কভিড-১৯ বা নভেল করোনাভাইরাস দ্বারা সৃষ্ট রোগের সুনির্দিষ্ট চিকিৎসার জন্য অনবরত কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা, অনেকগুলো বিকল্প অনুসন্ধান করা হচ্ছে। এর মধ্যে একদিকে যেমন রয়েছে নভেল করোনাভাইরাস, যা সার্স করোনাভাইরাস-২ নামেও পরিচিত, তার বিশেষ অংশকে টার্গেট করার জন্য ডিজাইন করা নতুন ওষুধ, পাশাপাশি আগের বিভিন্ন রোগের জন্য ব্যবহার করা ওষুধগুলোকে এ ভাইরাসটির বিরুদ্ধে ব্যবহার করা যায় কিনা, তার গবেষণা। বর্তমানে সারা বিশ্বে এক হাজারেরও বেশি ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, যার মধ্যে সবচেয়ে প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি হলো প্লাজমা থেরাপি; যা সিপিটি বা কনভালসেন্ট প্লাজমা থেরাপি নামেও পরিচিত। প্লাজমা থেরাপি হলো আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার কিছুদিন পর তার রক্তের প্লাজমা নতুন করে আক্রান্তদের দেহে চিকিৎসার জন্য ব্যবহার করা। পৃথিবীর অনেক দেশেই এ থেরাপির পরীক্ষামূলক ব্যবহার চলছে। বাংলাদেশেও এর মধ্যে কভিড-১৯ থেকে সুস্থ হওয়া লোকদের রক্তের প্লাজমা সংগ্রহ করে এ রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হচ্ছে। কিছু ক্ষেত্রে সফলতা এলেও এর মাঝেই ব্যর্থতাও প্রতীয়মান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলও (সিডিসি) প্লাজমা থেরাপির অনুমোদন এখনো দেয়নি।
প্লাজমা হলো রক্তের তরল অংশ, যা থেকে সব রক্তকণিকা সরিয়ে ফেলা হয়। রক্তের মধ্যে তিন রকম রক্তকণিকা থাকেÑলাল রক্তকণিকা, সাদা রক্তকণিকা ও অণুচক্রিকা। রক্তরস শরীরের মোট রক্তের শতকরা ৫৫ ভাগ। রোগ নিরাময়ের জন্য রক্তরসের ব্যবহার শুরু হয় ১২০ বছর আগে। জার্মান চিকিৎসা বিজ্ঞানী এমিল ফন বেরিং দেখিয়েছিলেন যে ডিপথেরিয়া নিরাময়ে প্লাজমা ব্যবহার করা যেতে পারে। এ কারণে তিনি ১৯০১ সালে নোবেল পুরস্কার অর্জন করেছিলেন। প্লাজমার মূল উপাদান হলো অ্যান্টিবডি যা ওয়াই (ণ) আকৃতির প্রোটিন, যা কোনো ব্যক্তির রক্তে পাওয়া যায় আগে সংক্রমিত কোনো নির্দিষ্ট জীবাণুর জন্য। আমাদের দেহের বি কোষ দ্বারা প্রচুর পরিমাণে উৎপাদিত হয়ে আক্রমণকারী জীবাণুর সঙ্গে আবদ্ধ হয়ে জীবাণুকে ধ্বংস করার জন্য লক্ষ্যবস্তুতে পরিণত করা এ অ্যান্টিবডির মূল কাজ। ফলে প্লাজমা থেরাপির গুরুত্বপূর্ণ অংশ হলো অ্যান্টিবডির মোট পরিমাণ। যখন একজনের দেহে কোনো একটি জীবাণুর সংক্রমণ হয়, তখন মানবদেহে অ্যান্টিবডি তৈরি হয় এবং জীবাণুটি নিষ্ক্রিয় হওয়ার পর ধীরে ধীরে রক্তে অ্যান্টিবডির পরিমাণ কমতে থাকে। কিন্তু পুনরায় সংক্রমিত হলে ত্বরিত অ্যান্টিবডি তৈরি হয়। কারণ দেহে কিছু কোষ থেকে যায়, যাদের বলা হয় মেমোরি কোষ। ফলে ত্বরিত গতিতে অ্যান্টিবডি তৈরি হয়। এতে জীবাণুটি রোগ সৃষ্টি করতে পারে না। কোনো রোগের যখন টিকা দেয়া হয়, তখন টিকার কাজ হলো শরীরে অ্যান্টিবডি তৈরি করার জন্য বি কোষগুলোকে জাগ্রত করা। অন্যদিকে প্লাজমা ব্যবহারের সঙ্গে দাতাদের কাছ থেকে অ্যান্টিবডিগুলো প্রাপককে তাৎক্ষণিক (তবে ক্ষণস্থায়ী) সুরক্ষা প্রদান করে।
