‘ফ্ল্যাটেনিং দ্য কার্ভ’ এবং লকডাউন এই দুটি শব্দ দুঃখজনকভাবে হলেও আমাদের নতুন শব্দসম্ভারের অংশ হয়ে উঠেছে। তবে লকডাউনের উদ্দেশ্য শুধু রোগীর সংখ্যা সাময়িকভাবে কমিয়ে আনা নয়, বরং মূলত লকডাউনের সুযোগে পরীক্ষা এবং চিকিৎসাসেবা বহুগুণে বৃদ্ধি করার সক্ষমতা অর্জন করা, সে বিষয়টা এখনো সেভাবে বোধগম্য হয়েছে বলে মনে হয় না।
উন্নয়নশীল দেশগুলোকে যদি স্বাস্থ্যসেবার কলেবর বাড়াতে হয় এবং এই অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে হয়, তাহলে তাদের বৈশ্বিক জরুরি অর্থ তহবিলের সাহায্য নিতে হবে। কিন্তু বাস্তবতা হলো, অনেক দেশেই দুর্নীতি এবং প্রশাসনের সীমাবদ্ধতার কারণে কভিড-১৯ এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সেগুলোর দ্রুত প্রসার বাধাগ্রস্ত হচ্ছে। যেমনটি আমরা সোয়াস-এইস (SOAS-ACE) এর একটি পলিসি ব্রিফে ব্যাখ্যা করেছি, এটা শুধু কভিড সংক্রান্ত সেবা প্রদানকেই বাধাগ্রস্ত করবে না, উপরন্তু কিছুদিন পরপর লকডাউন দেয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি করবে, এবং ফলে ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে।
দুর্নীতি এরই মধ্যেই সংকট মোকাবেলায় প্রভাব ফেলছে
সংকটকালীন পরিস্থিতিতে দ্রুত সেবা দিতে গিয়ে সবচেয়ে ভালো সরকারগুলোও অনেক প্রচলিত সরকারি ক্রয়ের নিয়মকানুন অগ্রাহ্য করতে বাধ্য হয়েছে। এটা একেবারেই অপ্রত্যাশিত নয় যে, যেসব রাষ্ট্রব্যবস্থা আগে থেকেই দুর্নীতিগ্রস্ত, সেখানে এইরকম পরিস্থিতিতে নতুনভাবে দুর্নীতি আরও মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
এমনকি মহামারী সামাল দিতে হিমশিম খাওয়ার সময়েও কলম্বিয়া, নাইজেরিয়া, বাংলাদেশ, রোমানিয়া এবং ইউক্রেনের মতো দেশগুলোতে এই বিষয়ে দুর্নীতি হচ্ছে। জরুরি খাদ্য সরবরাহ করতে গিয়ে ক্রয়পত্রের মান ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে, জরুরি খাদ্য লোপাট হয়ে যাচ্ছে। কভিড মোকাবেলায় গঠিত সংস্থাগুলোর নিয়োগপ্রক্রিয়ায় স্বজনপ্রীতি এবং দুর্নীতি দেখা যাচ্ছে। বিশ্বব্যাপী চলমান পরিস্থিতির ওপরে নজর রাখা পর্যবেক্ষক সংস্থাগুলো জানিয়েছে, কভিড-১৯ এর সময়কালে সুশাসনের ক্ষেত্রে উল্লেখযোগ্যমাত্রায় অনিয়ম হয়েছে।
ফলাফল
এর ফলে ভাইরাসের পরীক্ষা, চিকিৎসা এবং কোয়ারেন্টাইন, এই সেবাগুলোর জনগণের কাছে পৌঁছে দেয়ার খরচ বেড়েছে অভাবনীয় হারে। একটি হাসপাতালের বিছানা, পরীক্ষা কিট বা সেবার যে আসল মূল্য, তার ওপরে দুর্নীতির কারণে অতিরিক্ত মূল্য যোগ হয়। তার ফলে নির্দিষ্ট অংকের বিনিময়ে যে পরিমান বিছানা, পরীক্ষা বা সেবা ক্রয় করতে পারার কথা, আসলে করা যাচ্ছে তারচেয়ে কম, অথবা তার মান হচ্ছে খারাপ।
