স্বাস্থ্য খাত দুর্বৃত্তায়ণের চিরায়ত চক্র থেকে বেরোতে পারছে না। দেশের এ গুরুত্বপূর্ণ খাতে নিয়মিত বিরতিতে অনিয়ম-দুর্নীতির খবর সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে আসছে। বরাবরই বলা হয়, স্বাস্থ্য খাতে জিডিপি অনুপাতে বরাদ্দ খুব অপ্রতুল; কিন্তু এই সীমিত বরাদ্দের চেয়েও বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এর উল্লেখযোগ্য অংশ লুটপাট হয়ে যাচ্ছে। নিকট অতীতের কিছু উদাহরণ দেয়া যাক। ফরিদপুর মেডিকেলে ১০ হাজার টাকার ডিজিটাল ব্লাড প্রেসার মেশিন কেনা হয়েছে ১০ লাখ ২৫ হাজার টাকায়, আর কলেজসংলগ্ন এলাকায় একটি গাছ লাগাতে খরচ হয়েছে সাড়ে ৫ লাখ টাকা। কয়েক হাজার টাকার এক সেট পর্দার দাম পড়েছে ৩৭ লাখ ৫০ হাজার টাকা! রংপুর মেডিকেল কলেজেও সমরূপ অবস্থা। সেখানকার কর্তৃপক্ষ ২০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা দামের প্রতিটি ডেন্টাল চেয়ার কিনেছে সাড়ে ৫৬ লাখ টাকায়। ব্যতিক্রম নয় দিনাজপুর মেডিকেল কলেজের চিত্রও। সেখানে প্রতিটি ডেন্টাল চেয়ার কেনা হয়েছে ১৮ লাখ টাকায়। আবার কোনো কোনো কেনাকাটায় দেখা যায়, ‘কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই’। মানে যন্ত্রপাতি সরবরাহ ছাড়াই শত শত কোটি টাকার বিল তুলে নেয়া হয়েছে যোগসাজশে। সাম্প্রতিক সময়ে ঘটেছে মাস্ককাণ্ড। এন৯৫ মাস্কের কথা বলে কেনা হয়েছে নিম্নমানের মাস্ক, সেগুলো সরবরাহের পর প্রশ্ন উঠলে কিছু হাসপাতাল থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। ঘটনাটিকে ব্যাখ্যা করা হয়েছে ‘ভুলবশত’ হিসেবে। বলতে গেলে স্বাস্থ্য খাতে একের পর এক অনিয়মই যেন স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছে। অভিযোগ রয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কার্যালয়ে কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে দুর্নীতির একটি শক্তিশালী দুষ্ট বলয় তৈরি হয়েছে। তারা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ওষুধ, সরঞ্জাম ও যন্ত্রপাতি ক্রয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সমন্বয়ে সিন্ডিকেট গঠন করে স্বাস্থ্য খাতে জনসাধারণের জন্য বরাদ্দকৃত সরকারি বাজেটের অর্থ আত্মসাৎ করছে। ফলে প্রত্যাশিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ; অপচয় হচ্ছে অর্থেরও। গত বছর দুর্নীতি দমন কমিশন স্বাস্থ্য খাতে কেনাকাটা, নিয়োগ, পদোন্নতি, বদলি, পদায়ন, চিকিৎসাসেবা, চিকিৎসাসেবায় ব্যবহূত যন্ত্রপাতি ব্যবহার, ওষুধ সরবরাহসহ ১১টি দুর্নীতির ক্ষেত্র চিহ্নিত করেছিল। সংস্থাটি এসব দুর্নীতি প্রতিরোধে ২৫ দফা সুপারিশও করেছিল। কারো শাস্তি দূরে থাক, উল্লিখিত সুপারিশগুলোর মধ্যে একটিরও বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে এ পর্যন্ত জানা যায়নি। এটা দুঃখজনক।