পূর্ববর্তী করোনাভাইরাস প্রাদুর্ভাবের ক্ষেত্রে থেরাপি হিসেবে প্লাজমা পরীক্ষা করা হয়েছিল। ২০০৩ সালে প্রথম সার্স মহামারী চলাকালীন কয়েকটি পর্যবেক্ষণমূলক গবেষণা চালানো হয়েছিল। এগুলো রোগীদের রোগের উন্নতি ঘটায়, কিন্তু অধ্যয়নগুলো মূলত কেস রিপোর্ট ছিল; সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ নয়। ২০১৩-১৬ সালে ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাবের সময়েও প্লাজমা চিকিৎসা পরীক্ষা করা হয়েছিল। বেশ কয়েকটি কেস রিপোর্ট প্রতিশ্র“তিবদ্ধ ফলাফল দেখালেও বড় আকারের পরীক্ষা করা হয়নি। তবুও বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্লাজমার যথাযথ ব্যবহার সম্পর্কে গাইডলাইন প্রকাশ করেছে। প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকটি প্রতিবেদনে কভিড-১৯ রোগীদের প্লাজমা দিয়ে চিকিৎসা করে সিদ্ধান্তে পৌঁছেছে যে প্লাজমা থেরাপিটি নিরাপদ এবং রোগীর ফলাফলের উন্নতি করে। তবে এ গবেষণার প্রতিটির ক্ষেত্রে উলেখযোগ্য সীমাবদ্ধতা রয়েছে। শুরুতে প্রতিটি গবেষণায় কেবল সর্বোচ্চ দশজন রোগীর চিকিৎসা করেছে। এছাডা কোনো নিয়ন্ত্রণ রোগীও ছিল না। সুতরাং চিকিৎসা না করা রোগীর দেহ কীভাবে প্রতিক্রিয়া জানাতে পারে, তা জানা অসম্ভব। ভাগ্যক্রমে আরো বিস্তৃত ট্রায়াল এখন পাইপলাইনে আছে, যা প্লাজমা ব্যবহারের পক্ষে বা বিপক্ষে শক্ত প্রমাণ সরবরাহ করতে পারবে অচিরেই। বর্তমানে বিশ্বব্যাপী ৬০টিরও বেশি ক্লিনিক্যাল ট্রায়াল সক্রিয়ভাবে প্লাজমার প্রভাব অধ্যয়নের জন্য কভিড-১৯ রোগীদের ওপর পরীক্ষা চালাচ্ছে। রোগীদের সাধারণত প্রায় ৫০০ মিলিলিটার প্লাজমা দেয়া হয় এবং তাদের অগ্রগতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হয়। অনেক গবেষণা অসংক্রমিত রোগীদের কাছ থেকে প্লাজমা সংগ্রহ করে ট্রায়ালের কন্ট্রোল হিসেবে ব্যবহার করছে।
যদিও প্লাজমা থেরাপি একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে কয়েকটি তাত্তি¡ক উদ্বেগ রয়েছে; যা সব ক্লিনিক্যাল ট্রায়াল দলকে প্রশ্নবিদ্ধ করতে পারে। প্রথমত, কৃত্রিমভাবে অ্যান্টিবডি সরবরাহ করা সংক্রমণকে আরো খারাপ করতে পারে। এটি অ্যান্টিবডিনির্ভর বর্ধন (ADE) নামে একটি বিরল ঘটনার কারণে ঘটে। অ্যান্টিবডিগুলো যা ভাইরাসের সঙ্গে আবদ্ধ থাকে, ফলে সেগুলো অ্যান্টিবডি রিসেপ্টর প্রকাশ করে; যা কোষগুলো গ্রহণ করতে পারে। এটি ভাইরাসগুলোকে এমন কোষগুলোয় প্রবেশ করাতে সক্ষম করতে পারে, যা সাধারণত সংক্রমণের পক্ষে সংবেদনশীল