প্রধানমন্ত্রী বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলা করতে কয়েক দফায় বিপুল অংকের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। বাংলাদেশ ব্যাংক ৩০ হাজার কোটি টাকার নোট ছাপানোর অনুমতি পেয়েছে। পৃথিবীর সব কয়টি দেশ একযোগে একসঙ্গে অর্থনৈতিক মন্দার দিকে ধাবমান। পৃথিবী এমন অবস্থা এর আগে আর কখনো দেখেনি, এবারই প্রথম। ১৯৩০ সালে আমেরিকায় যে মহামন্দা শুরু হয়েছিল, তার স্থায়িত্বকাল ছিল ১০ বছর এবং সীমাবদ্ধ ছিল কেবল মাত্র আমেরিকায়। অর্থনীতিবিদ জে. এম. কেইনসের মন্ত্রণায় সেবার আমেরিকা রক্ষা পেয়েছিল। কেইনসকে বলা হয় সামষ্টিক অর্থনীতির জনক। এবার বিশ্বব্যাপী দেখা দেবে মহামন্দা। কে দেবে মন্ত্রণা! সব দেশের সামনে এবার বিশাল চ্যালেঞ্জ!

বাংলাদেশের প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ মোকাবেলায় অত্যন্ত সাহসী এবং সিদ্ধহস্ত। ২০০৯ সালে তিনি দ্বিতীয়বার যখন ক্ষমতায় বসলেন, বিশ্বের আর্থিক সংকটের ঢেউ তখনো থামেনি। চলছে অর্থনৈতিক শিথিলতা, প্রবৃদ্ধি নিম্নগামী। এ সময় বিশ্বের বাঘা বাঘা দেশ যখন সংকট মোকাবেলা করতে হিমশিম খাচ্ছিল, তখন তিনি বাংলাদেশে তার আঁচড় লাগতে দেননি। কৃষি খাতে প্রচণ্ড জোর দিয়ে খাদ্য ঘাটতির দেশকে করলেন খাদ্য উদ্বৃত্তের দেশ। দেশের মানুষ বুঝতেই পারেনি কত বড় সংকট, কত বড় ধাক্কা থেকে বেঁচে গিয়েছিল তারা। তার পর থেকে প্রধানমন্ত্রীর উন্নয়ন চিন্তা আর গতিশীল নেতৃত্বে দেশ ধাপে ধাপে এগিয়ে যাচ্ছিল। বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিতে মুগ্ধ হয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন মন্তব্য করেছিলেন, ‘বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।’ ওয়াল্ট হুইটম্যান রাষ্ট্র উন্নয়ন অর্থনীতির যে পাঁচটি স্তরের কথা বলেছেন, বাংলাদেশ বোধ করি তৃতীয় স্তর ‘টেক-অফ’-এ সবেমাত্র পা দিয়েছিল। আর সে সময়েই আক্রমণ করল নভেল করোনাভাইরাস বা কভিড-১৯। এ আক্রমণকে আমাদের প্রধানমন্ত্রী যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। জনগণের জীবন ও জীবিকা রক্ষার জন্য তিনি প্রায় প্রতিদিন তৃণমূল মানুষের সঙ্গে কথা বলছেন, উপদেশ দিয়ে যাচ্ছেন, প্রশাসনের সঙ্গে সবসময় যোগাযোগ রাখছেন, নির্দেশনা দিচ্ছেন। অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে নানা রণনীতি বাস্তবায়ন করছেন এবং প্রণোদনার কাজও শুরু করে দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী যেভাবে কাজ করে যাচ্ছেন, তার যে উন্নয়ন দর্শন এবং গতিশীল নেতৃত্ব, ২০০৯ সালের আর্থিক সংকটকালীন শেষ সময়ে তিনি যেভাবে অর্থনৈতিক সংকট মোকাবেলা করেছিলেন, এবারো কি আমরা আশা করতে পারি যে প্রধানমন্ত্রী অর্থনৈতিক মন্দার আঁচ কাউকে লাগতে দেবেন না!