করোনাকালে দেশগুলো যখন ঋণ নিচ্ছে, তখন দুর্নীতি কমানোর প্রচলিত পদ্ধতি যেমন স্বাস্থ্যখাত সংস্কার করতে হবে, এই ধরনের ঋণের শর্ত দিয়ে বসে থাকাটা মোটেই যুক্তিযুক্ত হবে না। এধরনের শর্ত আগেও খুব একটা কাজ করেনি। এসময়ে এধরনের শর্ত দিলে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তারা ভাবতে পারে যে আন্তর্জাতিক দাতাসংস্থাগুলো তাদের কষ্ট বাড়িয়ে দিচ্ছে। তবে, এই দুর্যোগ পার হয়ে আবার যখন স্বাভাবিক পরিস্থিতি আসবে, তখন হয়তো এই ধরনের সংস্কারের পরিস্থিতি তৈরি হবে।
সহায়ক সংস্থাগুলোর কেন অন্যরকম কিছু করা প্রয়োজন: বহু সেবাদানকারীর ধারণা
আমরা মনে করি, এমনকি স্বাভাবিক সময়েও উন্নয়নশীল দেশগুলোতে দুর্নীতি দমনপ্রচেষ্টায় খুঁজে বের করার চেষ্টা করতে হবে, গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর নিজেদের স্বার্থেই তুলনামূলক ভালো আজ করার এবং মোটামুটিভাবে কম দুর্নীতি করার কারণ রয়েছে। একটি সংকটকালীন পরিস্থিতিতে এরকম সংস্থা খুঁজে পাওয়া তো আরও কঠিন, তবে অসম্ভব কিছু নয়। এক্ষেত্রে একসঙ্গে একাধিক সংস্থাকে কাজে লাগানো একটা কার্যকর দুর্নীতিদমন কৌশল হতে পারে, অস্থায়ীভাবে হলেও।
অধিকাংশ দেশের স্বাস্থসেবাখাতে নানারকম সংস্থা জড়িত থাকে, যেগুলোর যোগ্যতা, শক্তি এবং দুর্বলতার ভিন্নতা রয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন পর্যায়ের ক্লিনিক এবং হাসপাতাল, এনজিও এবং সেবামূলক সংগঠন, জাতীয় ওষুধ শিল্পসংস্থা এবং আমদানিকারক, পরীক্ষণ ল্যাব, সরকারি এবং বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং গবেষণা প্রতিষ্ঠান ।
দুর্নীতি সমস্যার দ্রুত সমাধান প্রায় অসম্ভব। এই পরিস্থিতিতে, সব সংস্থাকে কাজে লাগিয়ে কী ধরনের পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব, সেটা খুঁজে বের করে সে মোতাবেক কাজ করা এই সংকট মোকাবেলার একটা কার্যকর কৌশল হতে পারে।
অতিমাত্রায় উচ্চাভিলাসী অথচ অবাস্তবায়নযোগ্য চিকিৎসা কৌশল গ্রহণ করা আর কোনো কৌশল গ্রহণ না করার মাঝে কোনো পার্থক্য নেই। আরেকটি ব্যাপার হলো, সংকটের এই ব্যাপকতা আমাদেরকে যুদ্ধকালীন পরিস্থিতির মতো কর্মকৌশল গ্রহণের একটি নৈতিক ভিত্তি দেয়। এখানে চিন্তা করতে হবে, দুর্যোগকালীন স্বাস্থকৌশলের কোন অংশে কোন সংস্থাকে কাজে লাগালে সবচেয়ে কম খরচে এবং সবচেয়ে দ্রুত মানুষের কাছ সেবা পৌঁছে দেয়া যাবে।
তবে কোন সংগঠন কোন জায়গায় ভালো করবে এটা আগে থেকে আন্দাজ করার প্রয়োজন নেই। প্রাথমিকভাবে স্বাস্থকৌশলের প্রত্যেকটি লক্ষ্য অর্জনের জন্য একাধিক সংস্থাকে কাজে লাগিয়ে যদি পরবর্তীতে যে সংস্থাগুলো সবচয়ে ভালো কাজ করছে, তাদের নিয়ে কাজ করা হয়, তাহলে সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা করা ও সাশ্রয়ী সেবা দেয়ার উৎসাহ তৈরি হবে।