নয়। ফলে ভাইরাসের বংশবৃদ্ধি ত্বরান্বিত হতে পারে। দ্বিতীয় তাত্তি¡ক ঝুঁকি হলো, প্লাজমার অ্যান্টিবডিগুলো শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাধা দিতে পারে। উদাহরণস্বরূপ, আমরা জানি মাতৃ অ্যান্টিবডিগুলোর ক্ষেত্রে এটি ঘটে; অ্যান্টিবডিগুলো মা থেকে বংশগতভাবে প্রাকৃতিকভাবে শিশুদের দেহে চলে আসে, ফলে শিশুদের টিকা দেয়ার পর শিশুদেহে সঠিক অ্যান্টিবডি তৈরিতে বাধা দিতে পারে। এ কারণেই শিশুদের বেশির ভাগ টিকা আট সপ্তাহ বয়সের পরে শুরু হয়। প্লাজমা থেরাপি কতটা নিরাপদ? এটি মনে রাখা জরুরি যে অন্য ব্যক্তির কাছ থেকে প্লাজমা নেয়ার সঙ্গে বেশ কয়েকটি সম্ভাব্য ঝুঁকি রয়েছে। হালকা পার্শ্বপ্রতিক্রিয়াগুলোর মধ্যে জ্বর বা অ্যালার্জির বিকাশ, যেমন ফুসকুড়ি ও চুলকানি-সংবেদন বিকাশ অন্তর্ভুক্ত। রক্ত সঞ্চালন প্রতিক্রিয়া রোধ করতে রক্তরস গ্রহণকারীর রক্ত গ্রুপের সঙ্গেও প্লাজমা সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত।
আরো বেশি মারাÍক হলো রক্তবাহিত রোগের সংক্রমণের ঝুঁকি। ভাগ্যক্রমে সংক্রমণের জন্য দাতাকে স্ক্রিনিং করে ঝুঁকি হ্রাস করা যায়। উদাহরণস্বরূপ, সব দাতাকে সিফিলিস, এইচআইভি, হেপাটাইটিস বি, সি, ই ও এইচটিএলভি-১ (হিউম্যানটি সেল লিউকেমিয়া ভাইরাস ১)-এর ঝুঁকি নিশ্চিত করার জন্য কঠোরভাবে স্ক্রিন করে এ সংক্রমণ হ্রাস করা যায়। আরেকটি সীমাবদ্ধতা হলো, প্রবীণ জনগোষ্ঠী (যাদের কভিড-১৯ থেকে উচ্চঝুঁকি রয়েছে), যাদের দুর্বল হার্ট বা ফুসফুস রয়েছে, তারা এত বড় পরিমাণ প্লাজমা গ্রহণ করা সহ্য করতে পারে না। এটি ‘ট্রান্সফিউশন সম্পর্কিত সংবহন ওভারলোড’ নামে পরিচিত একটি জটিলতার দিকে নিয়ে যেতে পারে।
বাংলাদেশে প্লাজমা থেরাপি: বাংলাদেশে প্লাজমা থেরাপি শুরু হয়েছে সম্প্রতি। ঢাকা মেডিকেল কলেজের একদল গবেষক চিকিৎসক পরীক্ষামূলকভাবে কিছু করোনা রোগে আক্রান্ত হয়ে সুস্থ হওয়া মানুষের প্লাজমা সংগ্রহ করে যথাযথভাবে বিভিন্ন সংক্রমণ রোগের পরীক্ষা সম্পন্ন করেন, অ্যান্টিবডির ঘনত্ব নিরূপণ করেন, ক্রস ম্যাচিং সম্পন্ন করে করোনায় আক্রান্ত সংকটাপন্ন কিছু রোগীর দেহে প্রয়োগ করেন এবং ভালো ফল অর্জন করেন। যতদূর জানি, এটা সীমিত আকারে একটি গবেষণা ছিল। তার পর থেকে বিভিন্ন হাসপাতালে আমরা দেখছি করোনায় আক্রান্ত রোগীদের দেহে প্লাজমা থেরাপি দেয়া হচ্ছে। হাসপাতালগুলোর পরিসংখ্যান আমার কাছে না থাকলেও আমার জানা নেই বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এখনো করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি ব্যবহারে অনুমোদন দিয়েছে কিনা। কিন্তু সম্প্রতি আমরা বিভিন্ন মাধ্যমে করোনায় আক্রান্ত রোগীদের জন্য প্লাজমা সংগ্রহে সুস্থ হয়ে ওঠা মানুষের সন্ধানে অনেক বিজ্ঞপ্তি বা আহ্বান লক্ষ্য করেছি। আমি নিজেও আমার এক সহকর্মীর মায়ের জন্য আমার ব্যক্তিগত ফেসবুকে আহ্বান করেছি, যা আমার আরো অনেক সহকর্মীও করেছেন।