অর্থনৈতিক মন্দায় যে ঘটনাটি ঘটে, তা হলো ‘চাহিদার পতন’। এ সময় মানুষ কাজ হারায়। মানুষের কাজ নেই তো আয় নেই, আর আয় নেই তো ক্রয়ক্ষমতা নেই। ক্রয়ক্ষমতা নেই তো উৎপাদিত দ্রব্যের চাহিদা নেই। উৎপাদিত দ্রব্যের চাহিদা না থাকলে উৎপাদনকারীরা উৎপাদন হ্রাস করেন, আর শ্রমিক ছাঁটাই করেন। ফলে সমাজে কাজ হারানো মানুষ বৃদ্ধি পায়। যতই কাজ হারানো মানুষ বৃদ্ধি পায়, ততই চাহিদা কমে যায়। পরিণামে আবার উৎপাদন হ্রাস পায় আবার শ্রমিক ছাঁটাই হয়। একবার কোনো কারণে চাহিদার পতন ঘটলে উৎপাদন হ্রাস ও শ্রমিক ছাঁটাই পর্যায়ক্রমে দুষ্ট চক্রাকারে ঘুরতে থাকে। ফলে সমাজে নেমে আসে বিপর্যয়।

প্রশ্ন হলো, এখান থেকে পরিত্রাণের উপায় কী? উপায় একটাই, তা হলো, ‘চাহিদা সৃষ্টি’। কে করবে চাহিদা সৃষ্টি? প্রখ্যাত অর্থনীতিবিদ কেইনস, যিনি আমেরিকাকে ১৯৩০-এর দশকের মহামন্দা থেকে রক্ষা করেছিলেন। তিনি বলেছেন, একমাত্র সরকারই পারে চাহিদা সৃষ্টি করতে। কীভাবে? নানা উপায় বাতলে দিয়েছিলেন কেইনস। তার মধ্যে সরকারের খরচ বৃদ্ধি এবং সেই সঙ্গে গরিব মানুষের আয় সৃষ্টি অন্যতম। যেমন গ্রামীণ ভৌতিক অবকাঠামো বা রাস্তাঘাট উন্নয়নে সরকারের খরচ বৃদ্ধি। এতে দ্ব্বিমুখী চাহিদা সৃষ্টি হবে। রাস্তাঘাট উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত শ্রমিকশ্রেণীর আয় বাড়বে, চাহিদা সৃষ্টি হবে। সেই সঙ্গে যোগাযোগ উন্নয়নের ফলে গ্রামীণ কৃষিদ্রব্যের চাহিদা শহরেও বৃদ্ধি পাবে। এতে  গ্রামীণ কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আয় বাড়বে। গ্রামের আয় বৃদ্ধির ফলে শহরের উৎপাদিত শিল্পদ্রব্যের চাহিদাও গ্রামে বৃদ্ধি পাবে। কেইনস গরিব মানুষের একটি সংজ্ঞা দিয়েছেন। তার মতে, গরিব মানুষ তারাই, যারা তাদের আয়ের পুরোটাই খরচ করে। তিনি আরো বলেছেন, গরিবরা  উন্নয়নের চাবিকাঠি। কারণ ধনী মানুষের আয় বাড়লে চাহিদা আগের মতোই থেকে যায়, চাহিদা বাড়ে না। ফলে উৎপাদন বাড়ে না। অন্যদিকে গরিব মানুষের আয় বাড়লে চাহিদা বেড়ে যায়। ফলে চক্রাকারে উৎপাদন বৃদ্ধি ঘটে। যেমন ধরা যাক, সরকার গ্রামীণ রাস্তা উন্নয়নে ৫০০ কোটি টাকা খরচ করবে। এখান থেকে শ্রমিক যে মজুরি পাবেন, তা দিয়ে তিনি চাল কিনবেন। চালের দোকানদারের যে আয় বাড়বে, তা থেকে তিনি একটা সেলফোন কিনবেন। সেলফোন বিক্রেতার যে আয় বাড়বে, তা থেকে তিনি তার কলেজপড়ুয়া ছেলেটির জন্য একটা কম্পিউটার কিনবেন। কম্পিউটার বিক্রেতার যে আয় বাড়বে, তা থেকে তিনি তার পরিবারের বহুদিনের সাধ একটি রঙিন টেলিভিশন কিনবেন। রঙিন টেলিভিশন বিক্রেতার আয় বাড়লে তা থেকে তার ব্যক্তিগত চলাফেরার জন্য একটা প্রাইভেট কার কিনবেন। এভাবে চক্রাকারে সব সেক্টরে উৎপাদন বেড়ে যাবে। এই ৫০০ কোটি টাকায় রাস্তাঘাট না করে এ টাকা যদি কোনো ধনী ব্যক্তি বা বিনিয়োগকারীকে দেয়া হতো, তাহলে কি উৎপাদন বাড়ত? না। কারণ নতুন চাহিদার সৃষ্টি না হলে উৎপাদনকারীরা উৎপাদন বাড়ান না। আর এই নতুন চাহিদা সৃষ্টির ভিত্তি স্তর হলো গরিব বা শ্রমিকের আয়। গরিব বা শ্রমিকের হাতে টাকা দিলে চক্রাকারে সব সেক্টরে নতুন চাহিদার সৃষ্টি হয়।

