তোপের মুখে পড়েছেন। নিজেকে ব্যাংকারদের বস ভাবা কতিপয় গ্রাহক পারলে ব্যাংকের গেইট ভেঙ্গে ফেলেন, সিকিউরিটি গার্ডকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। পারলে গার্ডকে মারধরও করেন। এমন সিচুয়েশনে এসব আচরন কেমন লাগে? যার বা যাদের জন্য এত সব, তারাই যদি এমন করেন, তবে কোথায় যাবে ব্যাংকাররা? অতপর ব্যাংকের টাকায় কেনা হয় মাস্কের বক্স যেখানে একশ বা পঞ্চাশ পিস সার্জিক্যাল মাস্ক থাকে। যার মুখে মাস্ক নেই, তাকে গিফ্ট করা হয় ইনট্যাক্ট মাস্ক। তবুও এটা পরে ঢুকুন। এরপর দেখা যায় আরেক চিত্র। তারা ব্যাংকে ঢুকে অতঃপর মাস্কটি মুখ থেকে নামিয়ে থুতনিতে ঝুলিয়ে রাখেন। একজন কাস্টমারের পেছনে পেছনে লেগে থেকে এভাবে কতবার গাইড করাবে ব্যাংক কতৃপক্ষ? কেউ যদি স্বেচ্ছায় স্বাস্থ্যবিধি না মানেন, স্বেচ্ছায় নিয়ম না মানেন, ইচ্ছাকৃত নিয়ম লংঘন করেন, করোনা সংক্রমণের সেনসিটিভিটিকে যদি তোয়াক্কা না করেন, তাহলে তো মৃত্যু আমাদের কপালে অনিবার্য। আর এগুলোই হচ্ছে নিরেট বাস্তবতা। মানুষের সিভিক সেন্স আজো জাগ্রত হয়নি। ‘আমরা শুধু বাঙালি হয়েছি, মানুষ হইনি আজো।’
লেখক: ব্যাংকার