বাংলাদেশে করোনা রোগীর চিকিৎসায় যেভাবে প্লাজমা ব্যবহার হচ্ছে, সেখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়:
১. সব হাসপাতাল যে প্লাজমা চিকিৎসা করছে, তা অনুমোদিত কিনা।
২. প্লাজমা চিকিৎসায় কোনো নির্দিষ্ট প্রটোকল বা পদ্ধতি, যে প্রক্রিয়া অনুমোদিত, তা ব্যবহার করা হচ্ছে কিনা।
৩. করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠা ডোনারের দেহ থেকে সংগৃহীত প্লাজমায় অ্যান্টিবডির সঠিক পরিমাণ বা ঘনত্ব নিরূপণ করা হচ্ছে কিনা। যদি সঠিকভাবে নিরূপণ করা না হয়, তাহলে কোন ভিত্তিতে রোগীর দেহে তা প্রয়োগ করা হচ্ছে। এমনও হতে পারে ডোনারের দেহে বর্তমানে অ্যান্টিবডির ঘনত্ব অনেক কম। সাম্প্রতিক গবেষণায় এটাও প্রমাণিত হয়েছে যে কভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের দেহে অ্যান্টিবডির পরিমাণ বা ঘনত্বে বিশাল তারতম্য রয়েছে। আবার এমনও হতে পারে যে আমাদের দেশে করোনা পরীক্ষায় কেউ ভুল করে পজিটিভ এসেছিল। ফলে তার দেহে আসলে অ্যান্টিবডিও তৈরি হয়নি। কাজেই যথাযথভাবে অ্যান্টিবডির পরিমাণ নিরূপণ না করে কোনোভাবেই ডোনারের প্লাজমা আক্রান্ত রোগীর চিকিৎসায় ব্যবহার করা ঠিক হবে না।
৪. প্লাজমা থেরাপিতে অন্য যে ঝুঁকিগুলো আছে, সেগুলোর ব্যাপারে সঠিক কোনো গাইডলাইন অনুসরণ না করে করোনায় আক্রান্তদের চিকিৎসায় এর ব্যবহার অনেক খারাপ পরিণতি নিয়ে আসতে পারে।
প্লাজমা থেরাপির ১০০ বছরের বেশি ইতিহাস থাকা সত্ত্বেও এটি ব্যবহারের পক্ষে কখনই বড় আকারের পরীক্ষা করা হয়নি। বর্তমানে বহু ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালিত হচ্ছে, ফলাফল যা-ই হোক না কেন, আমরা অবশ্যই প্লাজমা সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং নিরাপদে ব্যবহারের সবচেয়ে কার্যকরী উপায়গুলো সম্পর্কে হয়তো অনেক কিছু শিখব। আশা করি, প্লাজমা সম্পর্কে নতুন করে অর্জিত জ্ঞান আমাদের ভবিষ্যতের মহামারীগুলোর জন্যও মূল্যবান হবে। কিন্তু পরীক্ষামূলক গবেষণা সম্পন্ন হয়ে সুনির্দিষ্ট নীতিমালা বা গাইডলাইন না হওয়া পর্যন্ত রোগীর চিকিৎসায় এর যত্রতত্র ব্যবহার খুব খারাপ পরিণতি নিয়ে আসতে পারে। পরীক্ষামূলক গবেষণা যদি হয় তাহলে এক রকম, কিন্তু যদি এটি ব্যাপক হারে ব্যবহার শুরু হয়, কিছু দেশ যেটা করছে, সেখানেও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। আমি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সব অথরিটিকে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ করছি।
লেখক: সহকারী অধ্যাপক, অণুজীব বিজ্ঞান বিভাগ ও সিন্ডিকেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়