আবার দেখা যায় এনজিওরা গরিব মানুষকে শর্তসাপেক্ষে অর্থ দিয়ে বহুগুণে চাহিদার বৃদ্ধি ঘটায়। একজন হতদরিদ্র ১০০ টাকা ঋণ নিয়ে একটি ছাগলের বাচ্চা কিনে লালন-পালন করে, তা যখন কোরবানির ঈদের আগে ৫ হাজার টাকা বিক্রি করে, তখন তার ১০০ টাকার চাহিদার স্থলে ৫ হাজার টাকার চাহিদা অর্থাৎ ৫০ গুণ চাহিদার সৃষ্টি হয়।

অনেক উন্নত দেশে, বিশেষত যুক্তরাজ্যে কর্মহীন মানুষকে বেকার-ভাতা দেয়া হয়। শুধু তাই নয়, সরকার থেকে এসব বেকারকে কর্মে উৎসাহিত করা হয়, কাজ খুঁজে দেয়া হয়। একজন নিম্নবিত্তের মানুষ কাজ পেলে মজুরি ও বেকার ভাতা দুটোই পেতে পারে, যদি না মোট আয় সরকার কর্তৃক বেঁধে দেয়া ঊর্ধ্বসীমা অতিক্রম না করে। ঊর্ধ্বসীমার মাত্রাটা এমন, যার দ্বারা সঞ্চয় সম্ভব নয়, পুরোটাই খরচ করতে হয়। ফলে চাহিদা বাড়ে, উৎপাদন বৃদ্ধি পায়। অন্যদিকে সুইডেনে একজন কর্মজীবী চাকরি হারালে তার বেকার ভাতা হয় পূর্বোক্ত চাকরির বেতনের সমান। ফলে চাকরি হারালেও চাহিদার ঘাটতি হয় না। চাহিদা আগের মতোই থাকে এবং উৎপাদন কখনই নিম্নমুখী হয় না। সুইডেন তার কোনো নাগরিকের জীবনযাত্রার মান কখনই নিম্নমুখী হতে দেয় না, সে সকার হোক আর বেকার। তাই তাদের বেকার ভাতা হারানো চাকরির বেতনের সমান। সুইডেনকে বলা হয় ‘কল্যাণ রাষ্ট্র’। 