দায়মুক্তির বিরাজমান পরিবেশের মধ্যেই স্বাস্থ্য খাতে উঠে এসেছে দুর্নীতির এক নতুন চিত্র। খবরে প্রকাশ, বর্তমান সময়ের বাস্তবতায় বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণে পিপিই, ভেন্টিলেটর, মাস্ক, গগলসসহ বিভিন্ন স্বাস্থ্য সরঞ্জাম কেনার উদ্যোগ গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু এসব স্বাস্থ্য সরঞ্জাম কেনায় যে খরচ ধরা হয়েছে, তা বর্তমান বাজারদরের চেয়ে দুই থেকে চার গুণ বেশি। এটি স্পষ্টতই বড় ধরনের দুর্নীতির ইঙ্গিতবাহী। কাজেই বিষয়টিকে হেলায় নেয়ার সুযোগ নেই।
আরেকটি বিষয় লক্ষণীয়, চলমান করোনা মহামারীতে চিকিৎসা উপকরণের দিকে অধিক মনোযোগ দেয়া প্রয়োজন হলেও স্বাস্থ্য অধিদপ্তরের বেশি ঝোঁক চিকিৎসাবহির্ভূত খাতে। দেখা যাচ্ছে, চিকিৎসা সরঞ্জামে যত অর্থ খরচ করা হচ্ছে, তার চেয়ে তুলনামূলক বেশি অর্থ ব্যয় হচ্ছে সফটওয়্যার, ওয়েবসাইট, সেমিনার, কনফারেন্স ও পরামর্শক খাতে। এ প্রবণতাও দুর্নীতির সঙ্গে যুক্ত। বর্তমানে মানুষসহ নীতিনির্ধারণী মহল যেহেতু চিকিৎসা সরঞ্জামের বিষয়ে বেশি মনোযোগী, সেহেতু এক্ষেত্রে দুর্নীতি হলে প্রশ্নও উঠবে এন্তার। স্বাভাবিকভাবে চিকিৎসাবহির্ভূত খাতই এখন দুর্নীতির ভালো ক্ষেত্র বৈকি। একটি বিষয় থেকে সেটি আরো পরিষ্কার হয়েছে। সম্প্রতি করোনা মোকাবেলায় জরুরি বিবেচনায় এ-সংক্রান্ত একনেকে দুটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্প দুটিতে অর্থ খরচের ব্যাপারে রয়েছে ব্যাপক ত্রুটি-বিচ্যুতি। যেজন্য প্রাক্কলিত খরচে পরিকল্পনা কমিশন আপত্তিও জানিয়েছে। সুতরাং চিকিৎসাবহির্ভূত খাত যে স্বাস্থ্য খাতে দুর্নীতির নতুন ক্ষেত্র হয়ে উঠছে, তা সহজেই অনুমেয়।
বলার অপেক্ষা রাখে না, করোনা মহামারীতে দেশ জেরবার। ঊর্ধ্বমুখী সংক্রমণ কীভাবে সামাল দেয়া যাবে, তা নিয়ে রাষ্ট্রীয় নেতৃত্ব চিন্তিত। এই সংকটজনক পরিস্থিতিতে কভিড-১৯ মোকাবেলায় বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক যে ঋণ নিয়ে এগিয়ে এসেছে, তা আমাদের জন্য সন্দেহাতীতভাবে ভালো খবর। এমনিতেই নানা প্রণোদনা ও সহায়তা দিতে গিয়ে রাষ্ট্রীয় কোষাগারে বেশ টান পড়েছে। সেই বিবেচনায় এ ঋণ আমাদের স্বাস্থ্য খাতের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। কিন্তু এ ঋণের অর্থ ব্যয়ের ক্ষেত্রে অবশ্যই স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। প্রধানমন্ত্রী নিজে উপর্যুপরিভাবে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি ঘোষণা দিয়ে আসছেন। তার মানে রাষ্ট্রীয় নেতৃত্ব দুর্নীতি দমনে বদ্ধপরিকর। এমন এক অবস্থায় স্বাস্থ্য খাতের কেনাকাটাসহ ঋণ ব্যবহারে অনিয়মের যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নইলে এ খাতে সুশাসন প্রতিষ্ঠা যেমন দুরূহ হবে, তেমনি দাতা সংস্থার কাছে দেশের ভাবমূর্তি সংকটে পড়বে বৈকি।