সুযোগসন্ধানীদের কাছ থেকে বাধা আসবে, কিন্তু একে জাতির জন্য জরুরি অবস্থাকালীন কৌশল হিসেবে তুলে ধরলে সেই বাধা কাটিয়ে ওঠা যাবে। এবং অবশ্যই, শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে বিশ্বাস করতে হবে যে, কভিড-১৯ এর কারণে সমাজে বিশৃঙ্খলা তৈরি হলে তাতে তাদের কোনো লাভ হবে না।
যুক্তরাজ্য যেভাবে দ্রুত কভিড পরীক্ষার সক্ষমতা বৃদ্ধি করেছে, সেটা এইধরনের কৌশলের একটি উদাহরণ। এখানে একাধিক সংস্থা, যেমন বিশ্ববিদ্যালয়, বেসরকারিখাত এবং এমনকি সেনাবাহিনীকে নিয়োজিত করা হয়েছে পরীক্ষা সক্ষমতা দ্রুত বৃদ্ধির জন্য।
একই ভাবে, সরকারি, বেসরকারি এবং অন্যন্য সংস্থাগুলোর শক্তি ও দুর্বলতা বিবেচনা করে স্বাস্থ্যকৌশলের বিভিন্ন দায়িত্বে তাদের নিয়োজিত করলে, উন্নয়নশীল দেশগুলোতে অন্তত সাময়িকভাবে দুর্নীতি ও সক্ষমতা সমস্যা মোকাবেলা করা যাবে। এর ফলে দুর্নীতি দূর হবে না, তবে সেবার দ্রুত বিস্তার করার ক্ষেত্রে দুর্নীতির মাত্রা কমে আসবে। এখানে বলে রাখা ভালো, অর্থনীতিতে প্রচলিত অপটিমাইজেশন কৌশল থেকে এই কৌশল সম্পূর্ণ ভিন্ন। যখন আমরা ডানকান গ্রিনের সঙ্গে এই ভাবনাটা নিয়ে আলোচনা করি, তিনি আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে, আমাদের স্পষ্ট করে বলা উচিত আমরা সুচিন্তিতভাবেই প্রয়োজনের অতিরিক্ত সংস্থার অংশগ্রহণের কথা বলছি (যেমন একই কাজে একাধিক সংস্থা)। ঝড়ের মুখে ছোট একটা কুঁড়েঘর বানালেও সেটা শক্তপোক্তভাবে বানানো উচিত। যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু করাই সাশ্রয়ী মনে হতে পারে, তবে ঝড়ে সেটা উড়ে যেতে পারে। এই মহামারী প্রবল ঝড়ের মতোই একটা বিষয়, এই ঝড় মোকাবিলায় সমর্থ শক্তিশালী স্বাস্থ্যকৌশল প্রয়োগ করতে পারলে, তবেই লকডাউন পুরোপুরি তুলে দেয়া সম্ভব।
লেখক:
মুশতাক খান
অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন এবং নির্বাহী পরিচালক, অ্যান্টি করাপশান এভিডেন্স রিসার্চ কনসোর্টিয়াম
পল্লবী রায়
প্রভাষক, আন্তর্জাতিক অর্থনীতি, সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ অ্যান্ড ডিপ্লোম্যাসি , সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডন
ড. ইমরান মতিন
নির্বাহী পরিচালক, ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভলপমেন্ট (বিআইজিডি), ব্র্যাক বিশ্ববিদ্যালয়
গবেষণাটি সোয়াস-এইস এর অর্থায়নে পরিচালিত। এটি ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভলপমেন্ট (ডিএফআইডি) এর একটি গবেষণা সংঘ।