পৃথিবীর বিভিন্ন দেশের সরকার বিভিন্নভাবে নিম্নবিত্ত ও গরিব মানুষদের অর্থের জোগান দিয়ে চাহিদা ধরে রেখে অর্থনীতিকে চাঙ্গা রেখেছে। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের সরকার কতটুকুই বা অর্থের জোগান দিতে পারে! মন্দার সময় তো অবস্থা আরো ভয়ংকর রূপ ধারণ করে। এ সময় শিল্প-কারখানা বন্ধ হয়ে যায় বা উৎপাদন কমে যায়। ফলে সরকারের রাজস্ব আয় কমে যায়। এই বিপদকালীন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন এবং বাংলাদেশ ব্যাংক ৩০ হাজার কোটি টাকার নোট ছাপানোর ঘোষণা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের ৩০ হাজার কোটি টাকার মুদ্রা ছাপানোর কথা শুনে মুদ্রাম্ফীতির ভয়ে অনেকে আঁতকে  উঠেছেন। এখানে জেনে রাখা ভালো, মুদ্রাম্ফীতি দুটো কারণে ঘটে। যদি উৎপাদন খরচ বৃদ্ধির কারণে দাম বাড়ে, তাকে বলা হয় ‘খরচ-ধাক্কা মুদ্রাম্ফীতি’। খরচ-ধাক্কা মুদ্রাম্ফীতি হলে ক্রেতার আয় বাড়ে না, কিন্তু জিনিসের দাম বেড়ে যায়। ফলে ক্রেতা আগের মতো জিনিস কিনতে পারেন না, কম পরিমাণ দ্রব্য কেনেন। পরিণামে উৎপাদন কমে যায়, কর্মী ছাঁটাই হয়। খরচ-ধাক্কা  মুদ্রাম্ফীতি তাই অর্থনীতির জন্য ক্ষতিকর। অন্যদিকে মানুষের আয় বাড়লে চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে দাম বাড়ে, যাকে বলে ‘চাহিদামুখী মুদ্রাম্ফীতি’। চাহিদামুখী মুদ্রাম্ফীতি উৎপাদন বাড়ায় এবং সেই সঙ্গে কর্মসংস্থান বাড়ায়। একমাত্র কেইনস ছাড়া পৃথিবীর সব অর্থনীতিবিদ জিনিসের দাম বাড়া বা টাকার মান কমে যাওয়াকে মুদ্রাস্ফীতি হিসেবে সংজ্ঞায়িত করেছেন। চাহিদা বৃদ্ধির কারণে দাম বাড়লে একে মুদ্রাম্ফীতি বলতে নারাজ কেইনস। কেননা চাহিদা বৃদ্ধিই তো উৎপাদন বাড়ায় এবং কর্মসংস্থান বৃদ্ধি করে, যা অর্থনীতির জন্য আশীর্বাদ। কাজেই অর্থনেতিক মন্দা মোকাবেলায় প্রধানমন্ত্রীর প্রণোদনা ও মুদ্রানীতি মডেল কতটুকু উৎপাদন বৃদ্ধিতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে, সেটাই বড় কথা; মুদ্রাম্ফীতি বড় কথা নয়।

প্রধানমন্ত্রী প্রণোদনা ও মুদ্রানীতি মডেল নিজের মতো করে বাস্তবায়ন করছেন। নিম্নলিখিত পরামর্শ তার উন্নয়ন চিন্তাকে আরো প্রখর করতে পারে:

প্রথমত, সবাইকে কাজে ফিরিয়ে আনতে হবে। এটাই হবে সরকারের প্রথম ও প্রধান কাজ। নোবেল পুরস্কার বিজয়ী  অভিজিৎ ও এস্তার গত ৩ এপ্রিল আনন্দবাজার পত্রিকায় এক সাক্ষাত্কারে সেই তাগিদই দিয়েছেন। সবাই কাজে ফিরলে নিম্নবিত্ত ও শ্রমিকের আয় সৃষ্টি হবে, আয় চাহিদা সৃষ্টি করবে, আর চাহিদা উৎপাদন বৃদ্ধির ওপর প্রভাব ফেলবে। এটা করতে গেলে প্রণোদনা প্যাকেজের সঙ্গে শর্ত জুড়ে দিতে হবে। যেমন (ক) যারা প্রথম ধাপেই শতভাগ শ্রমিক-কর্মচারীদের কাজে ফিরিয়ে আনতে পারবেন, তারা প্রণোদনার শতভাগই পাবেন এবং সঙ্গে থাকবে সরকার কর্তৃক ঘোষিত পুরস্কার। (খ) যে যত ভাগ শ্রমিক-কর্মচারী কাজে ফিরিয়ে আনতে পারবেন, সে তত ভাগ প্রণোদনা পাবে এবং পর্যায়ক্রমে শতভাগ শ্রমিক-কর্মচারী যখন কাজে ফিরবেন, তখন প্রণোদনা শতভাগে উন্নীত হবে। সরকার যদি এ নীতি গ্রহণ করে যে প্রথম ধাপেই শতভাগ শ্রমিক-কর্মচারী কাজে ফেরাতে না পারলে কোনো প্রণোদনা পাবে না, তাহলে এটা হবে আত্মঘাতী। (গ) অন্যদিকে বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে, ঋণখেলাপিরা কোনো প্রণোদনা পাবে না। এ নীতিও বর্তমান প্রেক্ষাপটে গ্রহণযোগ্য নয়। এখন প্রয়োজন সবাইকে কাজে ফিরিয়ে আনা এবং অর্থনীতিকে দ্রুত চাঙ্গা করা। এ সময়ে একটার সঙ্গে আরেকটার প্যাঁচ লাগিয়ে অর্থনীতির গতিকে শ্লথ করা সমীচীন হবে না।

দারিদ্র্যপীড়িত ও নিম্নবিত্ত মানুষের হাতে প্রচুর নগদ অর্থ পৌঁছাতে হবে, সেটা কাজের বিনিময়ে হোক কিংবা দান  হোক, যেটাই হোক না কেন। তারাই চাহিদা সৃষ্টির প্রধান চালিকাশক্তি। প্রধানমন্ত্রী এরই মধ্যে এ খাতে ১ হাজার ২৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন, যার উপকারভোগী হবে দুই কোটি মানুষ। বলা চলে প্রধানমন্ত্রী কেইনসীয় পথেই হাঁটছেন।

বিভিন্ন এনজিও ও গ্রামীণ ব্যাংকের মাধ্যমে হতদরিদ্র, দারিদ্র্যপীড়িত এবং নিম্নবিত্ত মানুষকে আয়মূলক কর্মকাণ্ডে সম্পৃত্ত করতে হবে, যাতে এরা বহুগুণে চাহিদা বৃদ্ধি করে উৎপাদনের গতিশীলতা  ত্বরান্বিত করতে পারে।

অনেক সংস্থাকে রাস্তার মানুষকে খাবার দিতে দেখা যায়। এ প্রবণতা অর্থনীতিতে কোনো অবদান রাখে না। খাবারের পরিবর্তে নগদ সহায়তা দিতে হবে অথবা খাবার ও অর্থ দুটোই সমানতালে দিতে হবে, নইলে চাহিদা সৃষ্টি হবে না।

সরকার কর্তৃক চাল, গম সরাসরি না দিয়ে এগুলো মনিটাইজড করে নগদ অর্থ প্রদান করতে হবে। এ অর্থ চাহিদা সৃষ্টিতে অবদান রাখবে। ১৯৮০-এর দশকে বিশ্ব খাদ্য সংস্থা এভাবে দারিদ্র্যপীড়িত মানুষের মাঝে চাহিদা সৃষ্টিতে সহায়তা করত।

প্রণোদনার অর্থ বাড়াতে হবে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ সেই কথাটিই বলেছেন। বাংলাদেশে ১৭ কোটি মানুষের জন্য প্রণোদনা ৭২ হাজার ৭৫০ কোটি, যা মাথাপিছু দাঁড়ায় টাকা ৪ হাজার ২৮০ টাকা। আর ভারতে ১৩০ কোটি মানুষের দেশে প্রণোদনা ২০ লাখ কোটি রুপি। বাংলাদেশী টাকায় ভারতের মাথাপিছু প্রণোদনা বাংলাদেশের তুলনায় প্রায় পাঁচ গুণ বেশি। দরকার হলে বাংলাদেশে প্রণোদনা আরো বাড়াতে হবে।

‘কেন্দ্রীয় মনিটরিং সেল’ গঠন করতে হবে, যার প্রধান কাজ হবে যেসব সেক্টরে সরকার প্রণোদনা দিচ্ছে, সেসব সেক্টরে মানুষ কতটুকু কাজে ফিরে আসছে, তার তদারক করা। প্রধানমন্ত্রী প্রতিদিন যেমন নভেল করোনাভাইরাস নিয়ে কথা বলছেন, তেমনি সংশ্লিষ্টদের সঙ্গে কর্মসংস্থান নিয়ে কথা বলবেন। সেলের কর্মকর্তারা সংশ্লিষ্ট সংস্থার তথ্য দেবেন। মনে রাখতে হবে কর্মসংস্থানই চাহিদার সৃষ্টি করবে, উৎপাদন বাড়াবে, অর্থনীতি চাঙ্গা করবে।

জীবন আগে, না জীবিকা আগে! নোবেল বিজয়ী অভিজিৎ, যিনি দারিদ্র্য নিয়ে কাজ করেছেন, তার মতে, ‘দারিদ্র্যপীড়িত কর্মজীবী মানুষকে এক সপ্তাহও ঘরে আটকে রাখা যায় না। দীর্ঘমেয়াদে এরা ঘর ভেঙে বেরিয়ে পড়বে। তখন না থাকবে কাজ, না থাকবে খাবার। সবকিছুই তখন আয়ত্তের বাইরে চলে যাবে। তার মতে, কিছু লোককে মারা যেতে দিতে হবে, উপায় নেই, কিন্তু কর্মক্ষেত্র খোলা রাখতে হবে। তবে অবশ্যই কর্মক্ষেত্রে কঠোর সাবধানতা আবলম্বন করতে হবে।

আমেরিকার লেবার ডিপার্টমেন্ট গত ৮ মে যে রিপোর্ট করেছে, তাতে বলা হয়েছে, লকডাউনের কারণে আমেরিকায় এপ্রিলে বেকারত্ব বেড়ে ১৪ দশমিক ৭ শতাংশ হয়েছে, যেটা ছাড়িয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুুদ্ধ-পরবর্তী ১০ দশমিক ৮ শতাংশ হারকেও।  ট্রাম্প প্রশাসন সবকিছু খুলে দেয়ার ঘোষণা দিয়েছে। বিলেতেও ধীরে ধীরে কর্মক্ষেত্রের দুয়ার খুলে দিচ্ছেন বরিস জনসন। পাকিস্তান করোনায় বাড়তি মৃত্যুহারের মধ্যেও শিল্প-কারখানা খুলে দিয়েছে।  ভারতের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, করোনার মধ্যেই বাঁচতে শিখতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে বার্তা দিয়েছে, তাতে কভিড-১৯ পৃথিবী থেকে চিরতরে কখনো নির্মূল হবে না। এই যদি হয় বাস্তবতা, আর কি কালক্ষেপণ করা উচিত? নোবেল বিজয়ী অভিজিতের আশঙ্কা পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গেলে সামাল দেয়া কঠিন হবে। এখন উচিত কাজের দুয়ার খুলে দেয়া এবং সেই সঙ্গে কঠিন নিয়ম বেঁধে দেয়া। পথ চলতে এবং কর্মক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ হাত গ্লাভস ও মাস্ক আবিশ্যিক করা। না মানলে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়েরই কঠিন জরিমানা করা। মানুষ বারবার জরিমানা দেবে না, বরং নিজের সুরক্ষার জন্য এবং জরিমানার ভয়ে হাত গ্লাভস ও মাস্ক পরেই পথ চলবে এবং কর্মক্ষেত্রে কাজ করবে। এখন প্রয়োজন সারা বাংলাদেশকে তিনটি জোনে ভাগ করা। যেসব এলাকায় নভেল করোনাভাইরাস নেই, সেসব এলাকা ‘গ্রিন জোন’ হিসেবে ঘোষণা করা এবং এলাকাবাসীদের অবাধে কাজ করার সুযোগ করে দেয়া। যেসব এলাকায় নভেল করোনাভাইরাস ধরা পড়েছে অথচ কেউ মারা যায়নি, সেসব এলাকা ‘ইয়োলো  জোন’ হিসেবে ঘোষণা করা। আক্রান্ত লোকদের কঠোর ‘হোম লকডাউনে’ রেখে বাকিদের হাতে গ্লাভস ও মাস্ক পরে কাজ করার সুযোগ করে দেয়া। ব্যাপক আক্রান্ত এলাকাকে ‘রেড জোন’ হিসেবে ঘোষণা করা। রেড জোন এলাকাবাসীদের সবার জন্য হোম লকডাউনে প্রযোজ্য। অনুরূপভাবে শিল্প-কারখানা তিন ভাগে ভাগ করে কার্যকরী ব্যবস্থা নেয়া যায় কিনা, সেটাও চিন্তা করে দেখা যেতে পারে। কাজ থেকে বিরত রাখলে দেশকে দেখতে হবে পঙ্গু অর্থনীতি, ভয়ংকর অরাজকতা এবং পথে-প্রান্তরে মরদেহের সারি।

 

ড. মফিজুল ইসলাম: উপাচার্য, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়